সর্বশেষ

২ হাজার ৪৯০ কোটির ধাক্কা সামলেও ধনীদের তালিকায় শীর্ষে শাহরুখ

সম্পদের হিসাবে বড় ধাক্কা, কমল হাজার হাজার কোটি তবু শাহরুখ খানের রাজত্বে পড়েনি ভাটা। কারণ সুখবর হলো, সম্পদের অঙ্ক কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ঠিকই ধরে রেখেছেন বলিউড বাদশাহ।   ২০২৬ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন শাহরুখ খান। এবারের তালিকায় তার আনুমানিক সম্পদের পরিমাণ ধরা হয়েছে ১০ হাজার কোটি রুপি।   ২০২৫ সালের তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরের ব্যবধানে এবারের হিসাবে তার সম্পদ কম দেখানো হয়েছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবে এর অর্থ এই নয় যে শাহরুখ বাস্তবে এক বছরে এত অর্থ হারিয়েছেন।   হুরুনের এই হিসাব মূলত বিভিন্ন ব্যাবসা, বিনিয়োগ ও সম্পদের আনুমানিক মূল্যায়নের ওপর নির্ভর করে। বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মূল্যায়ন পরিবর্তিত হলে মোট সম্পদের হিসাবেও বড় পার্থক্য দেখা দিতে পারে। শাহরুখের সম্পদের মধ্যে রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ব্যাবসায়িক স্বার্থ। জমি-বাড়ি, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের মূল্যও এই হিসাবের অংশ।   এর আগে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি ধরা হয়েছিল। অর্থাৎ বিভিন্ন তালিকায় তার সম্পদের হিসাবেও কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।   অন্য অভিনেতাদের অবস্থানও এবার বেশ আলোচনায়। তালিকায়—   আমিতাভ বাচ্চান: আনুমানিক সম্পদ ৪ হাজার কোটি রুপি। ২০২৫ সালে তার সম্পদের হিসাব ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি।   সালমান খান : আনুমানিক সম্পদ ৩ হাজার কোটি রুপি।   হৃতিক রোশান : আনুমানিক সম্পদ ২ হাজার ৫০০ কোটি রুপি। ২০২৫ সালে তার সম্পদের হিসাব ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। তার ফিটনেস ও জীবনধারাভিত্তিক ব্র্যান্ড এইচআরএক্সও তার ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ।   তবে তালিকায় এবার নেই জুহি চাওলা ও কারাণ জোহর। ২০২৫ সালের তালিকায় জুহি চাওলার সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি এবং কারাণ জোহরের ১ হাজার ৮৮০ কোটি রুপি।   শুধু অভিনেতারাই নন, চলচ্চিত্র ব্যাবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এবারের তালিকায় জায়গা পেয়েছেন। ‘রামায়ণ’ সিনেমার প্রযোজক নমিত মালহোত্রার বাবা নরেশ মালহোত্রার আনুমানিক সম্পদ ১৬ হাজার কোটি রুপি। এছাড়া প্রযোজক ভূষণ কুমার, রনি স্ক্রুওয়ালা ও কালানিথি মারানের নামও রয়েছে তালিকায়।   এদিকে সম্পদের হিসাবের এই চমকের পর শাহরুখের ভক্তদের নজর এখন তার নতুন সিনেমা ‘কিং’-এর দিকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অাভিষেক বাচ্চান ও সুহানা খান। রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও জ্যাকি শ্রফকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।   সূত্র : হিন্দুস্তান টাইমস

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৪, ২০২৬
শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের

  শান্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।   নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।   আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   ফিলিপাইন, ইতালি এবং জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইম্যান) যৌথভাবে বৈঠকটির আয়োজন করে।   নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বৈঠকে এর বাস্তবায়ন ও জবাবদিহিতার ওপর মূল আলোকপাত করা হয়।   ২০০০ সালে নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে এই প্রস্তাবের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করে শামা ওবায়েদ শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তগুলোতে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।   তিনি নারীদের নেতৃত্বে প্রাথমিক সতর্কতা ও মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার করা, শান্তি আলোচনায় আরও বেশি নারী অন্তর্ভুক্ত করা এবং জলবায়ু ও মানবিক পদক্ষেপে ডব্লিউপিএস এজেন্ডাকে অন্তর্ভুক্ত করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।   পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে তাদের দ্বিতীয় ‘ডব্লিউপিএস ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রস্তুত করছে।   এ ছাড়া, নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপব্যবহারের বিষয়গুলো মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’ তুলে ধরেন তিনি। একই সঙ্গে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোকে এর আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।   বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রাইভেসি সংক্রান্ত বিতর্কের মুখে ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা

বিশ্বজুড়ে গোপনীয়তা লঙ্ঘন এবং নারীদের অজান্তে তাদের ভিডিও বা ছবি ধারণ করা নিয়ে উদ্বেগের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একাধিক নতুন পরিধানযোগ্য প্রযুক্তি বা ‘ওয়্যারাবল’ উন্মোচন করেছে মেটা। এর মধ্যে রয়েছে ক্যামেরাবিহীন, শুধু অডিও সুবিধা সম্বলিত এক জোড়া স্মার্ট চশমা।   মেনলো পার্কে মেটার সদর দফতরে আয়োজিত বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ চশমার এই নতুন লাইনআপের ঘোষণা দেন। সেখানে তিনি তাদের নতুন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’-এর সুবিধাও তুলে ধরেন।   খবর বার্তা সংস্থা এএফপি’র।    ডেভেলপার ও শীর্ষ নির্বাহীদের উদ্দেশে জাকারবার্গ বলেন, ‘বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ২০০ কোটি মানুষ চশমা ব্যবহার করেন। আমরা মনে করি যে আগামী বছরগুলোতে তাদের বড় একটি অংশ এআই চশমায় উন্নীত হবে।’   স্মার্ট চশমা ও অন্যান্য ডিভাইসে থাকা ক্ষুদ্র ক্যামেরার মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘনের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অভিযোগের প্রেক্ষিতে এই অডিও-ভিত্তিক চশমা বাজারে আনছে মেটা। সমালোচকেরা এই ধরনের গোপন ক্যামেরা সম্বলিত চশমাকে ‘বিকৃত চশমা’ নামে অভিহিত করেছেন।   সাধারণ স্মার্ট চশমার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, গান শোনা, ফোন কল করা, ভাষা অনুবাদ বা এআই অ্যাসিস্ট্যান্টের সাথে মিথস্ক্রিয়া করার সুযোগ পান।   ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছেÑএমন আরও ডজন খানেক নতুন স্মার্ট চশমা মডেলের পাশাপাশি বিকল্প হিসেবে বাজারে থাকবে এই ক্যামেরাবিহীন অডিও সংস্করণটি।   বুধবার এএফপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেটার এআই প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিশাল শাহ বলেন, রেকর্ডিং নির্দেশক ইন্ডিকেটর লাইটের মতো প্রাইভেসির ফিচার যুক্ত করা ‘সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেয়েছিলাম মানুষ যেন স্পষ্ট বুঝতে পারে যে ডিভাইসটি দিয়ে কিছু রেকর্ড করা হচ্ছে। তাই সময়ের সাথে সাথে আমরা এই ইন্ডিকেটর লাইটটি আরও দৃশ্যমান করেছি।   তিনি আরও বলেন, ‘চশমাটি প্রথম উন্মোচনের সময় আমরা বিষয়টি নিয়ে অনেক কথা বলেছিলাম। তবে সম্প্রতি আমাদের মনে হচ্ছে এই বিষয়টি নিয়ে আরও বেশি প্রচার করা প্রয়োজন। কারণ, প্রাইভেসির এই বিষয়গুলো কিন্তু এতটুকুও পরিবর্তন হয়নি।   মেটা ২০২১ সালে তাদের প্রথম স্মার্ট চশমা বাজারে আনে এবং সময়ের সাথে সাথে প্রযুক্তিটি আরও উন্নত হয়েছে।   গত বছর কোম্পানিটি ‘ডিসপ্লে’ চশমা উন্মোচন করে, যা চশমার লেন্সে ছবি ও তথ্য ফুটিয়ে তুলতে পারে।   চলতি বছরের শুরুর দিকে চশমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসিলোর-লাক্সোটিকা’র সাথে যৌথ অংশীদারিত্বে উৎপাদিত রে-ব্যান ও ওকলি মেটা মডেলগুলোর বাইরে গিয়ে সম্পূর্ণ নিজস্ব ‘মেটা’ ব্র্যান্ডের এআই চশমা উন্মোচন করে কোম্পানিটি।   এছাড়া তাদের মূলধারার মেটা রে-ব্যান চশমারও বেশ কিছু নতুন স্টাইল চালুর ঘোষণা দিয়েছে মেটা। এর ডিসপ্লে সংস্করণটির প্রাথমিক মূল্য রাখা হয়েছে ৭৯৯ ডলার এবং যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও কানাডাসহ নতুন নতুন বাজারে এটি শিগগিরই পাওয়া যাবে।   কোম্পানিটি খুব শিগগিরই তাদের পূর্বের ‘কোয়েস্ট ভিআর’ হেডসেটের চেয়ে অনেকটাই হালকা ও উন্নত ‘মিক্সড রিয়েলিটি’ চশমা বাজারে আনবে।   ‘মেটা ভিআর গ্লাসেস’ নামের এই ডিভাইসটিতে তারযুক্ত একটি এক্সটার্নাল ব্যাটারি ও মেমোরি প্যাক ব্যবহার করা হয়েছে, যার ফলে মূল হেডসেটটি অনেক হালকা রাখা সম্ভব হয়েছে।   জাকারবার্গ জানান, এই চশমাটির ওজন একটি তাসের প্যাকেটের মতোই হালকা। এটিতে বাইরের কোনো দৃশ্যমান সুইচ বা বোতাম নেই; এটি কেবল হাতের অঙ্গভঙ্গি (হ্যান্ড জেসচার) এবং ভয়েস কমান্ডের মাধ্যমে পরিচালিত হয়।   ভিআর চশমাটি ২০২৭ সালে ১ হাজার ২৯৯ ডলার মূল্যে বাজারে পাওয়া যাবে।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৪, ২০২৬
জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু

নিজ দেশে কঠিন পুনর্নির্বাচন প্রচারণার মুখে থাকা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জাতিসংঘে ভাষণ দেবেন। সাম্প্রতিক মাসগুলোতে যেসব শত্রু ও মিত্র তাঁর বিরোধিতা করেছে, ভাষণে তিনি তাদের সমালোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।   অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গাড়িচাপা দেওয়ার ঘটনায় ওয়াশিংটনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটারের ছেলে ও এক সেনা গুরুতর আহত হওয়ার ঘটনাটিও নেতানিয়াহু তাঁর ভাষণে তুলে ধরতে পারেন।   জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।   নিউইয়র্কে নেতানিয়াহুর অন্যতম প্রধান সমালোচক শহরটির মেয়র জোহরান মামদানি। জাতিসংঘের গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার অঙ্গীকার করেছিলেন মামদানি।   হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালে বলেছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের প্রাণঘাতী হামলার জবাবে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে নেতানিয়াহু কথিত যুদ্ধাপরাধের জন্য দায়ীÑএমন বিশ্বাস করার মতো যুক্তিসংগত ভিত্তি রয়েছে। তবে নেতানিয়াহু আইসিসির এসব অভিযোগ অস্বীকার করেছেন। পরে মামদানি স্বীকার করেন, এ ধরণের পদক্ষেপ নেওয়ার আইনগত ক্ষমতা তাঁর নেই। এতে নেতানিয়াহু ও তাঁর সমর্থকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।   জাতিসংঘের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সপ্তাহে (হাইলেভেল উইক) ভাষণ দেওয়ার আগে নেতানিয়াহু মামদানিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আপনাদের সম্পর্কে সত্য কথা বলব।’ তিনি মামদানির বিরুদ্ধে ‘হামাসের সন্ত্রাসী দানবদের সমর্থন করার’ অভিযোগ করেন।   এ ছাড়া তিনি কোনো ভিত্তি ছাড়াই মামদানির বিরুদ্ধে ‘নিউইয়র্কের ইহুদিদের বিরুদ্ধে দাঙ্গায় উসকানি দেওয়ার’ অভিযোগ করেন।   ফিলিস্তিনিদের অধিকারকে দীর্ঘদিন ধরে সমর্থন করে আসা এবং ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা মামদানি মঙ্গলবার এর জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রী ওই ভিডিওতে যা বলেছেন, তা সত্য নয়Ñএটা আমরা সবাই জানি।’   নেতানিয়াহুর অন্যতম কঠোর সমালোচক ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের অধিবেশনকক্ষে থাকবেন না। ওয়াশিংটন তাঁকে অংশগ্রহণের জন্য ভিসা দেয়নি।   ইসরাইলের সাবেক মিত্র ব্রিটেন ও ফ্রান্সও বৃহস্পতিবার নেতানিয়াহুর সমালোচনার মুখে পড়তে পারে।   অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরাইলি পণ্য রপ্তানির ওপর ব্রিটেন সীমিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি ফ্রান্সও একই ধরণের পদক্ষেপ নিয়েছে।   পশ্চিম তীরে হামাস সক্রিয় নয় বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মন্তব্য করায় ইসরাইল ক্ষুব্ধ হয়েছে। ঐতিহ্যগতভাবে গাজাই হামাসের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত।   নেতানিয়াহুর কার্যালয় মাখোঁর ওই মন্তব্যকে ‘চরম হাস্যকর’ বলে আখ্যায়িত করে। কার্যালয়টি আরও বলেছে, হামাস ‘প্রায় প্রতিদিনই ইহুদিদের ওপর হামলা চালায়।’   কার্যালয়টি বলেছে, ‘তারা জুডিয়া ও সামারিয়ায় অসংখ্য ইসরাইলি বেসামরিক নাগরিককে হত্যা করেছে।’ পশ্চিম তীরকে ইসরাইল বাইবেলের নাম জুডিয়া ও সামারিয়া বলে অভিহিত করে। ১৯৬৭ সালে ইসরাইল অঞ্চলটি দখল করে।   গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পশ্চিমা দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে নেতৃত্ব দেওয়ায় মাখোঁর সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক এমনিতেই ভালো ছিল না।   ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরুর পর থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে। নেতানিয়াহুর ভাষণে ইরান প্রায় নিশ্চিতভাবেই গুরুত্ব পাবে।   ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য দেশটিতে আরও ব্যাপক সামরিক অভিযান চালাতে ওয়াশিংটনের ওপর চাপ দিচ্ছে ইসরাইল।   -জাতিসংঘের তীব্র সমালোচনা-   তবে যুদ্ধটি যুক্তরাষ্ট্রের জনগণের কাছে জনপ্রিয় নয়। যুদ্ধের পর জ্বালানির দামও বেড়েছে।   বুধবার ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘে ভাষণ দেওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি দানন বলেন, তেহরান ‘লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতিদের, গাজা ও জুডিয়া-সামারিয়ায় হামাস এবং ইরাকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র দেয়।’   তিনি ইরানকে এমন একটি ‘শাসনব্যবস্থা’ হিসেবে অভিহিত করেন, ‘যা নিজ দেশের নাগরিকেরা প্রতিবাদ করার সাহস করলে তাদের হত্যা করে।’   নেতানিয়াহু জাতিসংঘ এবং বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও তীব্র সমালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে তিনি গুতেরেসের ধারাবাহিক সমালোচক।   অস্বাভাবিকভাবে, গুতেরেস এ সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনগতভাবে বাধ্যতামূলক পদক্ষেপের পূর্ণ নাম উল্লেখ করেন। এসব পদক্ষেপে গাজায় ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ আনা হয়েছে।   নেতানিয়াহু সরকার বারবার জাতিসংঘের একটি সংস্থার বিরুদ্ধে হামাসের যোদ্ধাদের আড়াল করার অভিযোগ করেছে। তাদের দাবি, সংস্থাটির কয়েকজন কর্মী ইসরাইলে হামাসের ওই হামলায় অংশ নিয়েছিলেন। ওই হামলাই গাজায় যুদ্ধের সূত্রপাত ঘটায়।   যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হলেও ইসরাইল গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, অঞ্চলটির পুনর্গঠন শুরুর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশেও বিধিনিষেধ আরোপ করছে দেশটি।   জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ভারপ্রাপ্ত কমিশনার-জেনারেল ক্রিশ্চিয়ান সন্ডার্স এ সপ্তাহে এএফপিকে বলেন, ত্রাণ কার্যক্রমের জন্য গাজায় ইঞ্জিনের তেলের মতো জরুরি সরবরাহ প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইসরাইল ‘অত্যন্ত কঠিন’ আচরণ করছে। অথচ বিলাসবহুল বাণিজ্যিক পণ্য প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।   সন্ডার্স বলেন, ‘আমার মনে হয়, ইসরাইলি সরকার তাদের জনগণকে বোঝাতে চাইছে, কেন তাদের আবার নির্বাচিত করা উচিত।’   আগের বছরগুলোর মতো এবারও জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের সময় ভেতরে ও বাইরে বিক্ষোভ হতে পারে। তাঁর নীতির প্রতিবাদে কয়েকটি দেশের প্রতিনিধি অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যেতে পারেন। পাশাপাশি বাইরে বিক্ষোভকারীরাও জড়ো হতে পারেন।   ইসরাইলে আগামী ২৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৪, ২০২৬
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে

চীনের ১৩ বছর বয়সী সাঁতার প্রতিভা ইউ জিদি এশিয়ান গেমসে নিজের সামর্থ্যরে জানান দিয়েছেন। দুই বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও তিনি প্রতিপক্ষের জন্য সতর্কবার্তা দিয়ে রেখেছেন ।   এই স্কুলছাত্রী চলতি সপ্তাহে টোকিওতে অংশ নেওয়া তিনটি ব্যক্তিগত ইভেন্টেই এশিয়ান গেমসের রেকর্ড গড়ে স্বর্ণ পদক জয় করেছেন। ধারাবাহিক এই পারফরম্যান্স তার বয়সের তুলনায় অবিশ্বাস্য।   সুইমিং পুলের বাইরে অবশ্য তিনি আর দশজন কিশোরীর মতোই। সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টা করেন, কিন্তু সাক্ষাৎকারে নিজের সম্পর্কে প্রশ্ন করা হলে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন।   ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সময় ইউয়ের বয়স হবে ১৫ বছর। বিশ্ববাসীর নজরের সামনে তখন তিনি বড় পদকের অন্যতম দাবিদার হতে পারেন।   ইউয়ের কাছে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে পরাজিত সতীর্থ কে ওয়েনসি বলেন, “সে কোনো কারণ ছাড়াই এত দ্রুতগতির হয়ে ওঠেনি। অনুশীলনে সে কতটা পরিশ্রম করে, আমি তা দেখেছি। জাতীয় দলের এই প্রশিক্ষণ ক্যাম্পে আমি দেখেছি, সে প্রতিদিন খুব কঠোর পরিশ্রম করছে।”   এই সপ্তাহে ইউ ২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও জয় পেয়েছেন।   তার সময়গুলো চলতি বছরের বিশ্বের দ্রুততম সময়গুলোর মধ্যে রয়েছে। ২০০ মিটার মিডলেতে তার সময় বিশ্ব রেকর্ডের চেয়ে মাত্র ০.৪ সেকেন্ড পিছিয়ে ছিল। বিশ্বরেকর্ডটি কানাডার সামার ম্যাকিনটোশের দখলে। লস অ্যাঞ্জেলেসে তিনিই সম্ভবত ইউয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবেন।   অলিম্পিক নিয়ে নিজের লক্ষ্য সম্পর্কে অবশ্য ইউ বিস্তারিত বলতে চাননি। শুধু বলেছেন, তিনি “কঠোর পরিশ্রম চালিয়ে যেতে” চান।   এতে তার পরিণত মানসিকতা এবং সাফল্যের পথে মনোযোগ ধরে রাখার দৃঢ় ইচ্ছারই ইঙ্গিত পাওয়া যায়।   তিনি বলেন, “এই এশিয়ান গেমস থেকে আমি অনেক কিছু শিখেছি, তবে কিছুটা আফসোসও আছে। আমি ফিরে গিয়ে যেসব জায়গায় ভালো করতে পারিনি, সেগুলো পর্যালোচনা করব এবং আশা করি পরেরবার আরও ভালো করতে পারব।”   চলতি সপ্তাহে প্রতিযোগিতা করা সহজ ছিল কি না জানতে চাইলে ইউ কয়েক সেকেন্ড বিস্মিত চোখে তাকিয়ে থেকে বলেন, “অবশ্যই নয়।”   সতীর্থদের সঙ্গেই তাকে সবচেয়ে স্বাচ্ছন্দ্যে দেখা গেছে, বিশেষ করে ১৫ বছর বয়সী কে-এর সঙ্গে।   টোকিওতে একই কক্ষে থাকা ইউ ও কে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশের সময় হাত দিয়ে হৃদয়ের আকৃতি তৈরি করেন এবং আনন্দের সঙ্গে গল্প করেন।   কে বলেন, “আমাদের ঘরে তিনটি বিছানা আছে, দুটি পাশাপাশি জোড়া দিয়ে একটি বড় বিছানা বানানো হয়েছে, আরেকটি ছোট। আমি তাকে বড় বিছানাটি দিয়েছি, কারণ ছোটটিই আমার জন্য যথেষ্ট ছিল। আমি চেয়েছিলাম, সে যেন আরাম করে ঘুমানোর জায়গা পায়।”   ছয় বছর বয়সে একটি ওয়াটার পার্কে সাঁতার কোচের নজরে আসার পর থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে আসছেন।   জানুয়ারিতে তিনি বলেছিলেন, “সারাদিন ক্লাস করার পরও প্রশিক্ষণ নিতে হতো, যা সত্যিই ক্লান্তিকর ছিল।”   এশিয়ান গেমসের অভিজ্ঞতাকে তিনি “চ্যালেঞ্জিং” বলে অভিহিত করেছেন। আর অলিম্পিকের পথে তার জন্য পরিস্থিতি সহজ হওয়ার সম্ভাবনাও নেই।   মনোযোগ ধরে রাখতে পারলে ইউ লস অ্যাঞ্জেলেস গেমসের অন্যতম তারকা হয়ে উঠতে পারেন।   প্রতিযোগিতা শুরুর আগে কী নিয়ে ভাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি অন্য কিছু নিয়ে ভাবি না। শুধু ছোট ছোট বিষয় এবং আমার গতিবিধি নিয়ে ভাবি।”

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৪, ২০২৬
ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাকিস্তান : হেসন

এশিয়ান গেমসে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাকিস্তান। কিন্তু এজন্য তাদেরকে এখনো কিছুটা ঘাটতি পূরণ করতে হবে বলে স্বীকার করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মাইক হেসন। যদিও সেমিফাইনালের সম্ভাব্য এই লড়াইয়ের আগে পাকিস্তানকে কোয়ার্টার ফাইনাল টপকাতে হবে, যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে সহজ দলকেই পাচ্ছে।   ভারতের পুরুষ দল টানা দুটি বিশ্বকাপ জিতেছে এবং এশিয়ান গেমসেও তারা বর্তমান চ্যাম্পিয়ন।   গত বছরের মে মাসে হেসন পাকিস্তানের দায়িত্ব নেওয়ার পর থেকে ২০২৫ সালের এশিয়া কাপে তিনবার এবং চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান।   দলের জাপান যাত্রার আগে করাচিতে হেসন বলেন, “এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতই মানদন্ড। তাদের পর্যায়ে পৌঁছানোই আমাদের চ্যালেঞ্জ।”   জাপানে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে।   এশিয়ান গেমসে এখন পর্যন্ত পাকিস্তান ও ভারত কখনো মুখোমুখি হয়নি। তবে ১ অক্টোবর নাগোয়ায় সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।   গত বছরের দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রসঙ্গ টেনে হেসন বলেন, “আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে আমরা অবশ্যই তাদের ওপর চাপ সৃষ্টি করব, যেমনটা এশিয়া কাপের ফাইনালে করেছিলাম।”   পাকিস্তান প্রথমে ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে পুল বি-এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। পুল বি-তে রয়েছে হংকং, ওমান ও মালয়েশিয়া।   হেসন বলেন, পাকিস্তানকে শুরুটা ভালো করতে হবে।   তিনি বলেন, “এখন থেকে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া পর্যন্ত দুই দলেরই অনেক ক্রিকেট খেলতে হবে। তাই আমরা নিজেদের নিয়ে খুব বেশি দূর আগেভাগে ভাবছি না।”   এশিয়ান গেমসের ক্রিকেটে পাকিস্তান এখন পর্যন্ত কোনো পদক জিততে পারেনি। ২০১০ ও ২০২৩ সালে তারা ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরেছে। ২০১৪ সালের আসরে তারা অংশ নেয়নি।   ভারত এশিয়ান গেমসের জন্য পূর্ণশক্তির দল পাঠালেও পাকিস্তান দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রয়েছে। দলের অধিনায়ক ওপেনার সাহিবজাদা ফারহান।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৪, ২০২৬
রয়টার্স ছবি
জাতীয় নিরাপত্তার যুক্তিতে হোয়াইট হাউসে সংবাদমাধ্যম নিষিদ্ধের দাবি

মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো-কে হোয়াইট হাউসের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ বা দূরে রাখা যেতে পারে। মঙ্গলবার গভীর রাতে ফেডারেল আদালতে জমা দেওয়া এক নথিতে এমন দাবি করেছে মার্কিন বিচার বিভাগ।     আইনজীবীদের যুক্তি, ইরান যুদ্ধ এবং হোয়াটস হাউসে বলরুম নির্মাণ নিয়ে এই সংবাদমাধ্যমগুলোর কভারেজ একটি জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে, যা এই নিষেধাজ্ঞাকে যৌক্তিকতা দেয়। সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সুরক্ষা থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের দাখিল করা নথিতে যুক্তি দেখানো হয়েছে যে, ’হোয়াইট হাউসে প্রবেশাধিকার হলো একটি সুযোগ, কোনো অধিকার নয়।’ এই নথিতে আরো যুক্তি দেওয়া হয়েছে যে, হোয়াইট হাউস কমপ্লেক্সের ভেতরে থাকা জাতীয় নিরাপত্তার তথ্য সুরক্ষার জন্য ট্রাম্প চাইলে হোয়াইট হাউসের ব্যক্তিগত বা গোপনীয় অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করতে পারেন।       বিচার বিভাগ আদালতের কাছে জমা দেওয়া নথিতে লিখেছে, ‘কমপক্ষে, সরকার দৃষ্টিভঙ্গিভিত্তিক বৈষম্যমূলক কারণেও ওভাল অফিসের মতো রাষ্ট্রপতির সংরক্ষিত এলাকাগুলোতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে পারে।       নথিতে বলা হয়, প্রেসিডেন্ট দেখতে পেয়েছেন যে বাদীরা এমন কিছু রিপোর্টিংয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, যা জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল। এ ধরনের রিপোর্টিং সরাসরি জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ তৈরি করে।’ ওয়াশিংটন ডিসিতে ফেডারেল বিচারক টিমোথি কেলির সামনে একটি জরুরি শুনানির আগের সন্ধ্যায় এই নথিপত্রগুলো জমা দেওয়া হয়।     গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর প্রবেশাধিকার নিষিদ্ধ করে।       সোমবার গণমাধ্যম তিনটি আদালতের কাছে হোয়াইট হাউসে তাদের প্রবেশাধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে মামলা করে। আজ এ মামলার শুনানি হতে পারে।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
সংগৃহীত ছবি
হোয়াটসঅ্যাপে থার্ড-পার্টি এআই এজেন্ট চালুর উদ্যোগ মেটার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে মেটা। সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপে অন্য প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট ব্যবহার করা যাবে।     এসব এআই এজেন্টের মাধ্যমে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করার পাশাপাশি কাজের তালিকা, বার্তার খসড়া এবং প্রতিদিনের কাজের পরিকল্পনাও তৈরি করা সম্ভব হবে। খবর টেকইনএশিয়া হোয়াটসঅ্যাপের সেটিংস থেকেই তৃতীয় পক্ষের তৈরি এআই এজেন্ট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। প্রতিটি এজেন্টের জন্য আলাদা নাম ও প্রোফাইল ছবি নির্ধারণ করা যাবে। এ জন্য এআই এজেন্ট নির্মাতা প্রতিষ্ঠানকে হোয়াটসঅ্যাপ একটি এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ‘কি’ দেবে।     ওই কি ব্যবহার করে এজেন্টকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালিত সেবার সঙ্গে যুক্ত করা যাবে।     তবে এসব এআই এজেন্টের সঙ্গে হওয়া কথোপকথন সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে না। কারণ, এজেন্টগুলো পরিচালনা করবে তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান। হোয়াটসঅ্যাপ মূলত বার্তা প্রক্রিয়াকরণের কাজ করবে।     ফলে এআই এজেন্টের সঙ্গে শেয়ার করা তথ্য সাধারণ ব্যক্তিগত চ্যাটের মতো একই মাত্রার নিরাপত্তা পাবে না।   নতুন সুবিধা চালু হলে একজন ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচটি এআই এজেন্ট ব্যবহার করতে পারবেন। তবে এজেন্টগুলো ব্যবহারকারীর পুরো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পাবে না। ব্যবহারকারী যেসব বার্তা বা কনটেন্ট সরাসরি এআই এজেন্টের সঙ্গে শেয়ার করবেন, শুধু সেগুলোই এজেন্ট পড়তে পারবে। অর্থাৎ ব্যক্তিগত চ্যাট, পরিচিত ব্যক্তিদের ফোন নম্বর কিংবা ফোনে থাকা ছবি, ভিডিওসহ অন্যান্য মিডিয়া ফাইল দেখার সুযোগ থাকবে না এআই এজেন্টগুলোর।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
সংগৃহীত
শচীনের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক রুটের

আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড বুকে আবারো ওলটপালট করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ভারতীয় কিংবদন্তি শচীন তেন্ডুলকরের দীর্ঘদিনের এক অনন্য কীর্তি ভেঙে ক্রিকেট ইতিহাসে নিজের নাম এক নতুন উচ্চতায় নিয়ে গেলেন তিনি।     শ্রীলঙ্কার বিরুদ্ধে ডারহামের চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান সংগ্রহের তালিকায় শচীনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছেন রুট। মাইলফলকটি স্পর্শ করতে ম্যাচের শুরুতে রুটের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। ইনিংসের শুরুতেই একটি দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি এবং শচীনের রেকর্ড ভাঙেন।     তিন ফরম্যাট মিলিয়ে ৫২২ ইনিংসে ২৩ হাজার করেছিলেন টেন্ডুলকার।   ২৩ হাজার রান করতে ৫২১ ইনিংস লাগলো রুটের। তবে দ্রুত ২৩ হাজার রানের বিশ্ব রেকর্ড ভারতের বিরাট কোহলির। ক্যারিয়ারের ৪৯০তম ইনিংসে ২৩ হাজার রান পূর্ণ করেছিলেন কোহলি।       কোহলি-রুট-টেন্ডুলকার ছাড়াও এই তালিকায় জায়গা করে নেওয়া অন্যান্য ব্যাটাররা হলেন- ভারতের রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা এবং দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস।     বিশ্ব ক্রিকেটের অষ্টম এবং ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ২৩ হাজার আন্তর্জাতিক রানের ক্লাবে প্রবেশ করলেন রুট।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
সংগৃহীত ছবি
হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে ব্যাংক খোলার নির্দেশ

২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে আগামী ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) ও ২৬ সেপ্টেম্বর (শনিবার) হজ-সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)’ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।     সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।     সার্কুলারে জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ সেপ্টেম্বর স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।       একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী ব্যক্তি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।     ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
সংগৃহীত ছবি
১৮তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে সিভিল জজ নিয়োগের এই পরীক্ষায় সাময়িকভাবে ২০০ জন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে।     বুধবার (২৩ সেপ্টেম্বর) জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।     এতে বলা হয়েছে, কোনো প্রার্থী কর্তৃক অসত্য তথ্য প্রদান, তথ্য গোপন, যোগ্যতার কোনো ঘাটতি বা আবেদনপত্রে কোনো প্রকার অসঙ্গতি বা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।     এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান, তারিখ ও সময় নির্ধারণপূর্বক যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে অথবা প্রাক-পরিচয় যাচাই (পুলিশ ভেরিফিকেশন) প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।   বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে অথবা যুক্তিসঙ্গত কারণে প্রয়োজনবোধে কমিশন উক্ত ফলাফল পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা পুনঃনির্ধারণের ক্ষমতা সংরক্ষণ করে।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
সংগৃহীত ছবি
বরিশাল মহাসড়কে ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।      প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।     বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।     প্রত্যক্ষদর্শী ব্রাদার্স স্টোর্সের দোকানি মো. তামিম বলেন, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।      ঘটনাস্থলের কাছে থাকা এক নারী চা দোকানি বলেন, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কয়েকজনকে জয় বাংলা স্লোগান দিতে দিতে পালিয়ে যেতে দেখেন।     বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সড়কের মধ্যে কিছু বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। তবে আশপাশে কোনো আলামত পাওয়া যায়নি। শব্দের উৎস কী ছিল, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করছে পুলিশ।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত
অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় সেনাসদস্যসহ দুজন গ্রেপ্তার

অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তা করার অভিযোগে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার দুই বাসিন্দা ও ভারতের সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।     প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-২৪ পরগণার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দাহারকান্দ সীমান্ত দিয়ে এ দুই বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করেন। তারা গতকাল রাতে কাঁটাতারের সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা হাতেনাতে আটক করেন।     এরপর তাদের কলকাতা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা গৌতম অধিকারী নামে এক সেনা সদস্যের নাম বলেন। তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলির মাগরা। তিনি রাজস্থানের যোদপুরে মোতায়েন ছিলেন। কিন্তু ছুটিতে বর্তমানে বাড়িতে ছিলেন।       নাম আসার পর পুলিশ ওই সেনাসদস্যকে তার বাড়িতে গিয়ে গ্রেপ্তার করে।     ওই দুই বাংলাদেশি কেন ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন সেটি জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালত তাদের তিনজনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর  করেছেন।   সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত
হামে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৭

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত ১১৩ জন এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সন্দেহজনক ১ হাজার ১৫৭ জন।     আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি-সংক্রান্ত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।     তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে দুজন এবং সিলেট, খুলনা ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।       এনিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক ৯৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ১০১ জনসহ মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে।     স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৫১ জন। আর হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন।       হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যায় ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ৩৮২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এরপর চট্টগ্রামে ২৩৮ জন, সিলেটে ১৬৪ জন এবং বরিশালে ২৪৮ জনের হামের উপসর্গ পাওয়া গেছে।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সম্মেলনে যোগ দিলেন অধ্যাপক ইউনূস

নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের ২০২৬ সালের বার্ষিক সম্মেলনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।     অধ্যাপক ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণার শুরুর দিকের সমর্থকদের একজন ছিলেন বিল ক্লিনটন। আরকানসাসের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় (১৯৭৯–১৯৮১ এবং ১৯৮৩–১৯৯২) তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে কাজ করেন। সে সময় আরকানসাসে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল কীভাবে প্রয়োগ করা যায়, তা নিয়ে উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় নিম্নআয়ের মানুষের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কর্মসূচি গড়ে তোলার কাজ এগিয়ে যায়।     ক্ষুদ্রঋণের অন্যতম প্রবক্তা হিসেবে হিলারি ক্লিনটনের নামও উল্লেখ করা হয়। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্য মোকাবিলায় ক্ষুদ্রঋণের ভূমিকার কথা তিনি বিভিন্ন সময়ে তুলে ধরেছেন।     ১৯৯৫ সালে মেয়ে চেলসিকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সফরে এসে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেছিলেন হিলারি ক্লিনটন। ওই সময় তিনি গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং এর মাধ্যমে নারী ও তাঁদের পরিবারের ওপর তৈরি হওয়া প্রভাব সম্পর্কে ধারণা নেন।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
সংগৃহীত ছবি
আসামের ধুবড়িতে ১৪শ পরিবারের উচ্ছেদে আদানি প্রকল্প শুরু

আসামের ধুবড়ির চাপরে কয়েকবছর আগেও ছিল ঘরবাড়ি, উঠান, গবাদি পশু, মানুষের কোলাহল। ব্রহ্মপুত্রের ভাঙনে একাধিকবার ঘর হারানো পরিবারগুলোর অনেকেই সেখানে তিন থেকে চার দশক ধরে বসবাস করছিলেন। ২০২৫ সালের জুলাইয়ে সেই ঘরগুলোই বুলডোজার দিয়ে ভেঙে দেয় আসাম সরকার। উচ্ছেদ হয় ১৪০০-র বেশি বাংলাভাষী মুসলিম পরিবার। সংখ্যায় প্রায় ১০ হাজার মানুষ। আর এর এক বছর না পেরোতেই সেই জমিতে শুরু হল আদানি পাওয়ারের ৩২০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ।     চাপরের চারুবাখরা, চিরাকুটা ১ ও ২ এবং সন্তোষপুর এলাকায় ২০ সেপ্টেম্বর প্রকল্পের ভিত্তি-প্রস্তর স্থাপন করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। প্রায় ৪৮ হাজার কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পকে রাজ্যের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প বলে জানিয়েছে আদানি গোষ্ঠী। প্রথম ধাপে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা ২০৩০ সালের ডিসেম্বর থেকে।       এই প্রকল্পের জমি ঘিরেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। উচ্ছেদ হওয়া বাংলাভাষী মুসলিম পরিবারগুলোর অভিযোগ, ঘর ভাঙার পরে তাদের পুনর্বাসন হয়নি।     সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ৩৫০০ বিঘা সরকারি জমি খালি করা হয়। পাশাপাশি জমির কাগজ থাকা বাসিন্দাদের প্রায় ১৭০০ বিঘা জমিও প্রকল্পের কাজে নেওয়া হয়েছে বলে স্থানীয় মুসলিমদের দাবি। তাদের বক্তব্য, কাগজপত্র জমা দেওয়ার পরও প্রায় অর্ধেক জমির মালিক ক্ষতিপূরণ পাননি।       অন্যদিকে পুনর্বাসনের জন্য বাইজার আলগা এলাকায় ৩০০ বিঘা জমি দেওয়া হয়েছিল। মালপত্র সরানোর জন্য পরিবারপিছু এককালীন ৫০ হাজার টাকার কথাও জানানো হয়। কিন্তু অনেকের আপত্তি, ওই এলাকা ব্রহ্মপুত্রের মাঝের নিচু জমি। বর্ষায় সেখানে জল ঢোকার আশঙ্কা থাকে। তাই সেখানে যেতে নারাজ তারা।       এদিকে, পরিবেশগত ছাড়পত্রের নথিতে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রকল্প এলাকায় কোনো বসতি নেই এবং পুনর্বাসন বা পুনর্বাসন সংক্রান্ত কোনো দাবি নেই। অথচ উচ্ছেদ হওয়া বাসিন্দাদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের ঘরবাড়ি ভেঙেই জমি খালি করা হয়েছে বলে অভিযোগ।     কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি ১৪ জুলাই প্রকল্পটির পরিবেশগত ছাড়পত্র দেওয়ার সুপারিশ করে। সরকারি নথিতেও প্রকল্পের জন্য ৫৮৫ হেক্টর জমির কথা রয়েছে।     এই ঘটনা আসামে উচ্ছেদের পুরনো বিতর্কও আবার সামনে এনেছে। ২০১৬ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন জেলায় উচ্ছেদ অভিযান হয়েছে।       একাধিক ঘটনায় বাংলা- ভাষী মুসলিম পরিবারই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন ও মানবাধিকার সংক্রান্ত আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন সময় উচ্ছেদ অভিযানে অন্তত ৮ জন মুসলিম নিহত হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে একটি মানবাধিকার সংগঠনের রিপোর্টে। ২০২১ সালের দরংয়ের উচ্ছেদে পুলিশি গুলিতে দু’জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে কামরূপে উচ্ছেদ ঘিরে আরও দু’জন নিহত হন।     এমনকি চলতি সেপ্টেম্বরেও গোলপাড়ায় ৭৩ টি বাংলাভাষী মুসলিম পরিবারের বাড়ি ভেঙে দেওয়া নিয়ে গৌহাটি হাইকোর্ট প্রশ্ন তুলেছেন। আদালত জানিয়েছেন, নিজেদের কৃষি-জমিতে তৈরি বাড়ি ভাঙার আগে বাসিন্দাদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত
জার্মান দলে শৃঙ্খলা ফেরাতে ক্লপের যত নতুন নিয়ম

জার্মানির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ও একতা বাড়াতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছেন ইয়ুর্গেন ক্লপ। খেলোয়াড়দের একসঙ্গে খাবার খাওয়া থেকে শুরু করে ম্যাচের দিন ফোন ব্যবহারে বিধিনিষেধ, এমন বেশ কিছু নতুন নিয়ম করেছেন। জার্মান সংবাদমাধ্যম স্পোর্ট বিল্ড-এর বরাতে বুলিনিউজ জানিয়েছে, ক্লপের নতুন নিয়মে খেলোয়াড়দের নির্দিষ্ট সময়ে একসঙ্গে রাতের খাবার খেতে হবে। আগের কোচ ইয়ুলিয়ান নাগলসমানের সময়ে খেলোয়াড়েরা সন্ধ্যা ৭টা বা ৮টা থেকে নিজেদের সুবিধামতো ধাপে ধাপে খাবার টেবিলে আসতে পারতেন। ক্লপের অধীনে সেই সুযোগ থাকছে না। পুরো দলকে নির্ধারিত সময়ে একসঙ্গে বসে খেতে হবে। এর মাধ্যমে দলের মধ্যে একতা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে চান তিনি। ম্যাচের দিন জিমে ওয়ার্ম-আপ কিংবা ম্যাসাজ নেওয়ার সময়ও ফোন ব্যবহার করতে পারবেন না খেলোয়াড়েরা। তবে এ সময় সতীর্থদের সঙ্গে কথা বলা কিংবা আড্ডা দেওয়ায় কোনো বাধা নেই। বরং পাশাপাশি থাকা সতীর্থদের সঙ্গে কথোপকথনে উৎসাহ দেওয়া হচ্ছে। হোটেল কিংবা দলের ক্যাম্পে চুল কাটার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছেন ক্লপ। তার যুক্তি, কেউ ব্যবসায়িক সফরে গেলে যেমন আগে থেকেই চুল কেটে নেন, ফুটবলারদেরও তেমনটাই করা উচিত। নাগলসমানের সময়ে খেলোয়াড়দের পরিবারের সদস্যদের দলের ক্যাম্পে আসার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা ছিল। ক্লপের অধীনে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে নির্দিষ্ট কিছু সময়ে। দলের ক্যাম্পে খেলোয়াড়দের মনোযোগ যেন দলীয় প্রস্তুতিতে থাকে, সেটিই এই নিয়মের উদ্দেশ্য। আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ দিয়ে জার্মানির কোচ হিসেবে ক্লপের নতুন অধ্যায় শুরু হবে। নতুন নিয়মগুলো মাঠের বাইরের পরিবেশে কতটা প্রভাব ফেলে, তা দেখার অপেক্ষায় জার্মান ফুটবল সমর্থকরা।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত
এইচএসসির ফল নিয়ে সুখবর, জানা গেল সম্ভাব্য সময়

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। ইতোমধ্যে ফল প্রস্তুতের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের লিখিত পরীক্ষা দেরিতে শেষ হলেও অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দিয়ে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি চলছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হয়েছে। তবে ফল প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে নিতে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে সম্ভাব্য নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এদিকে, লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ফল প্রস্তুতের কাজেও বাড়তি তৎপরতা নেওয়া হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। সারা দেশে পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত
গ্রেফতারের হুঁশিয়ারি, নিউইয়র্কে নামছে না নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’

আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নাটকীয় পরিস্থিতির মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পা রাখলেই যেন নানা আইনি ও প্রশাসনিক জটিলতা তার পিছু ধাওয়া করছে। আর এই দোলাচলের কারণেই এবার সিদ্ধান্ত বদলেছে—নিউইয়র্কের ঐতিহ্যবাহী জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে না তাকে বহনকারী রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’। ইসরায়েলি জনপ্রিয় দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই চঞ্চলকর তথ্য। এতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার নেতানিয়াহুর বহনকারী ভিআইপি বিমানটি নিউইয়র্কে অবতরণ না করে পাশের রাজ্য নিউজার্সির একটি বিমানবন্দরে নামতে পারে। কেন এই আকস্মিক পথবদল? এর নেপথ্যে রয়েছে নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির কঠোর অবস্থান ও একরাশ শঙ্কা। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা হত্যাকাণ্ডের অভিযোগে আগেই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে। মেয়র জোহরান মামদানি বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নেতানিয়াহু নিউইয়র্কের মাটিতে পা রাখলেই তাঁকে গ্রেফতারের আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, বিমানটি বিমানবন্দরে পার্কিং করে রাখার বিষয়ে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের সঙ্গে নানা 'সমন্বয়হীনতা' দেখা দিয়েছে। ইসরাইলি গোয়েন্দা ও সফরসঙ্গীদের ভয়— মেয়র মামদানি হয়তো বিমানটিকে জেএফকে বিমানবন্দরে নামার পরপরই অতি দ্রুত রানওয়ে ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিতে পারেন। এই টানাপোড়েন এড়াতেই এখন বিকল্প হিসেবে নিউজার্সির কোনো সামরিক ঘাঁটি কিংবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে 'উইং অব জায়ন' অবতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিউইয়র্কে রাত কাটাবেন না নেতানিয়াহু, সংক্ষিপ্ত হচ্ছে সফর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে আরও জানা যায়, মার্কিন মুলুকে সাধারণ মানুষের ক্ষোভ ও বিশাল বিক্ষোভের শঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। নিউইয়র্কে অবস্থানের সময়সীমা তিনি অনেকটাই ছেঁটে ফেলেছেন। বিক্ষোভকারীদের তোপ থেকে বাঁচতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, নিউইয়র্কে কোনোভাবেই রাত কাটাবেন না। সফরসূচি এতটাই সংক্ষিপ্ত করা হয়েছে যে, কাজ শেষ করেই তিনি দ্রুত প্রস্থান করবেন।   বাতিল মাস্কের সঙ্গে হাই-প্রোফাইল বৈঠক কেবল নিউইয়র্কের কর্মসূচিই নয়, ভেস্তে গেছে নেতানিয়াহুর বহুল আলোচিত টেক্সাস সফরও। সেখানে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে তার একটি পূর্বনির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেটিও বাতিল করা হয়েছে। এক ইসরাইলি কর্মকর্তা জানান, দীর্ঘ যাত্রাপথে বিমানে জ্বালানি নেওয়ার বিরতি এবং মার্কিন পক্ষের সঙ্গে শেষ মুহূর্তের সমন্বয় জটিলতার কারণেই মাস্কের সঙ্গে বৈঠকটি শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস
২০১০-এর সোনালি স্মৃতি ফেরানোর মিশনে লিটনের বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় প্রায় সারা বছরই মাঠে থাকতে হয় ক্রিকেটারদের। কিন্তু দেশের জন্য একটি পদক জয়ের স্বপ্ন পূরণের সুযোগ সব সময় আসে না। তাই এশিয়ান গেমসকে অন্য সব টুর্নামেন্টের চেয়ে আলাদা করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। জাপানে শুরু হতে যাওয়া এই আসরে শুধু অংশগ্রহণ নয়, সোনা জয়ের লক্ষ্য তার। বুধবার দলের জাপান যাত্রার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেন, ‘প্রত্যাশা সবসময়ই থাকবে। ফ্র্যাঞ্চাইজি লিগ ও দ্বিপক্ষীয় সিরিজ নিয়মিতই হয়। কিন্তু এশিয়ান গেমস এমন একটি সুযোগ, যা খুব বেশি আসে না। এই স্বপ্ন পূরণ করতে সব খেলোয়াড়ই ভীষণ রোমাঞ্চিত।’ ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। তবে তখন টেস্ট খেলুড়ে বড় দলগুলো তাদের শক্তিশালী স্কোয়াড পাঠায়নি। এবার পরিস্থিতি ভিন্ন। ভারত ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দল শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। ফলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জও কঠিন। তবে প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান লিটন। তার কথা, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য ফাইনালে ওঠা এবং সোনার পদক জেতা।’ পুরুষ ক্রিকেটের এশিয়ান গেমসের লড়াই শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে ২৯ সেপ্টেম্বর। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। এশিয়ান গেমসের এই অভিযানকে আরও বড় একটি স্বপ্নের সঙ্গেও যুক্ত করছেন লিটন। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেখানে মাত্র ছয়টি দল অংশ নেওয়ার সুযোগ পাবে। ফলে অলিম্পিকে জায়গা করে নেওয়ার লড়াই হবে অত্যন্ত কঠিন। এ নিয়ে বলেছেন, ‘অলিম্পিকে কে খেলতে চাইবে না?। তবে এই মুহূর্তে আমাদের মনোযোগ এশিয়ান গেমসে ভালো করার দিকে। ম্যাচ ধরে ধরে এগিয়ে ফাইনালে পৌঁছাতে চাই।’

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তোপের মুখে ইসরায়েল

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে গাজা যুদ্ধ ইস্যুতে বিশ্বনেতারা তীব্র সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। দিন দিন বাড়তে থাকা এই সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক কূটনৈতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল। অধিবেশনে অনেক নেতা গাজার পরিস্থিতিকে যুদ্ধাপরাধ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, গণহত্যা এমনকি কনসেনট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করেছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ৭ অক্টোবরের হামাস হামলার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো ধ্বংসযজ্ঞেরও সমালোচনা করেন তিনি। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সহিংসতা জাতিগত নির্মূলের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন গুতেরেস।   তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজাকে ‘শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান’ এবং ‘কনসেনট্রেশন ক্যাম্প’ বলে আখ্যা দিয়েছেন। কাতার ও জর্ডানের নেতারা একে গণহত্যা এবং ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। কাতারের আমির অবিলম্বে ইসরাইলি সামরিক অভিযান বন্ধ ও গাজা থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।  শুধু আরব বা মুসলিম দেশগুলোই নয়, পশ্চিমা মিত্ররাও ইসরায়েলের নীতির সমালোচনায় সোচ্চার হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় মানবিক করিডোর না খোলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। পশ্চিম তীরে ইসরায়েলি নীতি নিরাপত্তা বাড়ানোর বদলে উল্টো হুমকি বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও ৭ অক্টোবরের হামলার নিন্দা জানিয়ে বলেন, এ হামলা গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের চলমান কর্মকাণ্ডকে কোনোভাবেই বৈধতা দেয় না। ব্রাজিল, সিরিয়াসহ আরও কয়েকটি দেশের নেতারাও কঠোর ভাষায় ইসরায়েলি সরকারের সমালোচনা করেছেন।   বক্তৃতার মঞ্চের বাইরেও এই ক্ষোভ বাস্তবে রূপ নিতে শুরু করেছে। কাতার, মিশর ও জর্ডানসহ আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার মানবিক সংকট নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। এর পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ ১২টি পশ্চিমা দেশ ইসরায়েলি বসতি এলাকা থেকে আসা পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম কেমন

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২১, ২০২৬