সারাদেশ

স্ত্রীর জানাজায়ও আসলেন না আলভী, শায়িত হলেন ইকরা

মারিয়া রহমান মার্চ ০১, ২০২৬ 0
আফরা ইভনাথ খান ইকরা ও অভিনেতা যাহের আলভী। ছবি : সংগৃহীত
আফরা ইভনাথ খান ইকরা ও অভিনেতা যাহের আলভী। ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১ মার্চ) বাদ আসর ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা থেকে ইকরার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার আকাশ-বাতাস।

একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় ইকরার বাবা তার মেয়ের মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, অভিনেতা যাহের আলভী এবং তার মায়ের ক্রমাগত মানসিক প্ররোচনা ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

স্বজনদের দাবি, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে ইকরাকে চরম বঞ্চনা ও মানসিক যন্ত্রণার শিকার হতে হয়েছে। তাদের অভিযোগ, আলভীর অনৈতিক জীবনযাপন ও অবহেলাই এই করুণ পরিণতির মূল কারণ।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় অভিনেতা যাহের আলভী ঈদুল ফিতরের নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন।

ইকরার মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে আলভীর বিরুদ্ধে এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন ইকরা। ওই কথোপকথনে তার চরম মানসিক বিপর্যস্ত হওয়ার চিত্রও ফুটে ওঠে।

জনপ্রিয় অভিনেতার স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে ভালুকার ওই গ্রামসহ সারা দেশে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও ভক্তদের দাবি, এই মৃত্যুর পেছনে যদি কারো প্ররোচনা থাকে, তবে তাকে যেন অবশ্যই আইনের আওতায় আনা হয়।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

সারাদেশ

আরও দেখুন
চূড়ান্ত পরীক্ষায় সুযোগের দাবিতে কলেজ গেটে তালা দিলো অকৃতকার্য শিক্ষার্থীরা

  চট্টগ্রামের মিরসরাইয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া উচ্চ মাধ্যমিকের একদল শিক্ষার্থী কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। রবিবার (১ মার্চ) দুপুরে মিরসরাই কলেজে এ ঘটনা ঘটে। কলেজটির শিক্ষক ও কর্মকর্তারা জানান, নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম চলছে। যেসব শিক্ষার্থীর ফলাফল খারাপ এবং যারা অনিয়মিত, তাদের এবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে রবিবার দুপুরে একদল শিক্ষার্থী কলেজে এসে হট্টগোল শুরু করে। একপর্যায়ে শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডার পর তারা কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এতে শিক্ষক-কর্মকর্তাদের পাশাপাশি ক্যাম্পাসের ভেতরের মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরাও আটকা পড়েন। পরে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ফটকের তালা ভেঙে দেন। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারী শিক্ষার্থী জাহিদুল ইসলাম অভিযোগ করেন, পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে শিক্ষকরা ন্যায্যতা বজায় রাখছেন না। তিনি বলেন, ‘তিন-চার বিষয়ে ফেল করেছে এমন অনেক শিক্ষার্থীকেও ফরম পূরণ করতে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কেউ কেউ পার পেয়ে যাচ্ছেন। এসব বিষয়ে জানতে চাইলে শিক্ষকরা আমাদের গুন্ডা-মাস্তান আখ্যা দিয়ে গায়ে হাত তুলেছেন। আমরা সমান অধিকার ও সুবিচার চাই।’ নুসরাত জাহান প্রেমা নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের প্রতি স্যাররা অন্যায় করছেন। আমরা অনেকে ২-৩ বিষয়ে ফেল করেছি। কিন্তু আমাদের ফলাফল দেখতে দেওয়া হচ্ছে না। এখন আমাদের দাবি একটাই এখানে আমরা যারা আন্দোলন করতে এসেছি আমাদের সবাইকে পাশ করিয়ে দিতে হবে।’ এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘গত বছরও নানা চাপের মুখে অনেক অকৃতকার্য শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছিল, ফলে ফলাফল খারাপ হয়েছে। এবার যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় খারাপ ফল করেছে এবং অনিয়মিত ও পড়াশোনায় অমনোযোগী, তাদের পরীক্ষার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘একটি অংশ ক্যাম্পাসে মব তৈরি করে ফটকে তালা লাগিয়েছিল। পরে মুসল্লিরা তালা ভেঙে দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আগামীকাল শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।’ রাজনৈতিক হস্তক্ষেপে কিছু শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। মূলত ইংরেজি ও আইসিটি বিষয়ে নির্দিষ্ট নম্বরপ্রাপ্তদের পাশ করানো হয়েছে, কারণ বোর্ড পরীক্ষায় এ দুই বিষয়ে ফেল বেশি হয়।’ মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ দাবি-দাওয়া নিয়ে হট্টগোল করে ফটকে তালা লাগায়। কলেজ কর্তৃপক্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

মারিয়া রহমান মার্চ ০২, ২০২৬ 0
চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই রেস্তোরাঁকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই রেস্তোরাঁকে জরিমানা

আফরা ইভনাথ খান ইকরা ও অভিনেতা যাহের আলভী। ছবি : সংগৃহীত

স্ত্রীর জানাজায়ও আসলেন না আলভী, শায়িত হলেন ইকরা

শিবচরে উদ্ধার ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ, পদ্মায় অবমুক্ত

ছবি: সংগৃহীত
আ.লীগ নেতার গোডাউন থেকে টিসিবির ১ হাজার ৪৪৪ লিটার তেল উদ্ধার

জামালপুর পৌর শহরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ১ হাজার ৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব। রোববার (১ মার্চ) বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলায় র‌্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়। জানা যায়, গোপন খবর পেয়ে রোববার বিকালে পৌর শহরের বাগেরহাটা বটতলার নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব। এ সময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। প্রতিটি বোতলে ২ লিটার করে ভোজ্যতেল রয়েছে। গোডাউনের মালিক মৃত মনসুর মিয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও স্বাধীনবাবু নামে দুজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকের প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক রয়েছে। আরও অনেক বোতল তেল বিক্রি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মারিয়া রহমান মার্চ ০১, ২০২৬ 0
আকলিমা আক্তার

টাকার জন্য নিজ সন্তানকে দত্তক দিয়ে অপহরণের নাটক, অতঃপর...

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার।

সীমান্তে স্বর্ণসহ পাচারকারী গ্রেফতার

মাদারীপুর-১ আস‌নের সংসদ সদস্য পীরজাদা হানজালা।

নির্বাচিত হ‌য়েই ন্যায় ও ইনসাফের ডাক হাজী শরীয়তউল্লাহর বংশধর হানজালার

মিজানুর রহমান মিনু
ভূমি-সংক্রান্ত সমস্যার সমাধানে হবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার

ভূমি-সংক্রান্ত নানা সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের মতো ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। গতকাল শুক্রবার রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে তিনি সাংবাদিকদের এ কথা জানান। রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিভিন্ন ধাপে ধাপে ঘুরতে গিয়ে মানুষ যে ভোগান্তির শিকার হন, তা নিরসনে সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সারাদেশের মানুষকে অপ্রয়োজনীয় জটিলতা থেকে মুক্ত করতে সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রস্তাবিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হলে একজন সেবাপ্রার্থীকে একাধিক দপ্তরে ছোটাছুটি করতে হবে না। যার জমি, যার সমস্যা– তিনি সরাসরি কেন্দ্রে এসে অভিযোগ বা আবেদন জানাতে পারবেন এবং সেখান থেকেই প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। এতে পাঁচ-ছয়টি ধাপ অতিক্রম করার প্রয়োজন পড়বে না এবং হয়রানির সুযোগও কমে আসবে। ভূমিমন্ত্রী আরও বলেন, ভূমি মন্ত্রণালয় বিভিন্ন আইন ও বিধিমালার মাধ্যমে পরিচালিত হয়। সেই আইনের আলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে সময়োপযোগী করতে কিছু ক্ষেত্রে সংশোধন প্রয়োজন। এর আগে সকাল থেকে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও ২ জন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

পার্কিং করা তিন বাসে ভয়াবহ আগুন

0 Comments