ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে, গত ১২ দিনে পরিচালিত ধারাবাহিক হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। খবর দিয়েছে প্রেস টিভি।
বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় তারা ৩১টি সামরিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে ইরাক-এ অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১২ দিনে তাদের মোট অভিযানের সংখ্যা ২৯১টিতে পৌঁছেছে। এসব হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও দাবি করা হয়েছে।
এ ছাড়া গোষ্ঠীটি ইউরোপীয় দেশগুলোকে ইরান-এর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনে অংশ না নেওয়ার সতর্কবার্তাও দিয়েছে। তাদের দাবি, বিশ্বশক্তিগুলো স্বাধীন জনগণের ওপর আধিপত্য বিস্তার করে ইরানের মর্যাদা ও স্বাধীনতাকে দমিয়ে রাখার চেষ্টা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেওয়া দেশগুলোকে তারা শত্রু হিসেবে বিবেচনা করবে। সে ক্ষেত্রে ইরাকসহ পুরো অঞ্চলে ওই দেশগুলোর সামরিক ঘাঁটি ও বাহিনীকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে দেখা হবে।