বিনোদন

'শুভ জন্মদিন' চার দশকেও অপ্রতিদ্বন্দ্বী জেমস

  হাতে গিটার, চোখে স্বপ্ন-গানের টানে একদিন ঘর ছেড়েছিলেন ফারুক মাহফুজ আনাম। সংগীতপ্রেমীদের কাছে যিনি ‘গুরু’ জেমস। আজ ২ অক্টোবর, এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন।   ১৯৬৪ সালের এই দিনে নওগাঁয় জন্ম জেমসের। বেড়ে ওঠা চট্টগ্রামে। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই পরিবারের সঙ্গে মতবিরোধের একপর্যায়ে ঘর ছাড়েন তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে থেকে শুরু হয় তার সংগীতচর্চার গুরুত্বপূর্ণ অধ্যায়।   ১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠনের মধ্য দিয়ে পেশাদার সংগীতযাত্রা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’সহ একাধিক অ্যালবাম তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। পরবর্তী সময়ে ‘ফিলিংস’-এর নাম বদলে রাখা হয় ‘নগর বাউল’।   একক শিল্পী হিসেবেও জেমসের রয়েছে দীর্ঘ সফল ক্যারিয়ার। ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’ ও ‘কাল যমুনা’র মতো অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। ‘মা’, ‘বাংলাদেশ’, ‘পাগলা হাওয়া’সহ তার বহু গান আজও শ্রোতাপ্রিয়।   দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও জনপ্রিয়তা পান জেমস। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ভিগি ভিগি’ গান দিয়ে বলিউডে অভিষেক হয় তার। দেশের চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য ‘দেশা: দ্য লিডার’ ও ‘সত্তা’ সিনেমায় সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।   চার দশকের বেশি সময় ধরে বাংলা রকসংগীতে স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন জেমস। ভক্তদের কাছে তাই তিনি শুধু শিল্পী নন, ‘গুরু’।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ০২, ২০২৬
ছবি: সংগৃহীত
কলম্বিয়া-সিউনিতে নতুন দায়িত্ব পেলেন মিথিলা

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে গবেষণা এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে (CUNY) শিক্ষকতা শুরু করেছেন অভিনেত্রী ও আন্তর্জাতিক উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। ব্র্যাকের সঙ্গে দুই দশকের বেশি সময়ের পেশাগত সম্পর্কের ইতি টেনে তিনি এই নতুন কর্মজীবন শুরু করেছেন। নিজের ফেসবুক পোস্টে নতুন এই দায়িত্বের কথা জানান তিনি।   ফেসবুক পোস্টে নিজের পেশাগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখার কথা জানিয়ে মিথিলা লিখেছেন, আমার পেশাগত জীবনে এক নতুন অধ্যায়ে পা দিচ্ছি। ব্র্যাকের সঙ্গে দুই দশকের অভিজ্ঞতা অর্জনের পর, যার মধ্যে ১৫ বছরই কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে, এবার নতুন প্রফেশনাল জার্নি শুরু করছেন বলে জানান তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট বা সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন মিথিলা।   নতুন দায়িত্বে নিউইয়র্কের ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন তিনি। প্রকল্পটি প্রারম্ভিক শৈশব বিকাশ বা ইসিডি, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে।   এই উদ্যোগের মাধ্যমে জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করা হয়। স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর সমন্বয় এবং ডেটা ও প্রমাণ তৈরির মাধ্যমে কার্যক্রমকে এগিয়ে নিতে নিজের বৈশ্বিক অভিজ্ঞতা কলম্বিয়ায় কাজে লাগানোর আশা প্রকাশ করেছেন মিথিলা।   গবেষণার পাশাপাশি CUNY-তেও শিক্ষকতাও শুরু করেছেন তিনি। সেখানে অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছেন তিনি। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কাজ সম্পর্কে ধারণা দেওয়ার কথা জানিয়েছেন মিথিলা।   নতুন পেশাগত যাত্রার শুরুতে ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিথিলা লিখেছেন, আমার এই প্রফেশনাল জার্নির জন্য আমি ব্র্যাকের কাছে মনেপ্রাণে কৃতজ্ঞ।   কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা অবকাঠামো এবং গবেষকদের দলের সঙ্গে কাজের সুযোগ তার কর্মঅভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন মিথিলা। পোস্টের শেষে নতুন এই যাত্রার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।   এদিকে মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির দাম্পত্য সম্পর্ক নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন এই তারকা জুটি। পরবর্তী সময়ে তাদের দূরত্ব এবং আলাদা থাকার বিষয়টি বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে।   সম্প্রতি কলকাতার একটি টক শোতে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সৃজিত মুখার্জি জানান, তার জীবনে বর্তমানে কোনো স্থায়ী সম্পর্ক বা কমিটেড রিলেশনশিপ নেই। তবে আলোচনায় তিনি মিথিলার নাম সরাসরি উল্লেখ করেননি এবং তাকে সাবেক বা বর্তমান সঙ্গী হিসেবেও স্পষ্ট করেননি। তার এই বক্তব্যের পর দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।   বর্তমানে সৃজিত মুখার্জি টালিউডে চলচ্চিত্র নির্মাণ ও অন্যান্য পেশাগত কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

মো: দেলোয়ার হোসাইন অক্টোবর ০২, ২০২৬
ছবি : সংগৃহীত
ব্যবসায় ধস: বিশাল গার্মেন্টস পার্ক বিক্রি করছেন অনন্ত জলিল

চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল কি দেউলিয়া হয়ে গেছেন? এমন প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। এ প্রশ্ন উঠার কারণ হচ্ছে, সাভারের হেমায়েতপুরে অবস্থিত অনন্তর বিশাল গার্মেন্টশিল্প প্রতিষ্ঠান ‘এজেআই শিল্প পার্ক’ প্রায় বন্ধ হয়ে গেছে। এই পার্ক এজেআই গ্রুপ ও এবি গ্রুপ নিয়ে গঠিত। একসময় এই শিল্পপার্কে যেখানে প্রায় ১৩ হাজার কর্মকর্তা ও শ্রমিক কাজ করত, এখন তাতে মাত্র ১ হাজারের মতো কর্মরত। ফলে শিল্প পার্কটিকে কার্যত বন্ধই বলা যায়। খোঁজ নিয়ে জানা যায়, অনন্ত শিল্পপার্কটি বিক্রি করার জন্য ক্রেতা খুঁজছেন। যদিও তিনি বেশ কয়েক মাস আগে বলেছিলেন, তার ব্যবসা মন্দা যাচ্ছে। শিল্পপার্কের অন্তর্ভুক্ত এবি গ্রুপ আগেই আরেকজনের কাছে ছেড়ে দিয়েছেন। এখন পুরো শিল্পপার্কটিই বিক্রি করে দিতে চাচ্ছেন। হঠাৎ কেন অনন্ত এই বিশাল গার্মেন্ট শিল্পপার্কটি ছেড়ে দিতে চাচ্ছেন, তার খোঁজ নিতে গিয়ে জানা যায়, মূলত করোনার সময় থেকেই তার ব্যবসা মন্দাভাব শুরু হয়। তার ব্যবসায় করোনা বড় ধাক্কা হয়ে আসে। এই মন্দাবস্থার মধ্যেই জার্মানি থেকে পাওয়া প্রায় ৪০০ কোটি টাকার অর্ডার বাতিল হয়ে যায়। যার পুরোটাই ক্ষতি হয়। এছাড়া আরও প্রায় ৫০ কোটি টাকার অর্ডারের সমস্যা হয়। ফলে, এই ক্ষতি প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে আসে। এ ধাক্কা সামলে উঠা অনন্তর পক্ষে কঠিন হয়ে পড়ে। ক্রমাগত ক্ষতির মুখে পড়ে এখন তিনি গার্মেন্ট শিল্প থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য, অনন্ত জলিল গার্মেন্ট শিল্প ও বাণিজ্যে অবদানস্বরূপ ২০১৪ সালে সিআইপি মর্যাদা পান। তিনি গার্মেন্ট ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা এবং অভিনয়ের সঙ্গে যুক্ত হন। তার প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মস থেকে এ পর্যন্ত প্রায় ১০টি সিনেমা প্রযোজনা করে ব্যাপক আলোচনায় আসেন। তার সিনেমায় অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন এবং বিশে^র বিভিন্ন দেশে সেগুলোর শুটিং করে দেশের চলচ্চিত্রকে বিশ^বাজারে উন্নীত করতে ভূমিকা রাখেন। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমা প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। প্রথম সিনেমার মাধ্যমেই তিনি বেশ আলোচনায় আসেন। এরপর তার প্রযোজনা সঙৃস্থা থেকে একে একে বেশ কয়েকটি সিনেমা নির্মিত হয়। এগুলোর মধ্যে ২০১১ সালে ‘হৃদয় ভাঙা ঢেউ’, ২০১২ সালে ‘দ্য স্পিড’, ২০১৩ সালে ‘মোস্ট ওয়েলকাম’, ‘ ২০১৩ সালে ‘নিঃস্বার্থ ভালবাসা’, ২০১৪ সালে ‘মোস্ট ওয়েলকাম-২’, ২০২২ সালে ‘দিন- দ্য ডে’ এবং সর্বশেষ ২০২৩ সালে ‘কিল হিম’ সিনেমাগুলো প্রযোজনা ও অভিনয় করেন। এছাড়া ‘নেত্রী-দ্য লিডার’, ‘দ্য স্পাই’ এবং ‘অপারেশন জ্যাকপট’ মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে।

মারিয়া রহমান অক্টোবর ০১, ২০২৬
ছবি: সংগৃহীত
ঈদে প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘মহব্বত’, নির্মাণে হিমেল আশরাফ

অ্যাকশনধর্মী সিনেমায় একের পর এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হওয়ার পর এবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।   বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্মাতা। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি পোস্টার। সেখানে কালো ওভারকোট পরা এক যুবককে এক তরুণীর হাত ধরে হাঁটতে দেখা যায়। পোস্টারের ওপর লাল অক্ষরে লেখা রয়েছে সিনেমাটির নাম—‘মহব্বত’।   সিনেমাটিতে শাকিব খান অভিনয় করছেন—এ তথ্য আগেই জানা গিয়েছিল। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।   নির্মাতা হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করে লিখেছেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”   ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে দুই বছরের বেশি সময় পর আবারও হিমেল আশরাফের পরিচালনায় কাজ করছেন শাকিব খান। এর আগে এই জুটি ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। দুটি সিনেমাতেই শাকিবের অভিনয় এবং হিমেলের নির্মাণ দর্শকদের মধ্যে আলোচনায় আসে।   সাম্প্রতিক সময়ে শাকিব খানকে অ্যাকশন ঘরানার সিনেমায় বেশি দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় অ্যাকশন চরিত্রে অভিনয়ের পর এবার তাকে ভিন্ন আবহের প্রেমের গল্পে দেখা যাবে।   চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব। এবার ‘মহব্বত’-এ প্রেমের গল্পের কেন্দ্রীয় চরিত্রে তার উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।   সিনেমাটির মুক্তির সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। আগামী বছরের কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মহব্বত’-এর।   আগের দুই সিনেমার মতো ‘মহব্বত’-এরও প্রযোজনায় থাকছেন আরশাদ আদনান। ফলে হিমেল আশরাফ, শাকিব খান ও আরশাদ আদনান—এই নির্মাতা, অভিনেতা ও প্রযোজকের সমন্বয়ে নতুন সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।   তবে সিনেমার গল্প, শাকিবের চরিত্র এবং নায়িকা হিসেবে কে থাকছেন—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।

আক্তারুজ্জামান অক্টোবর ০১, ২০২৬
ছবি: সংগৃহীত
মাঝরাতে অভিনেত্রীর দরজায় পরিচালক, স্বরা ভাস্করের বিস্ফোরক অভিজ্ঞতা

বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। অভিনেত্রীর দাবি, একবার রোমান্টিক দৃশ্যের মহড়ার কথা বলে তাঁকে একা ডেকে পাঠানোর পাশাপাশি মাঝরাতে তাঁর দরজায় কড়া নাড়েন ওই পরিচালক।   স্বরা জানান, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর বড় বাজেটের একটি ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। ছবিটির কাজ চলাকালে পরিচালকের আচরণ তাঁকে অস্বস্তি ও আতঙ্কের মধ্যে ফেলে দেয়। তাঁর ভাষ্য অনুযায়ী, রোমান্টিক দৃশ্যের মহড়ার কথা বলে পরিচালক তাঁকে একা ডেকে পাঠাতেন। এ ছাড়া ব্যক্তিগত বার্তা পাঠানো ও কবিতা পাঠানোর মতো ঘটনাও ঘটেছিল।   একদিন আবারও রোমান্টিক দৃশ্যের মহড়ার জন্য স্বরাকে একা ডাকা হয়। তখন তিনি জানতে চান, মহড়ার সময় আর কারা উপস্থিত থাকবেন। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, পরিচালক জানিয়েছিলেন, তাঁরা দুজনই বিষয়টি নিয়ে আলোচনা করবেন।   এ প্রস্তাবে আপত্তি জানিয়ে স্বরা বলেন, অভিনেতা ও ক্যামেরাপারসনকে ডাকা হয়ে থাকলে মহড়ার সময় তাঁদেরও উপস্থিত থাকা উচিত। শুধু দুজনের একান্তে মহড়া করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।   অভিনেত্রী জানান, পরে গেস্ট হাউসে গিয়ে তিনি দেখেন, পরিচালক ও চিত্রগ্রাহক বসে মদ্যপান করছেন। সেখান থেকে চিত্রনাট্য পড়ে কোনোভাবে নিজের কক্ষে ফিরে যান তিনি।   তবে ওই রাতেই পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে বলে জানান স্বরা। তাঁর দাবি, মাঝরাতে পরিচালক তাঁর কক্ষের দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে, তাঁর মনে হয়েছিল পরিচালক দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়তে পারেন।   শেষ পর্যন্ত দরজা খুললে মদ্যপ অবস্থায় পরিচালক তাঁকে জিজ্ঞেস করেন, তিনি স্বরাকে জড়িয়ে ধরতে পারেন কি না।   পরিচালকের এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে তাঁকে চলে যেতে বলেন বলে জানিয়েছেন অভিনেত্রী।   স্বরা ভাস্করের ভাষ্য অনুযায়ী, ক্যারিয়ারের শুরুর দিকের ওই অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে বেশ ধাক্কা দিয়েছিল। ঘটনাটি তুলে ধরে তিনি কর্মক্ষেত্রে ব্যক্তিগত সীমারেখা, নিরাপত্তা এবং নারীদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার বিষয়টি সামনে এনেছেন।

আক্তারুজ্জামান অক্টোবর ০১, ২০২৬
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী নুসরাত

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। কাজের প্রয়োজনে সেখানে গিয়ে আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।     বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।     জানা গেছে, কাজের একটি দায়িত্ব পালন করতে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনার পর আহত হন তিনি। চিকিৎসার কারণে বালিতে তার অবস্থানের সময়ও বাড়ানো হয়েছে।       তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং তার আঘাতের ধরন কী, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।     দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বালির কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরাত। কাজের পাশাপাশি সেখানে সময় কাটানোর মুহূর্তও দেখা গিয়েছিল সেসব ছবিতে।       এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন নুসরাত। টাইগার শ্রফ অভিনীত একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটিতে প্রথমবারের মতো টাইগারের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত। পাস্মিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও সিনেমাটিতে অভিনয় করছেন বলে জানা গেছে।       নুসরাতকে সর্বশেষ সোহম শাহর সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে।

মারিয়া রহমান অক্টোবর ০১, ২০২৬
হ্যালো সুপারস্টারস নিয়ে এলো “টক অফ দ্য টাউন"

বিশ্বের জনপ্রিয় ও ইউনিক সেলিব্রিটি –ফ্যান এনগেজমেন্ট অ্যাপ হ্যালো সুপারস্টারসের নিত্য নতুন আয়োজনের সাথে এবার যুক্ত হল 'টক অফ দ্য টাউন' নামের একটি ব্র্যান্ড নিউ পডকাস্ট আয়োজন। এই আয়োজনে অভিনয় এবং প্রযোজনার পর এবার নতুন রূপে দর্শকের সামনে হাজির হলেন মীরাক্কেল তারকা খালিদ মাহবুব তুর্য।    ‎এরই মধ্যে দেশের বিনোদন জগতের শিল্পী ও তারকারা হ্যালো সুপারস্টারস অ্যাপের আয়োজনে এবং তুর্যর সঞ্চালনায় এই পডকাস্টে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে   নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অনিমেষ আইচ থেকে শুরু করে অভিনয় শিল্পী আজাদ আবুল কালাম , রাশেদ মামুন অপু , ইমতিয়াজ বর্ষণ, নওশাবা, শার্লিন , সাবরিন আজাদ, মডেল তানজিদা জাকির সহ সংগীতশিল্পী  পুলক অধিকারী , প্রবর রিপণকে অতিথি হিসেবে দেখা গেছে এই আয়োজনে। দর্শকদের মাঝে ভীষণ সাড়া ফেলেছে টক অফ দ্য টাউন।  ‎ ‎খালিদ মাহবুব তুর্য জানান , তারকা নির্মাতা ও শিল্পীদের লাইফস্টাইল, দার্শনিক ভাবনা নিয়ে দর্শকদের মাঝে প্রবল কৌতূহল রয়েছে। এই পডকাস্টের মধ্যে দিয়ে তিনি তারকাদের জীবনের সেসব অজানা অধ্যায়ের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। সামনের পর্বগুলোতেও দেশের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেবেন বলে জানান তিনি। হ্যালো সুপারস্টারস অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনও প্রান্ত থেকে এই পডকাস্ট উপভোগ করতে পারবেন দর্শকরা।    হ্যালো সুপারস্টারস অ্যাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট প্রযুক্তিবিদ  ড. কামরুল আহসান বলেন, “তারকাদের নিয়ে তাদের ফ্যানদের আগ্রহ চিরন্তন। প্রিয় তারকাদের সাথে তাদের ভক্তবৃন্দের সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে হ্যালো সুপারস্টারস অ্যাপের এই অভিযাত্রায় পডকাস্ট আয়োজন একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। সময় ও ব্যবহারকারীদের চাহিদার সাথে তাল মিলিয়ে আগামী দিনগুলোতে এরকম আরও চমক নিয়ে আসছে হ্যালো সুপারস্টারস অ্যাপ।"

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ৩০, ২০২৬
সংগৃহীত ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’র প্রদর্শনী বন্ধ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্র ইতিহাসের দুই কালজয়ী সিনেমা ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে এবার সেই প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।     সম্প্রতি সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে।     জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও প্রশংসিত এই দুই সিনেমার প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা ও দর্শকদের একাংশ।       বিষয়টি নিয়ে সরব হয়েছেন চলচ্চিত্র দুটির পরিচালক ও প্রযোজক, বিশিষ্ট নির্মাতা তানভীর মোকাম্মেলও।     নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একাধিক পোস্ট শেয়ার করেছেন তিনি।     বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বিশেষ গুরুত্ব রয়েছে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’র। দুটি সিনেমাই দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগে স্বীকৃতি পেয়েছে।     তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০০১ সালে।     সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে উঠে এসেছে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও গ্রামীণ সমাজের নানা বাস্তবতা। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকীর আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ দেশের একঝাঁক গুণী অভিনয়শিল্পী।       অন্যদিকে, ১৯৪৭ সালের দেশভাগ ও তৎকালীন সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত ‘চিত্রা নদীর পারে’ মুক্তি পায় ১৯৯৯ সালে। দেশভাগের অভিঘাত ও মানুষের জীবনের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমাটিও বাংলা চলচ্চিত্রের উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত।     সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবীসহ অনেকে।   দীর্ঘদিন ধরে বিমানের যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসা এমন দুটি প্রশংসিত সিনেমার প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে কী কারণে সিনেমা দুটি আর বিমানের ফ্লাইটে দেখানো হবে না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

মারিয়া রহমান সেপ্টেম্বর ৩০, ২০২৬
সংগৃহীত ছবি
নিজেকে গ্রহণ করলেই সৌন্দর্যের শুরু : শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। এবার আবেদনময়ী সাজে একের পর এক ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ করে আবারও নজর কেড়েছেন তিনি।    অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও সাজপোশাক নিয়েও নিয়মিত ভক্ত-অনুরাগীদের নজর কাড়েন শ্রাবন্তী। এবারও তার ব্যতিক্রম নয়; নতুন ছবিতে সেই পরিচিত মুগ্ধতা খুঁজে পেয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।    অভিনেত্রী ভক্ত-অনুরাগীদের মাঝে মোহনীয় সাজে তার নতুন ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন। মাত্র ২৩ ঘণ্টায় ছবিগুলোতে প্রতিক্রিয়া পড়েছে ১০ হাজারের বেশি।    সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর অনুসারীর সংখ্যা নেহাত কম নয়। তাই তার নতুন কোনো ছবি প্রকাশ পেলেই তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন ছবিগুলো প্রকাশের পরপরই প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।   ছবিতে শ্রাবন্তীকে দেখা গেছে আবেদনময়ী পোশাকে নজরকাড়া সাজে। খোলা চুল, কালো টপসে পরিপাটি সাজ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে যেন অন্যরকম মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। তার রূপে মুগ্ধ হয়ে ভক্ত-অনুরাগীদের অনেকেই ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন।   সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ করে শ্রাবন্তী লিখেছেন—‘সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।’   অভিনেত্রীর এ বার্তার পাশাপাশি তার সাজও নজর কেড়েছে নেটিজেনদের। কেউ প্রশংসা করেছেন তার সৌন্দর্যের, আবার কেউ মুগ্ধ হয়েছেন আত্মবিশ্বাসী উপস্থিতিতে।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ৩০, ২০২৬
ব্যান্ড ‘শিরোনামহীন’। ছবি - সংগৃহীত
এক সপ্তাহে চার কনসার্ট, ছুটছে ‘শিরোনামহীন’

শীতের কনসার্ট মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই ব্যস্ত হয়ে উঠছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। একের পর এক স্টেজ শোতে অংশ নিতে যাচ্ছে ব্যান্ডটি। আগামী ছয় দিনে দেশের বিভিন্ন প্রান্তে চারটি কনসার্টে গান শোনাবে তারা।   শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ‘শিরোনামহীন’-এর প্রধান জিয়াউর রহমান। তিনি জানান, আগামী ছয় দিনের মধ্যে চারটি কনসার্টে পারফর্ম করবে ব্যান্ডটি।   আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার কবি নজরুল সরকারি কলেজ মাঠে কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে তাদের এই ব্যস্ততা। কলেজটির ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে গান পরিবেশন করবে ‘শিরোনামহীন’।   এরপর ৩০ সেপ্টেম্বর গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে পারফর্ম করবে ব্যান্ডটি। পরদিন ১ অক্টোবর ঢাকার রেনেসাঁ হোটেলে একটি কনসার্টে অংশ নেবে তারা। ব্যস্ততার শেষ আয়োজনটি হবে ২ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।   সাম্প্রতিক সময়ে দেশের কনসার্ট আয়োজন নিয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিভিন্ন সময়ে একাধিক কনসার্ট বাতিল কিংবা স্থগিত হওয়ার খবরও এসেছে। এমন পরিস্থিতির মধ্যেই পরপর চারটি কনসার্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ‘শিরোনামহীন’। ব্যান্ডটির সদস্যরা মনে করছেন, নিয়মিত কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে আবারও সংগীতাঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং শিল্পী-শ্রোতার মধ্যে তৈরি হবে নতুন সংযোগ।   বর্তমানে ‘শিরোনামহীন’-এর লাইনআপে রয়েছেন জিয়াউর রহমান (বেজ গিটার), কাজী আহমাদ শাফিন (ড্রামস ও সরোদ), শেখ ইশতিয়াক (ভোকাল), সাইমন চৌধুরী (কিবোর্ড) এবং সুদীপ্ত সিনহা দিপু (গিটার)।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত
এআই অভিনেতারা আলুর মতো অভিনয় করে: মারিয়ন কোতিয়ার

সান সেবাস্টিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে চলচ্চিত্রশিল্পের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপট ও চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে খোলাখুলি কথা বলেছেন অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিয়ন কোতিয়ার। মর্যাদাপূর্ণ দোনেস্তিয়া অ্যাওয়ার্ড জয়ের পাঁচ বছর পর নিজের নতুন চলচ্চিত্র ‘৭এইচ৪০ সে জুর-লা’-এর বিশ্ব প্রিমিয়ারে উৎসবে ফিরে এসে তিনি ওটিটি বা স্ট্রিমভিত্তিক প্ল্যাটফর্মের দাপট এবং রুপালি পর্দায় এআই প্রযুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করেন। এআই প্রযুক্তির প্রসার ঘটলেও বর্তমানের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কাল্পনিক বা ভার্চুয়াল অভিনেতারা যে অত্যন্ত নিষ্প্রাণ এবং তাদের অভিনয় ‘আলুর মতো’ বলে রসিকতা করেন তিনি।    আসল ও কৃত্রিম অভিনেতার তফাৎ বোঝা এখনো বেশ সহজ মন্তব্য করে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।   সংবাদ সম্মেলনে মারিয়ন কোতিয়ার বলেন, যেদিন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো অভিনেতার অভিনয় দেখে আমার ভেতরে আবেগ অনুভূতি তৈরি হবে, সত্যি বলতে সেদিন আমি ভীষণ ভয় পেয়ে যাব। আপাতত ওদের অভিনয় দেখে মনে হয় যেন আলু হয়ে দাঁড়িয়ে আছে, আর এটাই আমাকে স্বস্তি দিচ্ছে। তবে আমি ভাবি, কোনো দিন কি সত্যিই তেমন কিছু ঘটবে? কোনো দিন কি এআই অভিনেতার কাছে আমি এভাবে বোকা বনে যাব? স্বীকার করতেই হবে, বিষয়টা আমাকে ভাবায় এবং কিছুটা শঙ্কিতও করে।   কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে মারিয়নের এই স্পষ্ট অবস্থান মূলত হলিউড তারকা টম ক্রুজের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গেও সুর মেলায়। সম্প্রতি ‘মিশন ইম্পসিবল’ খ্যাত এই তারকা বাফটার সঞ্চালক এডিথ বোম্যানের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন, চলচ্চিত্র নির্মাণে মানুষের নিজস্ব সৃজনশীলতার একটি অনন্য ও অলঙ্ঘনীয় স্থান রয়েছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্ডাস্ট্রির বড় অংশ হয়ে উঠলেও দর্শকরা সব সময় মানুষের সত্যিকারের অভিনয় এবং প্রকৃত শিল্পীদের কাজকেই প্রাধান্য ও কদর দেবে।   সান সেবাস্টিয়ান উৎসবে পরিচালক নিকোল গার্সিয়ার পরিচালিত সিনেমা ‘৭এইচ৪০ সে জুর-লা’-এর প্রিমিয়ারে যোগ দিয়েছেন মারিয়ন। ছবিটি উৎসবের সেরা সম্মাননা ‘গোল্ডেন শেল’-এর দৌড়ে লড়াই করছে, যেখানে মোট ১৭টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। ছবির মূল উপজীব্য হলো— এলিস নামের এক নারী এক শান্ত মফস্বল শহরে এসে স্থানীয় ক্যাফেতে কাজ শুরু করেন এবং সহজেই অন্যের সাধারণ জীবনে মিশে যান। তবে তার আগমন কোনো আকস্মিক ঘটনা নয়, কারণ কাছেই গ্যারেজে কর্মরত তরুণ মেকানিক মিলোর টানেই সেখানে এসেছেন তিনি। মিলোর কাছে এলিস একজন অচেনা মানুষ হলেও, এলিসের কাছে মিলো সেই ফেলে আসা অতীতের বন্ধন। পুরোনো চাপা উত্তেজনা ও টানাপোড়েন যখন আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তখন দুজনেই এক কঠিন মোড়ে এসে দাঁড়ায়—বহু বছর আগে ভেঙে যাওয়া সম্পর্ক কি ফের জোড়া লাগানো সম্ভব?   এই চলচ্চিত্রে মারিয়ন কোতিয়ারের সাথে অন্যান্য মুখ্য ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন থিওডোর পেলরিন, আর্তুস, লরে কালামি, অ্যালেক্সিস মানেন্তি, অ্যান ব্রোশে, এরিক এলমসনিনো এবং চার্লস বার্লিং।   সূত্র: রয়টার্স, এনডিটিভি

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত
কালো গাউনে নজর কাড়লেন রাশমিকা

ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে বসেছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। আন্তর্জাতিক এই ফ্যাশনে অভিষেকেই নজর কাড়লেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।    রাশমিকার পরনের গাউনটি অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে একটি বিশেষ পোশাক। স্বচ্ছ কালো লেস, ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক ও ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি গাউনটিতে ছিল আধুনিকতা ও নাটকীয়তার মিশেল।   রাশমিকার পরা এই গাউনটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা। কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে ও নানা ধরনের সারফেস এমবেলিশমেন্টে ফুটিয়ে তোলা হয়েছে জটিল সব নকশা।   স্লিভলেস ও হাই-নেক নকশার মেঝেছোঁয়া গাউনটির সিলুয়েটে রয়েছে কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক যোগ করেছে গ্ল্যামারের আবহ। গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলারও বাড়িয়েছে লুকের আকর্ষণ।   পোশাকের নকশাই যেহেতু ছিল মূল আকর্ষণ, তাই গয়নায় রাখা হয়েছে মিনিমাল টাচ। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটিতে সেজেছেন রাশমিকা। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে পূর্ণতা পেয়েছে তাঁর সাজ। সঙ্গে ছিল গুচির ব্যাগ।   ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদ্‌যাপনকে সামনে রেখে মিলানে আয়োজন করা হয়েছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন। এভাবে ফ্যাশনের নানা অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।   বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে আন্তর্জাতিক এই ফ্যাশন মঞ্চ। সেখানেই ভারতীয় ডিজাইনারের তৈরি ৩৫০ ঘণ্টার কালো গাউনে রাশমিকার লুক আলাদা করে নজর কেড়েছে।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত
বানসালির সিনেমায় সাহসী দৃশ্যে আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ্রিলার ঘরানার গল্প নিয়ে সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর লুক প্রকাশ পেয়েছে। এ সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালি। এ সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর।    সম্প্রতি বহুল প্রতীক্ষিত এ সিনেমার নতুন লুক সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। যেখানে এক গ্ল্যামারাস রূপে দেখা গেছে অভিনেত্রী আলিয়া ভাটকে।  নতুন সিনেমার এ পোস্টারে আবেদনময়ী এক রেট্রো ক্যাবারে অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী, যা রীতিমতো ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে আলিয়া ভক্ত-অনুরাগীদের মনে। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমাটি।   নতুন লুক প্রকাশে আলিয়াকে দেখা গেছে একটি চেয়ারে বসে থাকতে। পরনে ছিল আকর্ষণীয় স্লিট স্কার্ট ও মাথায় বিশেষ এক ধরনের হেডপিস। রাজসিক লুক, পোজ আর চোখের তীব্র অভিব্যক্তিতে রেট্রো আমেজ ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। এ পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতারা ছবির ক্যাপশনে লিখেছেন— 'আগ ভি, দিলো কি জান ভি!' (আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও!)।    পিরিয়ড ড্রামার বাধাধরার গণ্ডি থেকে বেরিয়ে এসে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নির্মাণ করছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এটি নির্মাতার সঙ্গে আলিয়া ভাটের দ্বিতীয় কাজ। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পর আবারও বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে পুনরায় পর্দা শেয়ার করে নিলেন আলিয়া ভাট।   এর আগে একই সিনেমা থেকে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছিল। প্রধান তারকাদের লুক উন্মোচনের মধ্য দিয়েই সিনেমাটির অফিশিয়াল প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। তবে এবার যেন আলিয়ার উপস্থিতি সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের উন্মাদনা দ্বিগুণ বাড়িয়ে দিল।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক এমির চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলনের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছে।   ২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে প্রামাণ্যচিত্রটি। এটি আল জাজিরার অনুসন্ধানী বিভাগ ‘আল জাজিরা ইনভেস্টিগেটস’-এর ব্যানারে নির্মিত এবং কাতারের প্রতিনিধিত্ব করছে।   প্রামাণ্যচিত্রটির প্রধান গবেষক ও ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেছেন বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।   সায়ের জানান, এই স্বীকৃতি তাকে সম্মানিত ও আনন্দিত করেছে। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনের কঠিন সময় পার করা শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও তাদের স্বজনদের এই কাজের প্রধান দাবিদার হিসেবে উল্লেখ করেন তিনি।   মনোনয়নের খবরে দেশের নির্মাতাদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা গেছে। নির্মাতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে সায়ের ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। নির্মাতা আশফাক নিপুণও অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।   আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন, ড্রামা, রিপোর্ট ও প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা করবে। যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোর নির্মাণকে কেন্দ্র করে এ আয়োজন অনুষ্ঠিত হয়।   আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের ৫৪তম আসর। এবারের মনোনয়ন তালিকায় বিশ্বের ২২টি দেশের বিভিন্ন নির্মাণ ও শিল্পী স্থান পেয়েছেন।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ২৫, ২০২৬
মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর শিরতাজ জাহান জেবিন। ছবি: সংগৃহীত
বাগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জেবিন

ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর শিরতাজ জাহান জেবিন শুরুতে ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও পরবর্তী সময়ে বিনোদন জগতে পা রাখেন। অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-এ ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয় করে দর্শকদের পরিচিতি পান।    সম্প্রতি অভিনেত্রীর বাগদান হয়েছে— এমন খবর সামাজিক মাধ্যমে প্রকাশ হলেও বিষয়টি সরাসরি অস্বীকার করেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তার কোনো বাগদান হয়নি।   জেবিন বর্তমানে দেশের বাইরে আছেন। বাবার চিকিৎসার জন্যই তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান। এই সময়ে তার পুরো মনোযোগ বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি। কিন্তু এর মধ্যেই বাগদানের খবর শুনে ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী। এমন সংবেদনশীল সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশে বিব্রত হয়েছেন তিনি।    সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখপূর্বক ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন জেবিন। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।’   জেবিন বলেন, ‘একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এমন দায়িত্বশীলতাই প্রত্যাশিত।’   তিনি বলেন, ভুল সংবাদ শুধু একজন ব্যক্তির ভাবমূর্তিতে প্রভাব ফেলে না, এর প্রভাব পড়ে তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও। তাই সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা হোক। সংবাদ হোক তথ্যনির্ভর, অনুমাননির্ভর নয়। 

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
টালিউড অভিনেত্রী ইধিকা পাল ও জিৎ। ছবি: সংগৃহীত
দেবের পর এবার জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের মাটি শক্ত করা যে খুব সহজ ছিল তা নয়, নিজগুণে সেই জায়গা তৈরি করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। দেবের সঙ্গে একের পর এক সিনেমায় জুটি বেঁধে ইতোমধ্যে সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছেন তিনি।   এবার টালিপাড়ার আরও এক প্রথম সারির নায়কের সঙ্গে নাকি এক ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। জানা গেছে, দেবের পর এবার জিতের নায়িকা হিসাবে দেখা যাবে ইধিকা পালকে।   গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় জিতের বিপরীতে অভিনেত্রী ইধিকা পালকে দেখা যেতে পারে। সিনেমাটি এসকে মুভিজের প্রযোজনায় তৈরি হওয়ার কথা রয়েছে।    যদিও এ সিনেমার বিষয়ে এখন পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। অভিনেতা জিৎ কিংবা ইধিকাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।   উল্লেখ্য, অভিনেতা দেবের সঙ্গে ইধিকার জুটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। একের পর এক সিনেমা পাগলুখ্যাত অভিনেতার বিপরীতে দেখা গেছে তাকে। সেই সিনেমাগুলোর সাফল্যের পর টালিপাড়ায় ইধিকা পালের চাহিদা যে বেড়ে গেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।    সম্প্রতি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন ইধিকা পাল। সেখানেও যিশু সেনগুপ্তের সঙ্গে একফ্রেমে দেখা যাবে অভিনেত্রীকে। নতুন সিনেমার সবটাই এখন নাকি আলোচনা স্তরে।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
রাতে ভালো ঘুমের জন্য মানুন বিশেষজ্ঞদের পরামর্শ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পড়াশোনা, নতুন বন্ধু, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রমে অনেকে ব্যস্ত হয়ে পড়েন। ফলে রাত জাগার অভ্যাস তৈরি হয়। তবে এই সময়ে ঘুমকে অবহেলা করলে পড়াশোনা, স্মৃতিশক্তি এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।    নতুন কিছু শেখা এবং তা মনে রাখার ক্ষেত্রে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে হোস্টেলের নতুন পরিবেশে মানিয়ে নিতে প্রায় কয়েক সপ্তাহ লেগে যায়। স্বাভাবিকভাবেই এতে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।    বিশেষজ্ঞদের মতে, সকালে কিছুক্ষণ রোদের আলোতে থাকা, বিছানার চাদর পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো রাতে ঘুমের মান উন্নত করে।    সকালে রোদে থাকুন যুক্তরাজ্যের অধিবাসী, মনোবিজ্ঞানী ও শিক্ষার্থীদের ঘুম, মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ জো বেকার বলেন, সকালে প্রাকৃতিক আলো শরীরে অভ্যন্তরীণ ঘড়ি বা বডি ক্লক নিয়ন্ত্রণে সাহায্য করে। তিনি শিক্ষার্থীদের বেলা ১১টার আগেই কিছু সময় বাইরে থাকার পরামর্শ দেন।    সকালের আলো মস্তিষ্ককে গুরুত্বপূর্ণ সংকেত দেয় এবং ঘুম ও জেগে থাকার স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণ করে।    বেকারের মতে, রাতে ভালো ঘুম নির্ভর করে সকালে কখন ঘুম থেকে উঠছেন তার ওপর। তাই প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে ঘুমের স্বাভাবিক ছন্দ বজায় থাকে।   জোর করে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন না ঘুমের সমস্যা হলে অনেক শিক্ষার্থী হারানো ঘুম পুষিয়ে নিতে স্বাভাবিক সময়ের অনেক আগে বিছানায় যাওয়ার চেষ্টা করেন। এত সমস্যা আরও বাড়তে পারে বলে মনে করেন বেকার।    তার মতে, ঘুম না এলেও দীর্ঘ সময় বিছানায় পড়ে থাকলে মস্তিষ্ক বিছানাকে ঘুমের বদলে হতাশা ও জেগে থাকার সঙ্গে গুলিয়ে ফেলতে পারে।    ক্যাফেইন গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন পর্যাপ্ত ঘুম না হলে অনেক শিক্ষার্থী দিনের বিভিন্ন সময়ে ক্যাফেইনযুক্ত পানীয় পান করেন। কিন্তু ক্যাফেইন শরীরে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। ফলে স্বাভবিক ঘুম আসার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। অ্যালকোহল গ্রহণের ক্ষেত্রেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অ্যালকোহল পানের পর ঘুম ঘুম ভাব হতে পারে। কিন্তু বেকারের মতে, অতিরিক্ত অ্যালকোহল স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।    ঘুমানোর আগে মনকে শান্ত হওয়ার সময় দিন ঘুমানোর আগে স্বস্তিদায়ক রুটিন তৈরি করলে ঘুমের জন্য শরীর ও মন প্রস্তুত হতে শুরু করে। সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সি নৃত্য বিভাগের শিক্ষার্থী আনা মে ডিক্সন বলেন, ঘুমানোর আগে গরম পানিতে গোসল করলে তিনি আরাম অনুভব করেন।    গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে গরম পানি দিয়ে গোসল করার কারণে শরীরের তাপমাত্রা কমে আসে, যা মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করে।   পাশাপাশি বিশেষজ্ঞরা ঘুমানোর আগে বই পড়া, শান্ত গান শোনা ও পডকাস্ট শোনার পরামর্শ দেন।    সূত্র: সামা টিভি

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ফাইল ছবি
হৃদয় জড়ানো অনুভূতি নিয়ে তমা মির্জার বার্তা

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর অভিনয়ের পাশাপাশি মন চলে যায় ভক্ত-অনুরাগীদের মাঝে। ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নেন তিনি। এবার তেমনই একটি পোস্ট শেয়ার করে নিলেন অভিনেত্রী, যা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।   এদিকে সম্প্রতি তমা মির্জা করপোরেট জীবনেও পা রেখেছেন। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর মধ্যেই তার নতুন এই পোস্ট ভক্ত-অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।   এবার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। সেই পোস্টে একটি আবেগঘন ক্যাপশন দিয়েছেন তমা মির্জা। সেই আবেগপ্রবণ পোস্টও ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহল জন্ম নিয়েছে।   পোস্ট করা ছবিতে দেখা গেছে, কালো রঙের ফুলেল নকশার পোশাকে বেশ স্নিগ্ধ সাজে তমা মির্জা। খোলা চুল, কপালে ছোট টিপ, আর মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর  তার সেই পোস্ট করা ছবির চেয়ে বেশি কৌতূহল জেগেছে তার ক্যাপশন। তিনি লিখেছেন— ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’   তমা মির্জার এই আবেগঘন পোস্ট ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা। ভক্ত-অনুরাগীরাও মন্তব্যে নিজেদের অনুভূতি জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেক নেটিজেন লিখেছেন—‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
মধ্যরাতে মেকআপহীন ছবি পোস্ট সাদিয়ার

পুরোনো কিছু ছবি অন্তর্জালে টুকে রাখতেই হঠাৎ করে মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।   মঙ্গলবার দিনগত রাত ২টা ৬ মিনিটে ছবি পোস্ট করেন তিনি।    সেই পোস্টে মেকআপহীন সাদামাটা চেহারার তিনটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। দুটি সেলফি। তার হাতে ফুলের তোড়া। বুঝতে অসুবিধা নেই, ফুল উপহার পেয়েছেন তিনি। অন্য ছবিতে দেখা গেছে, ফুলের সঙ্গে বসে আছে তার প্রিয় বিড়াল।   সাত মাস আগে ফুলের তোড়াটি উপহার পেয়েছিলেন সাদিয়া আয়মান। তখনই তুলেছিলেন এ সেলফি। কিন্তু কোনো কারণে তা আর পোস্ট দেওয়া হয়নি। সে জন্য মাঝরাতে উন্মুক্ত করলেন ফেসবুকে।   সামাজিক মাধ্যমে মধ্যরাতে ফুলের সঙ্গে ছবি দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী সাদিয়া বলেন, ‘আমি কাউকে একদমই রাত ২টায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু আমার এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’   সামাজিক মাধ্যমে মেকআপহীন সাদিয়া আয়মানকে দেখে নেটিজেনসহ তার ভক্ত-অনুসারীরাও ভীষণ খুশি। এক নেটিজেন লিখেছেন— ‘ভুবন ভুলানো হাসি’;  আরেক নেটিজেন লিখেছেন— ‘সাত মাস দেরি হলেও কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়। একদম ন্যাচরাল লুকেও দারুণ লাগছে’।    উল্লেখ্য, নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে’ সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে নির্মিত এই বিশেষ নাটকে সাদিয়া আয়মানের  সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। আরও রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশার প্রমুখ। ১৯ সেপ্টেম্বর এটি এসেছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৩২ লাখ।     অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘রাতের আকাশের তারা’। অবশ্য বরাবরের মতোই কোনো এক মন্তব্যের প্রতক্রিয়া দেননি অভিনেতা।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ফাইল ছবি
দুবাইয়ে বর্ষবরণে মঞ্চ মাতাবেন কেটি পেরি

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি এবার দুবাইয়ের বিখ্যাত ‘আটলান্টিস, দ্য পাম’ হোটেলের বার্ষিক নববর্ষ গালা ডিনারে গান গাইবেন। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ রাতে এই জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি দর্শকদের সঙ্গে ২০২৭ সালকে স্বাগত জানাবেন।   মার্কিন পপতারকা কেটি পেরি এবার বর্ষবরণ অনুষ্ঠানে গালা ডিনারে গান গাইবেন। নতুন বছরকে স্বাগত জানাতে খোলা আকাশের নিচে তারার আলোয় তিনি তার ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও ‘লাস্ট ফ্রাইডে নাইট’-এর মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। আর ‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত আকাশজুড়ে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে এই জমকালো আয়োজনের সমাপ্তি ঘটবে।   আটলান্টিস দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার বিশ্বমঞ্চের এই জনপ্রিয় পপ সংগীতশিল্পীকে প্রধান শিল্পী হিসেবে পেয়ে তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার কথা ব্যক্ত করেছেন। ব্ল্যাক-টাই গালাটি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। অতিথিদের ওয়েলকাম ড্রিংকসের পর বাইরের মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি পুরো সন্ধ্যাজুড়ে সংগীত পরিবেশন করবে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ড।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
২ হাজার ৪৯০ কোটির ধাক্কা সামলেও ধনীদের তালিকায় শীর্ষে শাহরুখ

সম্পদের হিসাবে বড় ধাক্কা, কমল হাজার হাজার কোটি তবু শাহরুখ খানের রাজত্বে পড়েনি ভাটা। কারণ সুখবর হলো, সম্পদের অঙ্ক কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ঠিকই ধরে রেখেছেন বলিউড বাদশাহ।   ২০২৬ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন শাহরুখ খান। এবারের তালিকায় তার আনুমানিক সম্পদের পরিমাণ ধরা হয়েছে ১০ হাজার কোটি রুপি।   ২০২৫ সালের তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরের ব্যবধানে এবারের হিসাবে তার সম্পদ কম দেখানো হয়েছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবে এর অর্থ এই নয় যে শাহরুখ বাস্তবে এক বছরে এত অর্থ হারিয়েছেন।   হুরুনের এই হিসাব মূলত বিভিন্ন ব্যাবসা, বিনিয়োগ ও সম্পদের আনুমানিক মূল্যায়নের ওপর নির্ভর করে। বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মূল্যায়ন পরিবর্তিত হলে মোট সম্পদের হিসাবেও বড় পার্থক্য দেখা দিতে পারে। শাহরুখের সম্পদের মধ্যে রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ব্যাবসায়িক স্বার্থ। জমি-বাড়ি, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের মূল্যও এই হিসাবের অংশ।   এর আগে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি ধরা হয়েছিল। অর্থাৎ বিভিন্ন তালিকায় তার সম্পদের হিসাবেও কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।   অন্য অভিনেতাদের অবস্থানও এবার বেশ আলোচনায়। তালিকায়—   আমিতাভ বাচ্চান: আনুমানিক সম্পদ ৪ হাজার কোটি রুপি। ২০২৫ সালে তার সম্পদের হিসাব ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি।   সালমান খান : আনুমানিক সম্পদ ৩ হাজার কোটি রুপি।   হৃতিক রোশান : আনুমানিক সম্পদ ২ হাজার ৫০০ কোটি রুপি। ২০২৫ সালে তার সম্পদের হিসাব ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। তার ফিটনেস ও জীবনধারাভিত্তিক ব্র্যান্ড এইচআরএক্সও তার ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ।   তবে তালিকায় এবার নেই জুহি চাওলা ও কারাণ জোহর। ২০২৫ সালের তালিকায় জুহি চাওলার সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি এবং কারাণ জোহরের ১ হাজার ৮৮০ কোটি রুপি।   শুধু অভিনেতারাই নন, চলচ্চিত্র ব্যাবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এবারের তালিকায় জায়গা পেয়েছেন। ‘রামায়ণ’ সিনেমার প্রযোজক নমিত মালহোত্রার বাবা নরেশ মালহোত্রার আনুমানিক সম্পদ ১৬ হাজার কোটি রুপি। এছাড়া প্রযোজক ভূষণ কুমার, রনি স্ক্রুওয়ালা ও কালানিথি মারানের নামও রয়েছে তালিকায়।   এদিকে সম্পদের হিসাবের এই চমকের পর শাহরুখের ভক্তদের নজর এখন তার নতুন সিনেমা ‘কিং’-এর দিকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অাভিষেক বাচ্চান ও সুহানা খান। রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও জ্যাকি শ্রফকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।   সূত্র : হিন্দুস্তান টাইমস

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৪, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

ছবি: সংগৃহীত
খেলাধুলা

অবশেষে প্রকাশ পেল মেসির শেষ ম্যাচের বিশেষ জার্সির ছবি

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৬, ২০২৬