রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। নগরীর দীর্ঘদিনের যানজট নিরসন, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে রাজধানীর পরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালু, বিদ্যুৎচালিত বাসের প্রচলন, মেট্রোরেলের সঙ্গে অন্যান্য পরিবহন মাধ্যমের সংযোগ বাড়ানো, গুরুত্বপূর্ণ এলাকায় মনোরেল চালুর সম্ভাবনা যাচাই এবং পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের বিষয়গুলো পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি বর্ষাকালে নিরবচ্ছিন্ন যাতায়াত, ডিজিটাল বাস ব্যবস্থাপনা, উন্নত চার্জিং অবকাঠামো এবং যাত্রীবান্ধব পরিবহনসেবা গড়ে তোলার উদ্যোগও বিবেচনায় রয়েছে।
সরকারের এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে গণপরিবহনকে নিরাপদ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশসম্মত করে তোলা। এর মাধ্যমে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি ঢাকাকে আধুনিক নগর পরিবহনের উপযোগী করে গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
ঢাকা দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে যাতায়াত করেন। কিন্তু জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পরিবহন অবকাঠামো এবং ব্যবস্থাপনার উন্নয়ন না হওয়ায় নগরবাসীর যাতায়াত ক্রমেই কঠিন হয়ে উঠেছে।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যার মধ্যে রয়েছে অসহনীয় যানজট, বাসের বিশৃঙ্খল চলাচল, যাত্রী ওঠানামায় অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত সময়সূচির অভাব, নারীদের নিরাপত্তাহীনতা এবং বায়ুদূষণ। সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যান চলাচল করায় অনেক এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। এর সঙ্গে অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও অপরিকল্পিত বাসস্টপেজ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ পরিস্থিতিতে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাসের রুট পুনর্বিন্যাস, নির্ধারিত স্টপেজ, সময়সূচি অনুসরণ, ডিজিটাল নজরদারি, সমন্বিত টিকিটব্যবস্থা এবং যানবাহনের মান নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক বাসসকে বলেন, ‘ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। স্বল্পমেয়াদে বাস চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন প্রয়োগে জোর দিতে হবে। মধ্যমেয়াদে রুট পুনর্বিন্যাস, বাসভিত্তিক সমন্বিত সেবা এবং গণপরিবহনের মান উন্নয়ন জরুরি। আর দীর্ঘমেয়াদে মেট্রোরেল, বাস ও অন্যান্য পরিবহনব্যবস্থার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘পরিকল্পনা গ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো এর ধারাবাহিক বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা। পাশাপাশি পথচারী, নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, পরিবহন খাতে শৃঙ্খলা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণকে সমান গুরুত্ব দিতে হবে।’
রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রতিদিন বাসে অতিরিক্ত ভিড়, হয়রানি ও নিরাপত্তাসংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। নারীদের জন্য পৃথক বাসসেবা সম্প্রসারণ করা গেলে তাদের নিরাপদ যাতায়াতের বিকল্প তৈরি হবে। তবে শুধু পিংক বাস চালুর মধ্যেই সীমাবদ্ধ না থেকে সাধারণ গণপরিবহনেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য কার্যকর নজরদারি, অভিযোগ জানানোর ব্যবস্থা, চালক ও সহকারীদের প্রশিক্ষণ এবং হয়রানির ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বাসসকে বলেন, ‘রাজধানীর গণপরিবহনব্যবস্থাকে নিরাপদ, আধুনিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ চালুর করা হয়েছে। একই সঙ্গে সাধারণ গণপরিবহনেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হচ্ছে।’
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও সরকারের পরিবহন আধুনিকায়ন উদ্যোগের অন্যতম অংশ। জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানো গেলে সড়কে সরাসরি নির্গত দূষণকারী পদার্থ কমানো সম্ভব হবে। এজন্য বাস ডিপো, গুরুত্বপূর্ণ টার্মিনাল ও পরিবহনকেন্দ্রে পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ব্যাটারি ব্যবস্থাপনার সক্ষমতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
মেট্রোরেল স্টেশনকে কেন্দ্র করে চার্জিং সুবিধা স্থাপনের প্রস্তাবও বৃহত্তর পরিবহন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে মূল্যায়ন করা হচ্ছে। তবে এ ধরনের অবকাঠামো স্থাপনের ক্ষেত্রে যাত্রী চলাচল, জরুরি প্রবেশপথ ও বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকার বায়ুদূষণ কমাতে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এজন্য পর্যাপ্ত চার্জিং অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের সক্ষমতা গড়ে তোলা হবে। মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনের সঙ্গে সমন্বয় করে চার্জিং সুবিধা স্থাপনের সম্ভাবনাও যাচাই করা যেতে পারে।’
বর্ষাকালে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যানবাহনের ধীরগতির কারণে গণপরিবহন চলাচল ব্যাহত হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী ব্যক্তিদের ভোগান্তি বাড়ে। এ সমস্যা মোকাবিলায় জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করা, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, পর্যাপ্ত আশ্রয়যুক্ত বাসস্টপ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সচল রাখার পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে নির্দিষ্ট এলাকার জন্য বিকল্প পরিবহনসেবা চালুর বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। যানবাহনের নির্গমনমাত্রা, জ্বালানির দক্ষতা, ফিটনেস পরীক্ষা এবং পরিবেশগত মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর প্রয়োগ জরুরি। পাশাপাশি অতিরিক্ত দূষণকারী পুরোনো যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং পরিবহনমালিকদের পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাসসকে বলেন, ‘ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি যানবাহনের নির্গমন মাত্রা নিয়ন্ত্রণ ও ফিটনেস পরীক্ষার কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ, নিয়মিত যানবাহন পরিদর্শন এবং অতিরিক্ত দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘পরিবহনমালিক ও শ্রমিকদের সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে। আইন প্রয়োগের পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনা ও নিয়মিত তদারকির মাধ্যমে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’
রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় মেট্রোরেল নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তবে এর সুফল সর্বাধিক করতে স্টেশন থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাস, হাঁটার পথ, সাইকেল ও অন্যান্য গণপরিবহনের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করতে হবে। স্টেশনের আশপাশে পরিকল্পিত যাত্রী ওঠানামার স্থান ও নির্ধারিত বাসস্টপেজ স্থাপন করা গেলে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমবে।
এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মনোরেল চালুর সম্ভাবনাও দীর্ঘমেয়াদি পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনায় রয়েছে। তবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে যাত্রী চাহিদা, সম্ভাব্য রুট, নির্মাণ ব্যয়, জমি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট নিরসন ও যাতায়াতের সময় কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল ও মনোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।
গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে বাসের অবস্থান, সম্ভাব্য পৌঁছানোর সময়, ভাড়া ও রুট সম্পর্কে যাত্রীরা সহজে জানতে পারবেন। একইসঙ্গে বাস পরিচালনা ও সেবার মান পর্যবেক্ষণ করা সহজ হবে। রুটভিত্তিক বাস পরিচালনা, নির্ধারিত স্টপেজ, সময়সূচি অনুসরণ এবং চালকদের প্রশিক্ষণ বাস চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।
এ ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। ফুটপাত ও বাসস্টপ দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্বল্পমেয়াদে বাস চলাচলে শৃঙ্খলা, নির্ধারিত স্টপেজ, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন প্রয়োগে গুরুত্ব দেওয়া হবে। মধ্যমেয়াদে বাস রুট পুনর্বিন্যাস, বিদ্যুৎচালিত বাসের পরীক্ষামূলক প্রচলন, চার্জিং অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল ব্যবস্থাপনা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদে মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনের সংযোগ বাড়ানো, নতুন পরিবহন করিডর গড়ে তোলা এবং মনোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনাগুলোর কার্যকর বাস্তবায়ন, নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা গেলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পরিবহনমালিক, শ্রমিক, যাত্রী, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে উদ্যোগগুলো আরও বাস্তবসম্মত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের এসব বহুমুখী উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে ঢাকা শুধু যানজট নিরসনের ক্ষেত্রেই নয়, বরং আধুনিক, সমন্বিত ও পরিবেশবান্ধব নগর যোগাযোগ ব্যবস্থার একটি মডেল নগরী হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।
দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ৮ নভেম্বর জারি করা এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। ওই মহাসমাবেশে গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের নিরলস অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণ করা গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় আনা হবে। নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। অবশিষ্ট ৬০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবেশের অনুকূল কার্যক্রমে ব্যয় করা হবে। স্থানীয় সরকার বিভাগ চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর এ বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে। এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে। রবিবার (৮ নভেম্বর) মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মুখ্য সচিব বলেন, দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে ল্যান্ড বেইজ আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে। আগামী দুই বছরে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে। তিনি বলেন, মাতারবাড়ীতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকরিসহ আরও নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি। কিন্তু বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবেন এবং সেই লক্ষ্যেই কাজ চলছে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট, লোডশেডিং এবং বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে গান পরিবেশনের মাধ্যমে এসব বিষয় তুলে ধরেন তিনি। গানের কথায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়গুলো স্থান পায়। এ সময় সরকারের সমালোচনা করে তিনি বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্যও দেন। সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমরা বিদ্যুৎ দুই জায়গায় পাই। একটা হচ্ছে বিদ্যুৎমন্ত্রী টুকু সাহেবের মুখে, আরেকটা কারেন্টের তারে।’ গানের মাধ্যমে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে নিজের প্রতিবাদ তুলে ধরেন। অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীতের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।