সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এবার হত্যার টার্গেট করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কেবল চরম আলটিমেটাম দিয়েই ক্ষান্ত হয়নি তেহরান; প্রথমবার ভয়ংকর ‘সাজ্জিল’ ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরাইলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগকেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে তারা।
নেতানিয়াহুর মাথার ওপর যখন এই ‘মৃত্যুর হুমকি’ তখন বিশ্বমঞ্চে চরম মিত্রসংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ হরমুজ প্রণালি পাহারায় যুদ্ধজাহাজ পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানেও বড় কোনো শক্তিধর দেশের সাড়া মেলেনি বলে জানা গেছে।
এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি অভিযোগ করেছেন, ইরানের ওপর সন্ত্রাসী তকমা চাপাতে যুক্তরাষ্ট্রের মাটিতে ‘৯/১১–এর মতো একটি ভয়াবহ ঘটনা’ সাজানোর ষড়যন্ত্র চলছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইরানকে ড্রোন সরবরাহে সহায়তা করছে রাশিয়া।
যুদ্ধের ১৬তম দিনে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ধারাবাহিক হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৮ জন আহত হয়েছেন। শনিবার রাত থেকেই দেশটির বিভিন্ন শহরে একের পর এক হামলা চালানো হয়েছে।
অন্যদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় ইরানের ইসফাহান শহরে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া ইরাক ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে যে, সম্ভাব্য বড় হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত সৌদি আরব ত্যাগের নির্দেশ দিয়েছে।
নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়ে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এখন তাদের প্রধান লক্ষ্য ইসরাইলি প্রধানমন্ত্রী। তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে।
অন্যদিকে ইতালির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে তাদের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবহার করে ইতালি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান এই সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। যুদ্ধ শেষ হলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে এবং জ্বালানির দামও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।