আগের রাতের ও সকালের বৃষ্টিতে প্রথম সেশনে খেলাই শুরু করা গেল না। পরে খেলা শুরু হলেও বাধাগ্রস্ত হলো বারবার। সীমিত সময়কে কাজে লাগিয়ে জয়ের পথে এগিয়ে গেল ইংল্যান্ড।
লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার খেলা হতে পারে কেবল ৯.৪ ওভার, এর মধ্যে নিউ জিল্যান্ডের ২ উইকেট তুলে নেয় ইংলিশরা।
ভীষণ ব্যাটিং দুরূহ উইকেটে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৫৫ রান। ২৫৪ রানের লক্ষ্য থেকে এখনও তারা অনেক দূরে। স্বাগতিকদের জয় কেবল সময়ের ব্যাপার।
৩ উইকেটে ৩৬ রান নিয়ে লাঞ্চ বিরতির পর, তৃতীয় দিনের খেলা শুরু করে নিউ জিল্যান্ড। ১১ বল খেলা হতেই আবার বাগড়া দেয় বৃষ্টি। দ্বিতীয় দফায় খেলা শুরুর কয়েক ওভার পর বৃষ্টি নামে আবার।
এবার খেলা শুরু হলে পরপর দুই ওভারে রাচিন রাভিন্দ্রা ও ড্যারিল মিচেলকে ফিরিয়ে দেন অলি রবিনসন। এই পেসারের পরের ওভারের মাঝে আবার বৃষ্টি শুরু হলে আর খেলা হতে পারেনি।
দুই বছর পর টেস্টে ফেরার ম্যাচে ৩২ বছর বয়সী রবিনসনের উইকেট এখন পর্যন্ত ৭টি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৪০
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১১৩
ইংল্যান্ড ২য় ইনিংস: ২২৬
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৫৪) ২১.৩ ওভারে ৫৫/৫ (আগের দিন ৩৬/৩) (কনওয়ে ১৮*, রাভিন্দ্রা ৮, মিচেল ০, ব্লান্ডেল ২*; আটকিনসন ৬-১-১৬-২, রবিনসন ৯.৩-১-১৮-২, টং ৬-২-১৫-১)
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
ম্যাচের প্রায় পুরোটা আধিপত্য করল পর্তুগাল। বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ চিলির বিপক্ষে পেল প্রত্যাশিত জয়। দেশের মাঠে শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। গন্সালো গেদেস দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস। শুরু থেকে দাপুটে ফুটবল খেলে পর্তুগাল। চতুর্থ মিনিটে রুবেন দিয়াসের হেড দারুণ নৈপুণ্যে আটকে দেন চিলি গোলরক্ষক। পাঁচ মিনিট পর রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে বাধা পায়। ১৮তম মিনিটে সুযোগ আসে আবার, এই দফায় রোনালদোর শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক। ৩৬তম মিনিটে একবার জালে বল পাঠান তিনি, তবে অফসাইডে ছিলেন আল নাস্র তারকা। প্রীতি ম্যাচের আবহ যেন নষ্ট হয়ে যায় বিরতির আগে। চিলির বাইলাইনে বল কাড়াকাড়ির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয় এবং মুহূর্তে দুই দলের খেলোয়াড়রা বিতণ্ডায় জড়িয়ে পড়েন। মেজাজ পুরোপুরিই যেন হারিয়ে ফেলেন লেয়াও ও চিলি ডিফেন্ডার আইভান রোমান। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। বিরতির পর রোনালদো ও বের্নার্দো সিলভাসহ একসঙ্গে ছয়জনকে তুলে নেন পর্তুগাল কোচ। রোনালদোর বদলি নামা গেদেসের নৈপুণ্যে ৫৮তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ডি-বক্সে থ্রু বল বাড়ান রুবেন নেভেস এবং অফসাইডের ফাঁদ ভেঙে ভেতরে ঢুকে বল ধরে কোনাকুনি শটে গোলটি করেন রেয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে আসা ফের্নান্দেসের নৈপুণ্যে দ্বিতীয় গোল পায় পর্তুগাল। অনেকটা দূর থেকে জোরাল শটে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। তিন মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আচমকা শটে ব্যবধান কমান লুকাস। তবে সময় বেশি না থাকায় ম্যাচে কোনো নাটকীয়তার জন্ম হয়নি। আগামী বুধবার নাইজেরিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে রোনালদো-ফের্নান্দেসদের। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ৬-২ গোলে ম্যাচটি জিতে দেশ ছাড়ে তারা। রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলবে সেলেসাওরা। তাদের প্রতিপক্ষ মিসর। দুই দলের জন্যই বিশ্বকাপের আগে এটি শেষ ম্যাচ। পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনে আজ মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ডিফেন্সে ব্রেমারের জায়গায় খেলবেন মার্কিনিয়োস, আর আলেক্স সান্দ্রোর পরিবর্তে বাঁ প্রান্তে দেখা যাবে ডগলাস সান্তোসকে। মাঝমাঠে ম্যাথেউস কুনিয়ার জায়গা নিয়েছেন লুকাস পাকেতা। আক্রমণভাগে লুইজ হেনরিকের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড ইগোর থিয়াগো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে থাকার জোরালো সম্ভাবনা থাকলেও শারীরিক ধকল এড়াতে গ্যাব্রিয়েল মাগালেসকে বিশ্রাম দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচে কতজন খেলোয়াড়কে মাঠে নামানো হবে—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘আগামীকাল কতজন খেলবে, সেটা এখনই বলতে পারছি না। একটু অপেক্ষা করুন। এটা সংখ্যার বিষয় নয়। আমার কাছে স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ই শুরুর একাদশে খেলার যোগ্য। প্রথম ম্যাচের জন্য সেরা দল বেছে নেওয়ার দায়িত্ব আমার। তবে দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে একাদশ বদলে যেতে পারে। আমার মাথায় একটি পরিকল্পনা আছে, কিন্তু প্রথম ম্যাচটা কারা শেষ করবে, তা আমি নিজেও জানি না।’ মিশরের বিপক্ষে ব্রাজিলের একাদশ- এলিসন বেকার, ওয়েসলি, মার্কিনিয়োস, লিও পেরেরা, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও ইগোর থিয়াগো।
ফুটবলে গোলকিপারদের নিয়ে আলোচনা সাধারণত আক্রমণভাগের তারকাদের মতো আলোচিত হয় না। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে অনেক সময় একটি সেভই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আসন্ন বিশ্বকাপে তাই পাঁচজন অভিজ্ঞ ও ফর্মে থাকা গোলরক্ষকের দিকে আলাদা নজর থাকবে ফুটবলপ্রেমীদের। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ় গত বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে শিরোপা এনে দেওয়ার অন্যতম নায়ক ছিলেন। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের সেভ থেকে শুরু করে পেনাল্টি শুটআউটে তার মানসিক দৃঢ়তা আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিল। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলার ক্ষমতা তাকে আলাদা করে তোলে। জার্মানির ম্যানুয়েল ন্যুয়ের এবার অবসর ভেঙে আবারও বিশ্বকাপে ফিরছেন। ৪০ বছর বয়সেও তিনি বিশ্বের অন্যতম অভিজ্ঞ ‘সুইপার-কিপার’, যিনি প্রয়োজন হলে গোললাইন ছেড়ে বেরিয়ে এসে ডিফেন্সকে সহায়তা করেন। ২০১৪ বিশ্বকাপ জয়ের সময় তিনি জার্মানির অন্যতম প্রধান শক্তি ছিলেন। বেলজিয়ামের থিবো কুর্তোয়া শট-স্টপিংয়ে বিশ্বের সেরাদের একজন হিসেবে বিবেচিত। লম্বা রিচ, দ্রুত প্রতিক্রিয়া এবং অসাধারণ শারীরিক সক্ষমতা তাকে যেকোনো পরিস্থিতিতে গোল বাঁচাতে সাহায্য করে। রিয়াল মাদ্রিদে তার পারফরম্যান্সও তাকে বিশ্বস্ত গোলরক্ষকের মর্যাদা দিয়েছে। ব্রাজিলের অ্যালিসন বেকার সাম্প্রতিক সময়ে চোটের কারণে কম ম্যাচ খেললেও ফিট থাকলে তিনি বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গোলকিপারদের একজন। বল বিতরণ, একের বিরুদ্ধে এক পরিস্থিতি সামলানো এবং চাপের মধ্যেও ঠান্ডা মাথায় খেলা তার বড় শক্তি। স্পেনের ডেভিড রায়া বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। আর্সেনালের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর তিনি স্পেন জাতীয় দলের প্রথম পছন্দে পরিণত হয়েছেন। সুইপার-কিপিং স্টাইল ও আধুনিক গোলকিপিং দক্ষতায় তিনি দলের গুরুত্বপূর্ণ ভরসা। এই পাঁচজন ছাড়াও সেনেগালের এডুয়ার্ড মেন্ডি, মরক্কোর ইয়াসিন বুনু এবং মেক্সিকোর গিলেরমো ওচোয়ার মতো অভিজ্ঞ গোলরক্ষকদের দিকেও নজর থাকবে। বিশ্বকাপের মঞ্চে শেষ রক্ষণের এই লড়াইয়ে কারা দলকে শিরোপার পথে এগিয়ে নেবেন, তা দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।