ওমান প্রবাসী কর্মীদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে। নতুন সুরক্ষানীতির আওতায় আগামী ২০২৭ সাল থেকে দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প চালু হবে।
মঙ্গলবার রাজধানী মাস্কাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওমানের সামাজিক সুরক্ষা তহবিল (এসপিএফ) এই তথ্য জানায়।
এসপিএফ জানায়, নতুন কর্মসূচিতে প্রথাগত ‘এন্ড-অফ-সার্ভিস গ্র্যাচুইটি’ বা চাকরি শেষের ক্ষতিপূরণ ব্যবস্থার বদলে একটি সুশৃঙ্খল সঞ্চয় ব্যবস্থা কার্যকর করা হবে। এর অধীনে নিয়োগকর্তারা প্রবাসী কর্মীদের মূল বেতনের ৯ শতাংশ তহবিলে জমা দেবেন। মূল লক্ষ্য হলো চাকরি শেষে বিদেশি কর্মীদের আর্থিক অধিকার আরও সুসংহত করা।
এছাড়া, বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্পের পাশাপাশি ২০২৬ সালে সব কর্মীর জন্য অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে একটি বিমা প্রকল্প চালু করা হবে। ২০২৮ সালে প্রবাসী কর্মীদের জন্য কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত বিমাও বাধ্যতামূলক করা হবে। উভয় প্রকল্পে বেতনের এক শতাংশ অর্থ তহবিলে জমা হবে, যা সম্পূর্ণভাবে নিয়োগকর্তার ব্যয়ভার বহন করবে।
নতুন এই উদ্যোগের ফলে ওমানের শ্রমবাজারে প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।