প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় (পলিসি ও স্ট্র্যাটেজি) থাকা এই উপদেষ্টা এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পরে রোববার (১৫ মার্চ) ডা. জাহেদ উর রহমান নিজেই প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ও ৪ মার্চ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব ও দফতর বণ্টন এবং পুনর্বণ্টন করা হয়েছিল। এর পর প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব পুনরায় বণ্টন করা হয়েছে। তবে আগের দুটি প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোট ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। তাদের মধ্যে ডা. জাহেদ উর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতি ও কৌশলগত বিষয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।