সর্বশেষ

ছবি: সংগৃহীত
ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।   রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।   তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকায় অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ওসি।   এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন।   তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে থাকা কয়েকজনকে স্লোগান দিয়ে পরপর তিনটি বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।   অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।   তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আক্তারুজ্জামান নভেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
ক্যান্টনমেন্ট রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ বিস্ফোরণ ঘটে। রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।   তিনি জানান, দুর্বৃত্তরা স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আক্তারুজ্জামান নভেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, আহত এসআরবি সদস্য

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান।   রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শী ও ঘটনার একটি ভিডিও সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পল্লবী থানার পাশের ফ্লাইওভারে অবস্থান নিয়ে থানার প্রাঙ্গণ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।   পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানায় ককটেল নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।   এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলছে।

আক্তারুজ্জামান নভেম্বর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন।   রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।   চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪৬১   স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন তিনজনের মৃত্যুসহ চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে।   মাসভিত্তিক হিসাবে দেখা যায়, নভেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।   হাসপাতালে ভর্তি ১ লাখ ৪৯ হাজারের বেশি   স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন।   এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।   ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি   গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ১২৪ জন।   এ ছাড়া খুলনা বিভাগে ৩৩২ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২৩১ জন, রাজশাহীতে ২১৩ জন, রংপুরে ৭৫ জন, ময়মনসিংহে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।   ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মোঃ নাহিদ হোসেন নভেম্বর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।   শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রেজওয়ান বিষয়টি নিশ্চিত করেন।   তিনি জানান, মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কারা বা কী কারণে আগুন লাগিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।   এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটির চালক ও হেলপার আগুন নিয়ন্ত্রণে আনেন।

আক্তারুজ্জামান নভেম্বর ০৭, ২০২৬
আমির হামজা ও রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
আমির হামজার নারীঘটিত বিষয় জামায়াত আমিরও জানতেন: রাশেদ খাঁন

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার কথিত নারীঘটিত বিষয়টি দলটির আমির ডা. শফিকুর রহমানও আগে থেকে জানতেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। জাতীয় নির্বাচনের আগে বিষয়টি নিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনাও হয়েছিল বলে দাবি তার।   এ ঘটনায় আমির হামজাকে স্মার্টফোন ব্যবহার না করে বাটনফোন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন ইসলামি বক্তা তারেক মনোয়ার। তবে কুষ্টিয়া-৩ আসনে যোগ্য প্রার্থী না থাকায় তাকেই মনোনয়ন দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাশেদ খাঁন।   শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন তিনি।   পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজার নারীঘটিত বিষয়টি সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও জানতেন। এটি নিয়ে জাতীয় নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতারা আলোচনাও করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামি বক্তা তারেক মনোয়ার আমির হামজাকে স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করেন এবং বাটনফোন ব্যবহার করতে বলেন। মূলত কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের কোনো যোগ্য প্রার্থী না থাকায় আমির হামজাকেই মনোনয়ন দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।’   কথিত অডিও-ভিডিওর তথ্যপ্রমাণ পাওয়ার বিষয়ে রাশেদ খাঁন বলেন, ‘আমার কাছে আমির হামজার নারীঘটিত তথ্যপ্রমাণগুলো এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দুজন শিক্ষার্থীর মাধ্যমে। কিছু অডিও ও স্ক্রিন রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য আমি দ্য ডিসেন্ট ও রিউমর স্ক্যানারের সঙ্গেও যোগাযোগ করি। হয়তো তারা তাদের মতো করে অনুসন্ধান করছে। দ্য ডিসেন্ট আমির হামজার বক্তব্য নেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি। তবে তাদের কাছ থেকে তথ্যের সত্যতা যাচাইয়ে দেরি হওয়ার পরিপ্রেক্ষিতে অন্য একটি মাধ্যম থেকে অডিও-ভিডিওর সত্যতা পাই।’   জামায়াতের রাজনৈতিক স্লোগান উল্লেখ করে দলটির আমিরের কাছে প্রশ্নও রেখেছেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘যেহেতু জামায়াতের স্লোগান হলো “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”, সেহেতু আমি জানতে চাই, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার মাধ্যমে কেমন আইন ও শাসন চান? নাকি বর্তমান জামায়াতের আইডল আমির হামজা ও মেজর আক্তারুজ্জামানের মতো লোকেরাই সেই সৎ লোক?’   আশা প্রকাশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী তার পোস্টে বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার ঘটনাকে গাজী নজরুল ইসলামের মতো এআই, এআই না করে, ওই নারীঘটিত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আমির হামজাকে দল থেকে বহিষ্কার ও এমপি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন।’   এর আগে গত ৫ নভেম্বর দেওয়া আরেক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত অডিও ও ভিডিও ফাঁসের দাবি করেন রাশেদ খাঁন। ওই পোস্টে তিনি লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি।’   এ সময় আমির হামজার বলে দাবি করা কথিত কথোপকথনের কিছু অংশও পোস্টে তুলে ধরেন তিনি। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

মো: দেলোয়ার হোসাইন নভেম্বর ০৬, ২০২৬
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ের সামনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।   পুলিশ জানায়, আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।   এর মধ্যে এলজিইডি কার্যালয়ের সামনে পড়া দুটি পেট্রলবোমা ভেঙে যাওয়ায় সেগুলোতে আগুন ধরেনি। অন্যদিকে, চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাটি প্রায় ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।   পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল অথবা গাড়িতে করে পেট্রলবোমাগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।   তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ।

আক্তারুজ্জামান নভেম্বর ০৬, ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হোটেলের ১ নম্বর গেটসংলগ্ন সড়কে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়।   তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   তিনি জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

আক্তারুজ্জামান নভেম্বর ০৫, ২০২৬
ছবি: সংগৃহীত
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেলে কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।   প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে একদল বিক্ষোভকারী কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা করে। এ সময় থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানার ভেতর থেকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।   খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সরে যায়।   গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাশিমপুর থানা পুলিশের পাশাপাশি সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।   এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।   পরে মৌচাকের তেলীরচালা এলাকায়ও সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। সেখানে প্রায় আধা ঘণ্টা ধরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন এলাকায় চলমান এই আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আক্তারুজ্জামান নভেম্বর ০৩, ২০২৬
ছবি: সংগৃহীত
সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের ৮ দফা দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুর ঘটনায় আট দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।   মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। তাদের দাবির মধ্যে রয়েছে, দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।   শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবির মধ্যে আরও রয়েছে—দুর্ঘটনার মামলার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ, মহাসড়কের দুই পাশের অবৈধ পার্কিং উচ্ছেদ, সড়ক প্রশস্তকরণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে ফুটওভার ব্রিজ নির্মাণ, নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করা।   শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে কেডিএস ডিপোর লরি অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সড়ক পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে ডিপোর অবৈধ পার্কিংসহ মহাসড়কের দুই পাশের সব অবৈধ পার্কিং দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন তারা।   এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি লরির ধাক্কায় ৮ নম্বর রুটের মিনিবাস উল্টে গেলে সেটির নিচে চাপা পড়েন শিক্ষার্থী মাইশা মুশফিরাত। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।   দুর্ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। একই সঙ্গে পাশের রেললাইনেও অবরোধ সৃষ্টি করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং রেল চলাচল ব্যাহত হয়।   শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় নিরাপদে সড়ক পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে তাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ বিষয়ে বারবার নিরাপত্তার দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সহপাঠীর মৃত্যুর পর নিরাপদ সড়ক ও আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন তারা।   দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আক্তারুজ্জামান নভেম্বর ০৩, ২০২৬
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের রায় কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বাসস’কে বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের রায় কার্যকরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজই চিঠি পাঠাচ্ছি। এছাড়া ট্রাইব্যুনালের অন্য রায়গুলোতে যাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে সে রায় বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি দেব।   শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লেখা চিঠিতে বলা হয়েছে যে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ পলাতক আসামি শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ও আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও ভিক্টিমদের ক্ষতিপূরণ হিসেবে বিলি করার আদেশ প্রদান করেছেন।    এই মামলার রায়ে ট্রাইব্যুনাল সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। অনতিবিলম্বে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে না নিলে দণ্ডিত পলাতক আসামি যেকোন সময় তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ভোগ, বিক্রয় বা অন্যভাবে হস্তান্তর করে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তকরন সংক্রান্ত রায় ও আদেশ নিস্ফল করে দিতে পারে।   এমতাবস্থায়, অনতিবিলম্বে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা প্রনয়ণ করে, তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে ট্রাইব্যুনালের আদেশমতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ভিক্টিমদের ক্ষতিপূরণ হিসেবে বিলিবন্দোবস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনাকে সবিশেষ অনুরোধ করা হলো।   শেখ হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্ত   চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।    ২০২৫ সালের ১৭ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া ঐতিহাসিক এই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।   কাদেরসহ পাঁচ আসামির সম্পদের অর্ধেক বাজেয়াপ্ত    চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে গত ১৫ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।    মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।  সকল আসামী পলাতক রয়েছেন।    বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া এই রায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বাজেয়াপ্ত সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ হতে ২০২৪ সালের জুলাই-আগস্টে নিহত ও আহত ব্যক্তি বা তাদের পরিবারবর্গকে জুলাই ফাউন্ডেশন কিংবা অন্যকোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়।   হানিফসহ চার আসামির সম্পদের অর্ধাংশ বাজেয়াপ্ত   চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার অপর তিন আসামি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আতাউর রহমান আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।    গত ২৯ অক্টোবর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া এই রায়ে দণ্ডিত সকল আসামির স্থাবর সম্পত্তির অর্ধাংশ বাজেয়াপ্ত করা হয় এবং বাজেয়াপ্তকৃত সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্যকোন বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যাক্তিদের ক্ষতিপূরণ হিসাবে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জান্নাতুল ফেরদৌস জেমি নভেম্বর ০৩, ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে ১২০ কারখানা বন্ধ

শ্রমিক আন্দোলন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গাজীপুরে ১২০টি শিল্পকারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।   শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ মহাসড়কে আগুন জ্বালিয়ে দেন। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও শতাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এতে শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।   জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, নাওজোড়, মৌচাক, কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনে নামেন। পরিস্থিতির অবনতি ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এসব এলাকার ১২০টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।   পরিস্থিতি স্বাভাবিক থাকলে মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে কারখানাগুলো পুনরায় চালু হতে পারে বলে জানা গেছে।   গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলো বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের একটি অংশ চালু থাকা কারখানাগুলোকে লক্ষ্য করে হট্টগোল সৃষ্টি করছিল বলেও জানান তিনি।   তিনি আরও বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন।   বেলা ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।   এদিকে শিল্পাঞ্চলে ১২০টি কারখানা বন্ধ থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও এর নেতিবাচক প্রভাবের মুখে পড়ছেন।

আক্তারুজ্জামান নভেম্বর ০২, ২০২৬
ছবি: সংগৃহীত
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সহিংসতা, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   সোমবার (২ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য জানান। পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা দুই দিনের আন্দোলনকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটে।   মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁর থানায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার অভিযান চলছে।   পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে তাঁর থানায় তিনটি মামলা হয়েছে। পুলিশ এসব মামলার বাদী। প্রতিটি মামলায় অজ্ঞাতপরিচয় দুই হাজার থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ তিন মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।   ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কাজে লাগিয়ে মিরপুরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতা-কর্মী। তাদের একটি অংশ অনলাইন গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়েছিল বলেও দাবি করেছে সংস্থাটি।   ডিবির ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতা-কর্মী রয়েছেন। তাঁরা স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন বলে দাবি করছে পুলিশ। শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে ডিবি।   তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা প্রয়োজন।   সোমবার সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় পুলিশের দাঙ্গা দমনের যান ও জলকামান প্রস্তুত রাখা হয়।   বেলা পৌনে ১১টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার একটি গলি দিয়ে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।   পরে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পাশের প্রশিকা মোড় এলাকাতেও শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।   তবে সোমবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল বলে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা যায়।   সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে কিছু শিল্পমালিক এবং শ্রমিক সংগঠনের ব্যানারে থাকা কয়েকজন ব্যক্তি জড়িত। তাঁদের কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ, অডিও ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।   স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে সড়ক-মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।   প্রকৃত শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো শ্রমিক সংগঠনের নেতা এ ধরনের ঘটনায় জড়িত থাকলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।   বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। অন্যদিকে, শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। দুপুর পৌনে ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।   একপর্যায়ে দুপুরের দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোস্টেশন বেলা ১১টা ৩৮ মিনিট থেকে দুপুর ১টা ৫৮ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।   এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। সেদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আক্তারুজ্জামান নভেম্বর ০২, ২০২৬
ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।   সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ওই এলাকায় জড়ো হন।   আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন। তাঁদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।   নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে নয়, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিয়েছেন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতেই তাঁরা সড়ক অবরোধ করেছেন।   অবরোধের খবর পেয়ে জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আক্তারুজ্জামান নভেম্বর ০২, ২০২৬
ছবি: সংগৃহীত
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে উত্তেজনা আরও বাড়ে।   সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন।   শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকাসহ আশপাশের শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শিল্পকারখানা কর্তৃপক্ষ আবারও কারখানা বন্ধ ঘোষণা করে।   বিক্ষোভের জেরে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্ভোগে পড়েন। পাশাপাশি আশপাশের আবাসিক এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।   কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সোমবার সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।   তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

আক্তারুজ্জামান নভেম্বর ০২, ২০২৬
লন্ডনে ধর্ষণের অভিযোগ: দুই বাংলা‌দেশিকে ধর‌তে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

পূর্ব লন্ডনে ২০২৪ সালের এক যৌন নির্যাতনের ঘটনায় যুক্ত দুই ব্যক্তিকে খুঁজে বের করতে ১০ হাজার পাউন্ডের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে মেট্রোপলিটন পুলিশ। গোয়েন্দা তথ্যে জানা গেছে, অভিযুক্তরা ইতোমধ্যে বাংলাদেশ ও ইউরোপে পালিয়ে গেছে।   মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা দুই ব্যক্তির সন্ধানে জোরালো অভিযান চালাচ্ছেন। অভিযুক্তরা হলেন— ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গিরদার এবং ৩১ বছর বয়সী শওকত আহমেদ।    ২০২৪ সালের ১ আগস্ট পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনের উইভার্স ফিল্ডস এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ। অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকারী স্বাধীন সংস্থা ‘ক্রাইমস্টপার্স’ এখন এই দুই পলাতকের সন্ধানদাতাদের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।    গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, অভিযুক্তরা বাংলাদেশ এবং সম্ভাব্যভাবে মূল ভূখণ্ড ইউরোপে পালিয়ে গেছে। তথ্য অনুযায়ী, উভয় ব্যক্তিরই টাওয়ার হ্যামলেটস এলাকায় দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। বর্তমানে তাদের অবস্থান নিশ্চিত করতে এবং বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।   উইভার্স ফিল্ডসের সেই রাতের ঘটনা   ২০২৪ সালের ১ আগস্ট গভীর রাতে ঘটে যাওয়া একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনার সূত্র ধরে এই তদন্ত শুরু হয়। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভুক্তভোগী কিশোরী হোয়াইটচ্যাপেল রোডে দুই ব্যক্তির মুখোমুখি হওয়ার কথা জানায়।    পুলিশের আনুষ্ঠানিক প্রতিবেদন অনুযায়ী, ওই দুই ব্যক্তি কিশোরীকে উইভার্স ফিল্ডস এলাকায় নিয়ে যায় এবং সেখানে তার ওপর মারাত্মক যৌন নির্যাতন চালায়। হামলার পর এক সাধারণ পথচারী ভুক্তভোগীকে উদ্ধার করে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন। এই প্রাথমিক পদক্ষেপটিই অপরাধ সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করতে এবং পরবর্তীতে অপরাধমূলক তদন্ত শুরু করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।   ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত দুই বছর ধরে স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা অত্যন্ত নিবিড় ও ব্যাপক তদন্ত চালিয়েছেন। স্থানীয় সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা, বিস্তারিত ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই তদন্তের অংশ হিসেবে।   মামলার জটিলতার কারণে দীর্ঘস্থায়ী গোয়েন্দা সম্পদের ব্যবহার প্রয়োজন হয়ে পড়েছিল। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর তদন্তে একটি বড় মোড় আসে, যখন মেট্রোপলিটন পুলিশ সাধারণ জনগণের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গোয়েন্দা তথ্য পায়, যা তদন্তকে এগিয়ে নিতে সাহায্য করে। এই নতুন তথ্যের ভিত্তিতেই এখন জায়‌গিরদার ও আহমেদকে খুঁজে বের করার প্রচেষ্টা চলছে, যা অভ্যন্তরীণ অনুসন্ধান থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়েছে।   আন্তর্জাতিক পলায়নপথ   দুই সন্দেহভাজনকে খোঁজার এই অভিযান এখন আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে গেছে। অনুসন্ধানে জানা গেছে, পুলিশ প্রথম এই মামলার তথ্য প্রকাশ করার পরপরই ৩৪ বছর বয়সী জায়‌গিরদার বাংলাদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।    অপরদিকে ৩১ বছর বয়সী শওকত আহমেদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে প্রতিষ্ঠিত ইউরোপীয় ভ্রমণ নেটওয়ার্ক ব্যবহার করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও পুলিশ যুক্তরাজ্যেই তার উপস্থিতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেয়নি। এই গুরুতর যৌন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উভয় ব্যক্তিই বর্তমানে ওয়ান্টেড বা পলাতক তালিকায় রয়েছেন।   জনগণের সহযোগিতাকে উৎসাহিত করতে স্বাধীন দাতব্য সংস্থা ক্রাইমস্টপার্স একটি উল্লেখযোগ্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। অপরাধীদের গ্রেফতার ও দোষী সাব্যস্ত করতে সাহায্য করে— এমন সুনির্দিষ্ট তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পর্যন্ত পুরস্কার অব্যাহত রয়েছে। দাতব্য সংস্থাটি জোর দিয়ে জানিয়েছে যে, তথ্য প্রদানকারীরা সম্পূর্ণ বেনামে তথ্য দিতে পারবেন, যা সন্দেহভাজনদের গতিবিধি বা বর্তমান অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা ব্যক্তিদের প্রতিশোধের ভয় দূর করবে।    পুলিশের আবেদন ও আনুষ্ঠানিক বক্তব্য   তদন্তের নেতৃত্বদানকারী মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর আনা ডেইটন জনসাধারণের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পাশাপাশি আরও তথ্যের জন্য সরাসরি আবেদন জানিয়েছেন।    সাংবাদিকদের উদ্দেশে ডেইটন বলেন, ‘এই অপরাধের রিপোর্ট পাওয়ার পর থেকে আমরা ব্যাপক খোঁজখবর নিয়েছি। সেপ্টেম্বর মাসে আমাদের আহ্বানে সাড়া দিয়ে যারা পুলিশকে তথ্য দিয়েছেন, আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমরা যে তথ্য পেয়েছি তা আমাদের তদন্তকে এগিয়ে নিতে এবং অনুসন্ধানের এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আমরা এমন যে কাউকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যিনি তাদের অবস্থান সম্পর্কে জানেন বা এমন কোনও তথ্য জানেন যা আমাদের তদন্তে সহায়তা করতে পারে। আমরা আহমেদ ও জায়‌গিরদরকেও অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।’    মেট্রোপলিটন পুলিশ যখন বাংলাদেশ ও ইউরোপে তাদের সমকক্ষ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে আন্তর্জাতিক সমন্বয় অব্যাহত রেখেছে, তখন ক্রাইমস্টপার্সের কাছে গোপনীয়ভাবে প্রদান করা যেকোনও তথ্যই অপরাধীকে শাস্তি প্রদান এবং ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় নির্ণায়ক হতে পারে।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত
বারিধারায় নির্মাণশ্রমিকের মৃত্যু: অভিযুক্ত কিশোরের জামিন মঞ্জুর

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় আটক কিশোরের জামিন মঞ্জুর করেছেন আদালত।   বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সহকারী বেঞ্চ সহকারী কনক বিষয়টি নিশ্চিত করেছেন।   এর আগে গত ২৭ সেপ্টেম্বর একই আদালতে কিশোরের জামিন আবেদনের শুনানি হয়। ওই সময় তার পক্ষে অ্যাডভোকেট গোলাম মোস্তফা খানসহ একাধিক আইনজীবী জামিনের আবেদন করেন। পরে আদালত অধিকতর শুনানির জন্য ৪ অক্টোবর তারিখ নির্ধারণ করেন। ওই দিনও জামিন আবেদন নাকচ করা হয়েছিল।   এরও আগে ২৪ সেপ্টেম্বর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।   কিশোরের পক্ষে করা জামিন আবেদনে দাবি করা হয়, ঘটনার সময় সে গাড়ির চালকের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। হর্ন বাজানোর পরও তিনি দ্রুত সরে যেতে না পারায় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি ঘটে বলে আবেদনে উল্লেখ করা হয়।   এ ছাড়া স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও জামিন আবেদনে দাবি করা হয়।   মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফীন ইসলাম এর আগে কিশোরকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করেন।   তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারের চালকের আসনের দরজা খুলে অভিযুক্ত কিশোর বের হয়ে আসে। তদন্তে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।   মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন। এরপর থেকে সে আটক ছিল।   মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম গত ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।   মামলায় আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে প্রাইভেট কারটির চালক হিসেবে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মেহেদীকে চাপা দেন। এতে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।   এ ঘটনায় আদালত কিশোরের জামিন মঞ্জুর করলেও মামলার তদন্ত ও পরবর্তী বিচারিক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আক্তারুজ্জামান অক্টোবর ২৯, ২০২৬
বিগ-বি সম্প্রসারণে বঙ্গোপসাগর ঘিরে নতুন প্রত্যাশা

বঙ্গোপসাগর ঘিরে অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ বিবেচনায় নানা পরিকল্পনা নিচ্ছে চীন, জাপান, ভারতসহ বিভিন্ন দেশ। এমন প্রেক্ষাপটে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সংযোগ বাড়াতে দীর্ঘদিনের ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগ নতুন কাঠামোয় সম্প্রসারণের অঙ্গীকার করেছে বাংলাদেশ ও জাপান। এরই অংশ হিসেবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ঘিরে শিল্প, জ্বালানি ও পণ্য পরিবহনের কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা কথা জানিয়েছে জাপান। পাশাপাশি আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি খাতের এক লাখ কোটি ইয়েন (৬৩০ কোটি ডলার) বিনিয়োগের প্রত্যাশার কথা জানানো হয়েছে। এর মাধ্যমে প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করছে দুই দেশ।   গত মঙ্গলবার টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বিগ-বির নতুন নাম ঘোষণা করা হয়– ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’। নতুন কাঠামোর লক্ষ্য, বাংলাদেশকে কেন্দ্র করে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সংযোগ বাড়ানো এবং অভিন্ন সমৃদ্ধির সুযোগ তৈরি করা।   এতে যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলা, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ তৈরি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।   ২০১৪ সালে শুরু, এবার নতুন রূপ   বিগ-বি উদ্যোগের সূচনা ২০১৪ সালে। ওই বছরের মে মাসে টোকিওতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বৈঠকে বঙ্গোপসাগরকেন্দ্রিক শিল্প ও যোগাযোগ উন্নয়নের এ পরিকল্পনা সামনে আসে। এর লক্ষ্য ছিল বাংলাদেশে শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ বাড়ানো।   শুরুতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারকে ঘিরে যোগাযোগ ও শিল্প উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। বিগ-বি কোনো একক অবকাঠামো প্রকল্প নয়। এটি বাংলাদেশে জাপানি বিনিয়োগ, শিল্পায়ন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নের বৃহত্তর উদ্যোগ। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প এ পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।   ২০২৩ সালে জাপান বঙ্গোপসাগর ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে শিল্পভিত্তিক মূল্যশৃঙ্খল গড়ে তোলার পরিকল্পনা সামনে আনে। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং পণ্য পরিবহনের সুযোগ বাড়ানো।   বিগ-বিকে নতুন কাঠামোয় সম্প্রসারণের মধ্য দিয়ে এবার প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলার পাশাপাশি সরবরাহব্যবস্থা সচল রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।   মাতারবাড়ী নিয়ে আগ্রহ   বিগ-বির সম্প্রসারণে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ী এলাকাকে কেন্দ্র করে জ্বালানি, শিল্প ও পণ্য পরিবহনের সমন্বিত কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বন্দরটির সক্ষমতা বাড়লে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের পাশাপাশি আঞ্চলিক পণ্য পরিবহনেরও নতুন সুযোগ তৈরি হতে পারে।   প্রধানমন্ত্রীর জাপান সফর শুরুর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দেশের ভবিষ্যৎ আমদানি-রপ্তানির চাহিদা পূরণে মাতারবাড়ী বন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত সক্ষমতা থাকলে তা অন্য কাজে ব্যবহারের বিষয় বিবেচনা করা যেতে পারে।   মাতারবাড়ীকে ঘিরে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা থাকলেও বন্দর পরিচালনার দায়িত্ব জাপানকে দেওয়ার বিষয়ে যৌথ বিবৃতিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা হয়নি।   ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়লে বাংলাদেশের বন্দর ও পরিবহন অবকাঠামো ব্যবহারের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে বিগ-বির নতুন কাঠামোয় ভারতকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার ঘোষণা যৌথ বিবৃতিতে নেই।   আঞ্চলিক স্বার্থের জটিল সমীকরণ   বঙ্গোপসাগর ঘিরে চীন, জাপান ও ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে। চীন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। অন্যদিকে, জাপান বিগ-বির মাধ্যমে বাংলাদেশে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ শক্তিশালী করতে চায়। ভারতের আগ্রহের অন্যতম দিক হলো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সমুদ্রবন্দর ও আঞ্চলিক বাজারের যোগাযোগ বাড়ানো।   এই তিন দেশের উদ্যোগের মধ্যে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে চীন ও জাপান পৃথক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক যোগাযোগ পরিকল্পনায় যুক্ত করার প্রস্তাব দিয়েছিল। পরে জাপান বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে শিল্পভিত্তিক মূল্যশৃঙ্খল গড়ে তোলার পরিকল্পনা সামনে আনে। এসব উদ্যোগের ফলে বাংলাদেশে নতুন বিনিয়োগ, শিল্পকারখানা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।                 বাংলাদেশের চ্যালেঞ্জ হলো, কোনো একটি দেশের কৌশলগত অগ্রাধিকারের মধ্যে নিজেদের স্বার্থ সীমাবদ্ধ না রেখে সবার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা। চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, জাপানের উন্নয়ন সহযোগিতা এবং ভারতের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা সব ক্ষেত্রেই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। প্রকল্পের অর্থায়ন, ঋণের শর্ত, স্থানীয় কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া জরুরি।   সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, জাপানের সঙ্গে সহযোগিতা চীনের বিরুদ্ধে কোনো অবস্থান নয়। একইভাবে চীনের সঙ্গে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কও জাপানের সঙ্গে নতুন অংশীদারিত্বের বাধা হওয়া উচিত নয়।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ২৯, ২০২৬
বাংলাদেশিদের নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যা বলা হলো

বিদেশে ভালো বেতনের চাকরি, আর্থিক সচ্ছলতা ও পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন অনেক বাংলাদেশি। কিন্তু সেই স্বপ্নের আড়ালে প্রতারণার শিকার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। শুধু বাংলাদেশ নয়, একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন আরও ২৮ দেশের নাগরিক। জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।   প্রতিবেদন অনুযায়ী, চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের রাশিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাঁদের অনেককে সামরিক বাহিনীতে যোগ দিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। কারও কারও পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া এবং রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করার তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।   গত সোমবার প্রকাশিত জাতিসংঘের ইউক্রেনবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ৪৮টি দেশের নাগরিকদের নিয়োগ-সংক্রান্ত তথ্য যাচাই করে কমিশন প্রতিবেদনটি তৈরি করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে উপস্থাপনের জন্য প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, কেনিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন ও উজবেকিস্তানসহ ২৯টি দেশের নাগরিকদের প্রতারণামূলক বা জবরদস্তিমূলকভাবে নিয়োগের তথ্য উল্লেখ করা হয়েছে।   প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীরা সবাই ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষ। আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় নিয়োগকারী এজেন্টদের সহায়তায় মানব পাচারের সঙ্গে রুশ কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার বিষয়ে জোরালো প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিশন।   এ ছাড়া ইউক্রেনের বেসামরিক জ্বালানি অবকাঠামোয় ধারাবাহিক হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।   বাংলাদেশিদের রাশিয়ায় নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ব্যবসায়িক ভিসার অনুলিপি সংগ্রহ করেছে তদন্ত কমিশন। এসব ভিসায় রাশিয়ার একটি বেসামরিক প্রতিষ্ঠানের আমন্ত্রণের কথা উল্লেখ ছিল। নথিপত্রে ভ্রমণের উদ্দেশ্য বেসামরিক হিসেবে দেখানো হলেও এর আড়ালে রুশ সামরিক বাহিনীতে লোক নিয়োগের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।   সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নিয়োগকারী এজেন্সির মাধ্যমে নিরাপত্তাকর্মী, গাড়িচালক, নির্মাণশ্রমিক, ইলেকট্রিশিয়ান ও পরিচ্ছন্নতাকর্মীর মতো পেশায় চাকরির প্রলোভন দেখানো হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   অভিযোগ অনুযায়ী, রাশিয়ায় পৌঁছানোর পর অনেকের পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এরপর তাঁদের ওপর চাপ প্রয়োগ করে রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে স্বাক্ষর করানো হয়। ভাষা বুঝতে না পারা এবং প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকে চুক্তির বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা পাননি বলেও প্রতিবেদনে উঠে এসেছে।   এক বাংলাদেশির স্ত্রীর বক্তব্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর স্বামীর পাসপোর্ট কেড়ে নিয়ে রুশ ভাষায় লেখা চুক্তির বিভিন্ন জায়গায় স্বাক্ষর করতে বলা হয়েছিল। প্রচণ্ড চাপের মুখে তাঁর স্বামীর সামনে অন্য কোনো বিকল্প ছিল না বলে তিনি অভিযোগ করেন।   প্রতিবেদনে বাংলাদেশের গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা ২৭ বছর বয়সী রিমেল মিয়ার ঘটনাও তুলে ধরা হয়েছে। ভালো চাকরির আশায় তিনি ২০২৫ সালের মার্চে রাশিয়ায় পাড়ি জমান। সেখানে নির্মাণকাজের চাকরি পাওয়ার আশায় ধারদেনা করে প্রায় ছয় লাখ টাকা খরচ করেছিলেন তিনি।   কিন্তু রাশিয়ায় গিয়ে প্রত্যাশিত স্থায়ী কর্মসংস্থান না পাওয়া এবং অভিবাসন-সংক্রান্ত জটিলতার মুখে পড়েন রিমেল। পরে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   ২০২৫ সালের ৮ ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হন তিনি। সে সময় তিনি যুদ্ধের সম্মুখসারিতে মোতায়েন ছিলেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এরপর থেকে তিনি যুদ্ধবন্দি হিসেবে আটক রয়েছেন।   রিমেল মিয়ার ঘটনা বিদেশে কর্মসংস্থানের আশায় যাওয়া বাংলাদেশিদের ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। চাকরির প্রলোভনে বিদেশে নিয়ে গিয়ে সামরিক বাহিনীতে নিয়োগের অভিযোগ সত্য হলে তা শুধু কর্মসংস্থান-সংক্রান্ত প্রতারণা নয়, বরং মানব পাচার ও জবরদস্তিমূলক নিয়োগের গুরুতর প্রশ্নও তৈরি করে।   বিদেশে চাকরির প্রস্তাব গ্রহণের আগে নিয়োগকারী প্রতিষ্ঠানের পরিচয়, ভিসার ধরন, কাজের প্রকৃতি এবং চুক্তির শর্ত যাচাই করা জরুরি। বিশেষ করে ভ্রমণের উদ্দেশ্য ও নিয়োগপত্রের তথ্যের মধ্যে অসংগতি থাকলে সতর্ক হওয়া প্রয়োজন।   রাশিয়ায় চাকরির নামে বাংলাদেশিদের সামরিক বাহিনীতে নিয়োগের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, ভুক্তভোগীদের সংখ্যা এবং তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সম্পর্কে আরও তথ্য প্রয়োজন। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও পরবর্তী পদক্ষেপও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত
নতুন সচিবালয়ের সয়েল টেস্টিংয়ে বাধা, মালামাল নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠে নতুন সচিবালয় স্থাপনের জন্য ‘সয়েল টেস্টিং’এবং প্রস্তাবিত 'এশিয়া বাণিজ্য মেলার সব কার্যক্রম আটকে দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সয়েল টেস্টিংয়ে ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও যন্ত্রপাতিবাহী গাড়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যায়।   মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে যায়। এসময় বিশ্ববিদ্যালয় স্পষ্ট অনুমতি ছাড়া এই গবেষণা মাঠে কোনো প্রকার বহিরাগত কার্যক্রম বা নির্মাণকাজ চালাতে দেওয়া হবে না বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।   এর আগে বেলা ১১টায় গবেষণা মাঠের জমি শেকৃবির নামে স্থায়ীভাবে উদ্ধার ও প্রতিরক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এক স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। স্মারকলিপিতে আগামী ৩দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে পুরাতন বাণিজ্য মেলার মাঠকে আনুষ্ঠানিকভাবে শেকৃবির নিজস্ব গবেষণা মাঠ হিসেবে ঘোষণা এবং জমি সুরক্ষায় হাইকোর্টে জরুরি ভিত্তিতে রিট দায়েরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি জানানো হয়।   স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, সরকার ১৬ই ডিসেম্বর এই মাঠে সচিবালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পরিকল্পনা করছে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের প্রাণকেন্দ্রে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ নষ্ট করে সচিবালয় নির্মাণের মতো সিদ্ধান্ত পরিবেশগতভাবে চরম অপরিণামদর্শী এবং শেকৃবির শিক্ষা-গবেষণার জন্য বড় ধরনের হুমকি।   এছাড়া নিজ অধিকার আদায়ের দাবিতে মাস্টার্সের সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অনেক দিন থেকে আমরা বিষয়টা বুঝানোর চেষ্টা করতেছি। মানববন্ধন করেছি, সরকারকে স্মারকলিপি দিছি কিন্তু আমাদের দুর্বল ভাবা হচ্ছে। প্রায় ৩শত একর জমি ছিল আমাদের, সরকার নিতে নিতে আজ ছোট্ট জায়গায় সীমিত করে ফেলেছে, গবেষণার প্রশ্নে আর কোন ছাড় নয়।

মো: দেলোয়ার হোসাইন অক্টোবর ২৮, ২০২৬
পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে দিনের ও রাতের তাপমাত্রা।   গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।   আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।   এর আগে, গতকাল শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।   রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। ভোরের দিকে সড়ক-মহাসড়ক ও খোলা মাঠ কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশার কারণে সকালে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।   স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।   তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে।   তবে দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় বেশ গরম এবং রাতে ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ২৫, ২০২৬
জনপ্রিয় পোস্ট
সরকারি বাসায় অবৈধ সাবলেট উচ্ছেদে আবাসন পরিদপ্তরের কঠোর অভিযান

সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অবৈধভাবে বসবাসকারী ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।      ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো যারা তা মানেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।     আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, কোন কোন সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে বা সাবলেট বাসিন্দা রয়েছেন, তা শনাক্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।      ভাড়াটেরা কেন এখনো বাসা ছাড়েননি, সে বিষয়ে তাদের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে।     নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটেরা চলে গেছেন কি না, তা যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে আবাসন পরিদপ্তর। এ জন্য ঢাকার বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় পাঁচটি তদন্ত দল কাজ করছে।      দলগুলো সরেজমিনে তথ্য সংগ্রহ করে কারা বাসা ছেড়েছেন এবং কারা এখনো অবস্থান করছেন, তার তালিকা তৈরি করছে। ইতিমধ্যে কয়েকটি এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি।   পরিদপ্তর সূত্র জানায়, তদন্ত শেষে পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হবে। যেসব সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে কিংবা সাবলেট বাসিন্দা রয়েছেন, মূলত তাদের বাসাগুলোতেই অভিযান পরিচালনা করা হবে।   দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের পরিবর্তে অন্যদের ভাড়া বা সাবলেট দিয়ে রাখার অভিযোগ রয়েছে। এ অনিয়ম বন্ধে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি আবাসন পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরকারি বাসা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।     একই সঙ্গে যার নামে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, তাকেই সেখানে বসবাস করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দা পাওয়া গেলে সংশ্লিষ্ট চাকরিজীবীর বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়।   সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।

ক্যান্টনমেন্ট রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ বিস্ফোরণ ঘটে। রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।   তিনি জানান, দুর্বৃত্তরা স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, গুরুতর আহত

পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি।   রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।   আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই এলাকার ওমর আলীর ছেলে।   পরিবারের সদস্যদের অভিযোগ, ১০ থেকে ১২ জন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার বাম পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   আহত ব্যক্তির বড় ভাই সেকেন্দার শেখ জানান, একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ভাইয়ের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম পা ভেঙে যায়।   জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, এ হামলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।   এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।   রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।   তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকায় অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ওসি।   এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন।   তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে থাকা কয়েকজনকে স্লোগান দিয়ে পরপর তিনটি বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।   অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।   তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

কুষ্টিয়া শহরে বাড়িতে একা থাকা এক বৃদ্ধাকে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অচেতন করার পর নগদ ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪৫ দশমিক ৭৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অলংকারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা।   রোববার (৮ নভেম্বর) কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।   পুলিশ জানায়, গত ১৬ আগস্ট দুপুর ৩টা ১৩ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে একা ছিলেন এক বৃদ্ধা। দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পদার্থ প্রয়োগ করে তাকে অচেতন করে। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।   এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ওয়াসিফ বিল্লাহ কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।   মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বাদশাহ মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করেন। পরে শনিবার (৭ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী থানার নওদা হোগলবাড়িয়া (শুকুরকান্দি) এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নাঈম হোসেন, পারভীনা খাতুন ও ইন্তাদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারিকুল ইসলাম ও মিজানুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।   পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য অনুযায়ী বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় নিজ বাড়ি থেকে রেহা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।   পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা, এক জোড়া বালা, এক জোড়া কানটানা, দুটি আংটি এবং একটি গলার চেইন উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বর্ণের দোকানে পরীক্ষা করে উদ্ধার করা অলংকারগুলো প্রাথমিকভাবে স্বর্ণের বলে নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে এগুলোর ওজন ৪৫ দশমিক ৭৮ গ্রাম।   কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। চেতনানাশক পদার্থ প্রয়োগ করে বৃদ্ধাকে অচেতন করার পর স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সপ্তাহের সেরা

ছবি: সংগৃহীত
জাতীয়

‘ফ্যাসিস্ট আমলের চেয়েও খারাপ অবস্থায় আছি’, কৃষকদল নেতার অভিযোগ

আক্তারুজ্জামান নভেম্বর ০৬, ২০২৬