ইরাকের কুর্দিস্তান অঞ্চলে শুক্রবার চালানো হামলায় ইরানি কুর্দি সশস্ত্র বিরোধী সংগঠন ‘কোমালা’ দলের আট সদস্য নিহত হয়েছেন। নির্বাসিত এই সংগঠনটি হামলার জন্য ইরানকে দায়ী করেছে।
কোমালা দলের নেতা ইদ্রিস কোলওয়াজির বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার ভোরে সুলাইমানিয়াহ শহরের কাছে সংগঠনটির একটি শিবিরে ও আশপাশের এলাকায় ইরান ড্রোন ও রকেট হামলা চালায়।
তিনি জানান, হামলায় তাদের আট সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরাকে এ হামলার ঘটনা ঘটেছে। দেশটি দুই প্রতিদ্বন্দ্বী শক্তিরই গুরুত্বপূর্ণ মিত্র।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সময় কুর্দিস্তান অঞ্চলটি বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কারণ, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি, বিদেশি তেল কোম্পানিগুলোর কার্যক্রম এবং নির্বাসিত ইরানি কুর্দি বিদ্রোহীদের অবস্থান রয়েছে। এসব কারণে ইরান ও ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো এই অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে।
এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও, তেহরান কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর ওপর হামলা অব্যাহত রাখছে। ইরানের অভিযোগ, এসব গোষ্ঠী পশ্চিমা দেশ ও ইসরাইলের স্বার্থে কাজ করছে।
তবে, শুক্রবারের হামলাকে যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় ধরনের হামলা হিসেবে দেখা হচ্ছে। কারণ, যুদ্ধের পর থেকে এসব গোষ্ঠী তাদের অধিকাংশ ঘাঁটি ও শিবির খালি করে দিয়েছিল।
এদিকে, কুর্দিস্তানের রাজধানী এরবিলে শুক্রবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জঙ্গিবিরোধী জোট কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। চলতি সপ্তাহে শহরটিতে এ ধরনের ঘটনা এটি দ্বিতীয়বার ঘটল।
এরবিলে যুক্তরাষ্ট্রের একটি বড় কনস্যুলেট কমপ্লেক্স রয়েছে। এছাড়া শহরটির বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক উপদেষ্টারা অবস্থান করছেন।
কুর্দি সন্ত্রাসবিরোধী বাহিনী জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ১৯ মিনিট থেকে ৫টা ২৫ মিনিটের সময় জোটের বাহিনী এরবিলের আকাশে আটটি বিস্ফোরক বহনকারী ড্রোন ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এর আগে গত বুধবার রাতেও এরবিলের আকাশে আটটি ড্রোন ভূপাতিত করা হয়। এএফপির সাংবাদিকরা জানান, মার্কিন কনস্যুলেটের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ড্রোনগুলো ধ্বংস করা হয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের সময় কনস্যুলেটটি হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল।
এরবিলে এসব হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জোটের ব্যানারে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো তেহরানের সমর্থনে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ৬০০ বারের বেশি হামলা চালিয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
বেলজিয়ামে জুনের শেষ ভাগ ও জুলাইয়ের শুরুতে চলা তীব্র তাপপ্রবাহে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সিয়েনসানো আগের হিসাব সংশোধন করে এ তথ্য জানিয়েছে। সংশোধিত তথ্য অনুযায়ী, ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে প্রত্যাশিত সংখ্যার তুলনায় প্রায় ২ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৪৭ জন জানিয়েছিল। সিয়েনসানো জানিয়েছে, মৃত্যুর নিবন্ধন দেরিতে হওয়া এবং বিশ্লেষণে আরও দুই দিনের তথ্য যুক্ত করায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। কারণ, তাপপ্রবাহ শেষ হওয়ার পরও কয়েক দিন মৃত্যুহার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দেশটির অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ালোনিয়া। এরপর রয়েছে ব্রাসেলস ও ফ্ল্যান্ডার্স। জনস্বাস্থ্য প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০০০ সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর বেলজিয়ামে কোনো তাপপ্রবাহে এটিই সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর ঘটনা। এর আগে ২০২০ সালের আগস্টের তাপপ্রবাহে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি
চলতি বছরের জুন মাসে ভেনেজুয়েলায় আঘাত হানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এই ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। একই ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। শুক্রবার (১৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে হতাহত ও ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য তুলে ধরেন। তিনি জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ১০৬টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন। রদ্রিগেজ বলেন, শক্তিশালী এ ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। ভেনেজুয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এখনো চলমান রয়েছে। দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে। সূত্র: আনাদলু এজেন্সি
কানাডায় দাবানলে সৃষ্ট ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, আপার মিডওয়েস্ট, গ্রেট লেকস এবং উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোয় বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে বায়ুদূষণের এ পরিস্থিতি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এর আগে বজ্রঝড়ের কারণে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল। সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার গ্রেট লেকস থেকে শুরু করে পূর্ব উপকূলের বেশ কিছু অংশ জুড়ে যুক্তরাষ্ট্রের আকাশ দাবানলের ভারি ও তীব্র ঝাঁঝাল ধোঁয়ায় ভরে গেছে। এমন পরিস্থিতিতে মার্কিন আবহাওয়া বিভাগ বাইরের বাতাসে শ্বাস নেওয়া বিপজ্জনক হতে পারে বলে সতর্কতা জারি করেছে। অনেক শহরের কর্মকর্তারা বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অথবা বাইরে বের হলে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের একটি বড় অংশ এরইমধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে গেছে; যা দমবন্ধ পরিস্থিতি তৈরি করেছে। ধোঁয়ার কারণে ডেট্রয়েট ও শিকাগোসহ বিভিন্ন অঞ্চলে বাতাসের মান চরম অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছে যাওয়ায় অন্তত ১০ কোটির বেশি মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এ অবস্থায় মানুষকে বাইরে কোনো ধরনের শারীরিক পরিশ্রম না করতে বলা হয়েছে। সব মিলিয়ে ধোঁয়ার মতই একটি বড় প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে; এই বায়ুদূষণ কি রোববার স্থানীয় সময় বিকেলে নিউ জার্সিতে হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের জন্য কোনো সমস্যা তৈরি করবে? সিএনএন লিখেছে, একমাত্র বৃষ্টিই হয়ত এ পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করতে পারে। এদিকে বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুমান সতর্কতার কারণে খেলোয়াড় এবং দুই দলের হাজার হাজার সমর্থক যারা বর্তমানে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে অবস্থান করছেন, তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর্জেন্টিনার শীর্ষ ইংরেজি দৈনিক বুয়েনস আইরেস হেরাল্ড তাদের খবরে বলছে, শুক্রবার ধোঁয়ার একটি ঘন আস্তরণ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের চারপাশকে ঢেকে ফেলেছে। এরইমধ্যে নিউ ইয়র্ক ও নিউ জার্সি শহর কর্তৃপক্ষ বায়ুমানের বিষয়ে সতর্কতা জারি করেছে, যা খেলোয়াড়, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ম্যাচটি কোনোভাবে প্রভাবিত হবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেও নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটন থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আকাশ কমলা রঙের আভায় ঢাকা পড়েছিল। সাধারণত তীব্র দাবানলের ধোঁয়ার কারণে এমন দৃশ্য তৈরি হয়। ওইদিনই সকালে শহরের বায়ুমান সূচক অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোর পর নিউ ইয়র্ক কর্তৃপক্ষ সতর্কতা এবং জনস্বাস্থ্য বিষয়ক নির্দেশনা জারি করতে শুরু করে। দিনের শেষভাগে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সতর্কতা জারি আছে। দৈনিক বুয়েনস আইরেস হেরাল্ড বলছে, মঙ্গলবার সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে বুধবার রাতে স্পেনের দল নিউ জার্সিতে পৌঁছায় এবং ধোঁয়ার কারণে বড় কোনো সমস্যা ছাড়াই তারা অনুশীলন শুরু করেছে। অন্যদিকে, বুধবার ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা দল জর্জিয়াতেই অবস্থান করছিল। স্থানীয় সময় শুক্রবার সকালে তারা নিউ জার্সিতে পৌঁছাবে এবং অনুশীলন শুরু করবে। আশার কথা হচ্ছে, শুক্রবার আবহাওয়া পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার নিউ জার্সি, নিউ ইয়র্কসহ আশপাশের অঞ্চলে বজ্রঝড় ও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা ধোঁয়া কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। বিশ্বকাপ ফাইনালের দিন, অর্থাৎ রোববারের পূর্বাভাসে বলা হয়, ওইদিন রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। বিকেলের দিকে তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।