আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ প্রশাসন। সভায় ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, ঈদ উপলক্ষে যাত্রী হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদের সময় সব পরিবহনে নির্ধারিত ভাড়াই আদায় করতে হবে। একইসঙ্গে লাইসেন্সপ্রাপ্ত চালক ও হেল্পার দিয়ে যানবাহন পরিচালনা এবং মহাসড়কে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাশ কুমার সিংহ, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) আব্দুর নূরসহ জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।