জাতীয়

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।   একই সঙ্গে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ৮ নভেম্বর জারি করা এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।   চিঠিতে বলা হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। ওই মহাসমাবেশে গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের নিরলস অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।   সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণ করা গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় আনা হবে।   নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। অবশিষ্ট ৬০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবেশের অনুকূল কার্যক্রমে ব্যয় করা হবে।   স্থানীয় সরকার বিভাগ চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর এ বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে।   এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

জান্নাতুল ফেরদৌস জেমি নভেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ

রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। নগরীর দীর্ঘদিনের যানজট নিরসন, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে রাজধানীর পরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।   নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালু, বিদ্যুৎচালিত বাসের প্রচলন, মেট্রোরেলের সঙ্গে অন্যান্য পরিবহন মাধ্যমের সংযোগ বাড়ানো, গুরুত্বপূর্ণ এলাকায় মনোরেল চালুর সম্ভাবনা যাচাই এবং পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের বিষয়গুলো পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি বর্ষাকালে নিরবচ্ছিন্ন যাতায়াত, ডিজিটাল বাস ব্যবস্থাপনা, উন্নত চার্জিং অবকাঠামো এবং যাত্রীবান্ধব পরিবহনসেবা গড়ে তোলার উদ্যোগও বিবেচনায় রয়েছে।   সরকারের এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে গণপরিবহনকে নিরাপদ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশসম্মত করে তোলা। এর মাধ্যমে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি ঢাকাকে আধুনিক নগর পরিবহনের উপযোগী করে গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।   ঢাকা দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে যাতায়াত করেন। কিন্তু জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পরিবহন অবকাঠামো এবং ব্যবস্থাপনার উন্নয়ন না হওয়ায় নগরবাসীর যাতায়াত ক্রমেই কঠিন হয়ে উঠেছে।   রাজধানীর গণপরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যার মধ্যে রয়েছে অসহনীয় যানজট, বাসের বিশৃঙ্খল চলাচল, যাত্রী ওঠানামায় অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত সময়সূচির অভাব, নারীদের নিরাপত্তাহীনতা এবং বায়ুদূষণ। সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যান চলাচল করায় অনেক এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। এর সঙ্গে অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও অপরিকল্পিত বাসস্টপেজ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।   এ পরিস্থিতিতে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাসের রুট পুনর্বিন্যাস, নির্ধারিত স্টপেজ, সময়সূচি অনুসরণ, ডিজিটাল নজরদারি, সমন্বিত টিকিটব্যবস্থা এবং যানবাহনের মান নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।   বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক বাসসকে বলেন, ‘ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। স্বল্পমেয়াদে বাস চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন প্রয়োগে জোর দিতে হবে। মধ্যমেয়াদে রুট পুনর্বিন্যাস, বাসভিত্তিক সমন্বিত সেবা এবং গণপরিবহনের মান উন্নয়ন জরুরি। আর দীর্ঘমেয়াদে মেট্রোরেল, বাস ও অন্যান্য পরিবহনব্যবস্থার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।’   তিনি বলেন, ‘পরিকল্পনা গ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো এর ধারাবাহিক বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা। পাশাপাশি পথচারী, নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, পরিবহন খাতে শৃঙ্খলা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণকে সমান গুরুত্ব দিতে হবে।’   রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রতিদিন বাসে অতিরিক্ত ভিড়, হয়রানি ও নিরাপত্তাসংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। নারীদের জন্য পৃথক বাসসেবা সম্প্রসারণ করা গেলে তাদের নিরাপদ যাতায়াতের বিকল্প তৈরি হবে। তবে শুধু পিংক বাস চালুর মধ্যেই সীমাবদ্ধ না থেকে সাধারণ গণপরিবহনেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য কার্যকর নজরদারি, অভিযোগ জানানোর ব্যবস্থা, চালক ও সহকারীদের প্রশিক্ষণ এবং হয়রানির ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।   এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বাসসকে বলেন, ‘রাজধানীর গণপরিবহনব্যবস্থাকে নিরাপদ, আধুনিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ চালুর করা হয়েছে। একই সঙ্গে সাধারণ গণপরিবহনেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হচ্ছে।’   ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও সরকারের পরিবহন আধুনিকায়ন উদ্যোগের অন্যতম অংশ। জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানো গেলে সড়কে সরাসরি নির্গত দূষণকারী পদার্থ কমানো সম্ভব হবে। এজন্য বাস ডিপো, গুরুত্বপূর্ণ টার্মিনাল ও পরিবহনকেন্দ্রে পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ব্যাটারি ব্যবস্থাপনার সক্ষমতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।   মেট্রোরেল স্টেশনকে কেন্দ্র করে চার্জিং সুবিধা স্থাপনের প্রস্তাবও বৃহত্তর পরিবহন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে মূল্যায়ন করা হচ্ছে। তবে এ ধরনের অবকাঠামো স্থাপনের ক্ষেত্রে যাত্রী চলাচল, জরুরি প্রবেশপথ ও বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।   প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকার বায়ুদূষণ কমাতে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এজন্য পর্যাপ্ত চার্জিং অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের সক্ষমতা গড়ে তোলা হবে। মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনের সঙ্গে সমন্বয় করে চার্জিং সুবিধা স্থাপনের সম্ভাবনাও যাচাই করা যেতে পারে।’   বর্ষাকালে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যানবাহনের ধীরগতির কারণে গণপরিবহন চলাচল ব্যাহত হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী ব্যক্তিদের ভোগান্তি বাড়ে। এ সমস্যা মোকাবিলায় জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করা, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, পর্যাপ্ত আশ্রয়যুক্ত বাসস্টপ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সচল রাখার পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে নির্দিষ্ট এলাকার জন্য বিকল্প পরিবহনসেবা চালুর বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।   পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। যানবাহনের নির্গমনমাত্রা, জ্বালানির দক্ষতা, ফিটনেস পরীক্ষা এবং পরিবেশগত মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর প্রয়োগ জরুরি। পাশাপাশি অতিরিক্ত দূষণকারী পুরোনো যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং পরিবহনমালিকদের পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।   এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাসসকে বলেন, ‘ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি যানবাহনের নির্গমন মাত্রা নিয়ন্ত্রণ ও ফিটনেস পরীক্ষার কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ, নিয়মিত যানবাহন পরিদর্শন এবং অতিরিক্ত দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’   তিনি বলেন, ‘পরিবহনমালিক ও শ্রমিকদের সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে। আইন প্রয়োগের পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনা ও নিয়মিত তদারকির মাধ্যমে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’   রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় মেট্রোরেল নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তবে এর সুফল সর্বাধিক করতে স্টেশন থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাস, হাঁটার পথ, সাইকেল ও অন্যান্য গণপরিবহনের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করতে হবে। স্টেশনের আশপাশে পরিকল্পিত যাত্রী ওঠানামার স্থান ও নির্ধারিত বাসস্টপেজ স্থাপন করা গেলে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমবে।   এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মনোরেল চালুর সম্ভাবনাও দীর্ঘমেয়াদি পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনায় রয়েছে। তবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে যাত্রী চাহিদা, সম্ভাব্য রুট, নির্মাণ ব্যয়, জমি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন।   সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট নিরসন ও যাতায়াতের সময় কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল ও মনোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।   গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে বাসের অবস্থান, সম্ভাব্য পৌঁছানোর সময়, ভাড়া ও রুট সম্পর্কে যাত্রীরা সহজে জানতে পারবেন। একইসঙ্গে বাস পরিচালনা ও সেবার মান পর্যবেক্ষণ করা সহজ হবে। রুটভিত্তিক বাস পরিচালনা, নির্ধারিত স্টপেজ, সময়সূচি অনুসরণ এবং চালকদের প্রশিক্ষণ বাস চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।   এ ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। ফুটপাত ও বাসস্টপ দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।   সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্বল্পমেয়াদে বাস চলাচলে শৃঙ্খলা, নির্ধারিত স্টপেজ, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন প্রয়োগে গুরুত্ব দেওয়া হবে। মধ্যমেয়াদে বাস রুট পুনর্বিন্যাস, বিদ্যুৎচালিত বাসের পরীক্ষামূলক প্রচলন, চার্জিং অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল ব্যবস্থাপনা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদে মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনের সংযোগ বাড়ানো, নতুন পরিবহন করিডর গড়ে তোলা এবং মনোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।   পরিকল্পনাগুলোর কার্যকর বাস্তবায়ন, নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা গেলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পরিবহনমালিক, শ্রমিক, যাত্রী, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে উদ্যোগগুলো আরও বাস্তবসম্মত হবে।   সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের এসব বহুমুখী উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে ঢাকা শুধু যানজট নিরসনের ক্ষেত্রেই নয়, বরং আধুনিক, সমন্বিত ও পরিবেশবান্ধব নগর যোগাযোগ ব্যবস্থার একটি মডেল নগরী হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।

জান্নাতুল ফেরদৌস জেমি নভেম্বর ০৯, ২০২৬
পুলিশ লাইনের সামনেই বিআরটিসি বাসে আগুন

বরগুনা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।   খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা-খুলনা রুটে চলাচলকারী বিআরটিসির বাসগুলো পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা হয়। প্রতিদিনের মতো শনিবারও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে রাখা হয়েছিল। তবে মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।   এ সময় পুলিশ লাইনের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নেভান। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।   বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

জান্নাতুল ফেরদৌস জেমি নভেম্বর ০৯, ২০২৬
বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে।   সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন।   গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।   সংসদ সচিবালয় ইতিমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এ অধিবেশন আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে।   চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। অধিবেশনে পাঁচ থেকে ছয়টা বিল আসতে পারে। এই বিলগুলোর ওপর আলোচনা হবে।   আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।   স্বাভাবিক নিয়মে প্রতি বছরই জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে সংসদের পরবর্তী অধিবেশন, অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে।   এদিকে, চতুর্থ অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এ বৈঠকে অধিবেশনের কার্যদিবসের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।   সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনার বিষয়গুলো থাকবে।

জান্নাতুল ফেরদৌস জেমি নভেম্বর ০৯, ২০২৬
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে।   রবিবার (৮ নভেম্বর) মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।   মুখ্য সচিব বলেন, দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে ল্যান্ড বেইজ আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে। আগামী দুই বছরে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।   তিনি বলেন, মাতারবাড়ীতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকরিসহ আরও নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে।    তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।   প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি। কিন্তু বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবেন এবং সেই লক্ষ্যেই কাজ চলছে।   এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জান্নাতুল ফেরদৌস জেমি নভেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিং, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এসব ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারায় একটি স্কুলবাসেও আগুন দেওয়া হয়।   রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্বৃত্তদের ছোড়া ককটেলটি পার্কিংয়ে থাকা একটি গাড়ির বনেটে পড়ে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।   ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ সময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি ও এসবির কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।   একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অন্তত নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গেছে।   এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের বাড়ি যথাক্রমে নাটোরের গুরুদাসপুর, রাজশাহীর পুঠিয়া ও গোপালগঞ্জের কোটালীপাড়ায়।   প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ক্যাম্পাসের আরও কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।   এদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।   ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর মধ্যে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। ভাটারার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলের সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণ ঘটে।   রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।   উত্তরা পূর্ব থানা এলাকায় রাত পৌনে ১২টার দিকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন। তিনি জানান, বিস্ফোরণে কেউ আহত হয়নি। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে থাকা কয়েকজনকে স্লোগান দিয়ে পরপর তিনটি বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।   অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে রাত পৌনে ১২টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মাহবুবুর রহমান। তিনিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান।

আক্তারুজ্জামান নভেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
রমজানের বাজার স্থিতিশীল রাখতে আমদানি এলসির শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক বিবেচনায় নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।   রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।   সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য সহনীয় রাখতে আমদানি কার্যক্রম সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।   নতুন নির্দেশনার আওতায় চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, বিভিন্ন মসলা এবং খেজুর আমদানিতে এলসি খোলার নগদ মার্জিন ব্যাংকগুলো ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে।   এ ছাড়া দেশের অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে সংশ্লিষ্ট আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।   বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এই নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।

আক্তারুজ্জামান নভেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
সরকারি বাসায় অবৈধ সাবলেট উচ্ছেদে আবাসন পরিদপ্তরের কঠোর অভিযান

সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অবৈধভাবে বসবাসকারী ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।      ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো যারা তা মানেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।     আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, কোন কোন সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে বা সাবলেট বাসিন্দা রয়েছেন, তা শনাক্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।      ভাড়াটেরা কেন এখনো বাসা ছাড়েননি, সে বিষয়ে তাদের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে।     নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটেরা চলে গেছেন কি না, তা যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে আবাসন পরিদপ্তর। এ জন্য ঢাকার বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় পাঁচটি তদন্ত দল কাজ করছে।      দলগুলো সরেজমিনে তথ্য সংগ্রহ করে কারা বাসা ছেড়েছেন এবং কারা এখনো অবস্থান করছেন, তার তালিকা তৈরি করছে। ইতিমধ্যে কয়েকটি এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি।   পরিদপ্তর সূত্র জানায়, তদন্ত শেষে পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হবে। যেসব সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে কিংবা সাবলেট বাসিন্দা রয়েছেন, মূলত তাদের বাসাগুলোতেই অভিযান পরিচালনা করা হবে।   দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের পরিবর্তে অন্যদের ভাড়া বা সাবলেট দিয়ে রাখার অভিযোগ রয়েছে। এ অনিয়ম বন্ধে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি আবাসন পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরকারি বাসা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।     একই সঙ্গে যার নামে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, তাকেই সেখানে বসবাস করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দা পাওয়া গেলে সংশ্লিষ্ট চাকরিজীবীর বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়।   সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।

মারিয়া রহমান নভেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ-গ্যাস সংকট ও লোডশেডিং নিয়ে গানে গানে প্রতিবাদ সালাহউদ্দিন আম্মারের

দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট, লোডশেডিং এবং বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।   রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে গান পরিবেশনের মাধ্যমে এসব বিষয় তুলে ধরেন তিনি।   গানের কথায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়গুলো স্থান পায়। এ সময় সরকারের সমালোচনা করে তিনি বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্যও দেন।   সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমরা বিদ্যুৎ দুই জায়গায় পাই। একটা হচ্ছে বিদ্যুৎমন্ত্রী টুকু সাহেবের মুখে, আরেকটা কারেন্টের তারে।’ গানের মাধ্যমে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে নিজের প্রতিবাদ তুলে ধরেন।   অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীতের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।   এ ছাড়া অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।   অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

আক্তারুজ্জামান নভেম্বর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাবিতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা। এ ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।   রোববার (৮ নভেম্বর) বিক্ষোভ মিছিলের আগে সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।   জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম (রাইয়ান) বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ব্যর্থ হলে তাদের দায়িত্বে থাকার নৈতিক অধিকার থাকে না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।   সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রক্টরিয়াল টিমসহ বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।   বিক্ষোভকারীরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আক্তারুজ্জামান নভেম্বর ০৮, ২০২৬
সালাহউদ্দিন নোমান চৌধুরী
দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হি‌সে‌বে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। রবিবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানায়। প্রজ্ঞাপনে বলা হ‌য়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে ব‌লে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।   অন্যদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম বাংলাদেশের হাই কমিশনার হয়ে দিল্লিতে যাচ্ছেন। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেন আসাদ আল সিয়াম। আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন বলে জানা গেছে। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন ক‌রে‌ছেন। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান। ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক এর আগে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

মারিয়া রহমান নভেম্বর ০৮, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক। ছবি: সংগৃহীত
সরকারি অর্থ অপচয় ও দুর্নীতিতে জড়িতদের ছাড় নয়: সংসদীয় কমিটি

সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সঙ্গে জড়িত কেউই যেন দায়মুক্তি না পায় সে বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। একই সঙ্গে বর্তমান সরকারের আমলেও কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, এ মর্মে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কঠোর বার্তা দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ৮ম বৈঠকে নিজেদের এই অবস্থান ব্যাক্ত করে কমিটি। এতে কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্ব করেছেন। বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক এবং মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২০-২১ অর্থবছরের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট (রিপোর্ট নং-২৮/২০২৩) এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট (রিপোর্ট নং-২১/২০২২) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন অডিট আপত্তির মধ্যে আদায়, সমন্বয়, অবলোপন, প্রমার্জন, নিয়মিতকরণ, ভূতাপেক্ষ অনুমোদনসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের মাধ্যমে নিষ্পত্তির জন্য অপেক্ষমাণ আপত্তিগুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সুপারিশের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় থাকা আপত্তি এবং কমিটির পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে বিগত সরকারের আমলে সংঘটিত আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সঙ্গে জড়িত কেউই যেন দায়মুক্তি না পান, সে বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করা হয়। একই সঙ্গে বর্তমান সরকারের আমলেও কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, এ মর্মে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কঠোর বার্তা দেওয়া হয়। বৈঠকে আমদানি-রপ্তানি কার্যক্রমে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং প্রতিরোধে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। ই-বিলিং ও ই-পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক পরিশোধ এবং দ্রুততম সময়ে পণ্য খালাসের ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। এর মাধ্যমে বন্দরসেবা আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে, বিশেষ করে সমস্যাগ্রস্ত ও বেসরকারি ব্যাংকগুলোতে বন্দর কর্তৃপক্ষের এফডিআর বিনিয়োগ, মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অর্থ উত্তোলন না করা এবং নীতিমালাবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ বিনিয়োগের বিষয়ে বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে কার্যকর আলোচনা, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বন্দর কর্তৃপক্ষের সকল অর্থ সরকারি ব্যাংকে জমা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহনসংক্রান্ত সমস্যা আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হয়। এ ছাড়া খালি কনটেইনারের নামে বন্দর থেকে মালবাহী কনটেইনার বের করে নেওয়া এবং বন্দর থেকে কনটেইনার চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে আগামী বৈঠকে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরের ড্রেজিং কার্যক্রম, নির্ধারিত ড্রাফট ও নাব্যতা অর্জন, কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং এসব প্রকল্পে ব্যয়িত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। এ ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়ম চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট অডিট আপত্তি নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। অডিট আপত্তিতে উত্থাপিত বন্দর কর্তৃপক্ষের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ উৎসাহ বোনাস প্রদানের বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। এ ধরনের আর্থিক অনিয়ম ও সরকারি অর্থের অপচয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সচিব, বন্দরের চেয়ারম্যান ও কমিশনারসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা।

মারিয়া রহমান নভেম্বর ০৮, ২০২৬
নির্বাচন ভবন ও এর লোগো। ছবি: সংগৃহীত
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, এনআইডির তথ্য নেওয়া হবে ৬ বছর থেকে

প্রথম ধাপে দেশের প্রায় এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময়ে দেওয়া তথ্যের ভিত্তিতেই ৬ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেজ তৈরির পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।   রোববার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।   ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টিতে ভোট হবে। মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে আগে রাখা হচ্ছে, এর কিছু বেশি ইউনিয়ন নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’   আখতার আহমেদ বলেন, ‘৬ বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। আলোচনা করছি, প্রাথমিক শিক্ষায় ঢোকার সময় যেই তথ্য দেওয়া হয় সেই তথ্য নিয়ে আমরা ডেটাবেজ করবো।’   তিনি বলেন, ‘ইভিএম আমরা ব্যবহার করবো না। এগুলো ডিজপোজাল করতে ফাইনাল স্টক টেকিং শুরু করেছি। কী পদ্ধতিতে ডিজপোজ করবো সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর বলতে পারবো।

মো: দেলোয়ার হোসাইন নভেম্বর ০৮, ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে স্কেল পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আমরা এ বছর সর্বাধিক বাজেট পেয়েছি এবং আমরা সবাই এবার নতুন পে-স্কেল পেয়েছি। আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা যে জায়গাটিতে খানিকটা দুর্বলতায় ছিলেন, তা দূর করে সকলে মিলেই একই পে-স্কেল পেতে যাচ্ছে। শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য আমরা সকলে মিলে কাজ করব। রোববার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, আমরা এ বছর সর্বাধিক বাজেট পেয়েছি এবং আমরা সবাই এবার নতুন পে-স্কেল পেয়েছি। আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা যে জায়গাটিতে খানিকটা দুর্বলতায় ছিলেন, তা দূর করে সকলে মিলেই একই পে-স্কেল পেতে যাচ্ছে। শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য আমরা সকলে মিলে কাজ করব। এমপিওভুক্ত শিক্ষকরা কিছু দিনের মধ্যেই পে-স্কেল পেতে যাচ্ছেন বলে মন্তব্য করেন ড. মিলন। শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। আমরা কিন্তু গ্লোবাল ভিলেজে বাস করছি। প্রতিনিয়ত আমাদের আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করতে হচ্ছে। আপনারা দেখেছেন, ইতোমধ্যে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর যে তালিকা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশ থেকে ৩৪৭ জন স্থান পেয়েছেন। এখানে এই শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি প্রোগ্রামের কথা চিন্তা করছি। সেই ক্ষেত্রে যাদের লেখার ওপর, যাদের গবেষণার ওপর, যাদের রিসার্চ পেপারের ওপর—অর্থাৎ ওপেন সোর্সের যে সমস্ত চ্যানেল রয়েছে, সেখানে যারা লিখেছেন—তাদের নিয়ে আমরা কাজ করতে চাই। একই সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে আবার একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারণ করছি না, তারা এগুলো অনেকটা কী বলে, প্লেজিয়ারিজমও করেছে। আমরা সেই ধরনের কিছু চাই না। ড. মিলন বলেন, আপনারা সকলেই গবেষণা করবেন, এটা আমি চাই। আমি চাই, আপনারা কিছুদিন শিক্ষকতা করার পরে সবাই গবেষণা করবেন, অর্থাৎ পিএইচডি করবেন। এটা অত্যন্ত জরুরি। তবে এখনই নয়। আপনারা লেকচারারশিপ শেষ করার পরে, যখন প্রফেসর হবেন, তখনই আপনারা ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় প্রবেশ করবেন। কারণ আপনারা সবাই শিক্ষক হবেন। আপনাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। আমি খুশি হয়েছি যে নাই থেকে এই আইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট এটাও বুঝতে হবে, এআইকে মিসইউজ করা যাবে না।

মারিয়া রহমান নভেম্বর ০৮, ২০২৬
ছবি : সংগৃহীত
সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, আসতে পারে ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে।এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় ইতিমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এ অধিবেশন আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। অধিবেশনে পাঁচ থেকে ছয়টা বিল আসতে পারে। এই বিলগুলোর ওপর আলোচনা হবে।আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতি বছরই জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে সংসদের পরবর্তী অধিবেশন, অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে। এদিকে, চতুর্থ অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এ বৈঠকে অধিবেশনের কার্যদিবসের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনার বিষয়গুলো থাকবে। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরেও বিরোধী দলের পক্ষ থেকে চলমান ও জনগুরুত্বসম্পন্ন কোনো ইস্যুতে সাধারণ আলোচনার প্রস্তাব এলে তা নিয়েও নির্দিষ্ট সময় নির্ধারণ করে আলোচনা হতে পারে। তবে বহুল আলোচিত সংবিধান সংশোধন প্রস্তাব এই অধিবেশনে উপস্থাপন হচ্ছে না। সংবিধান সংশোধন বিশেষ কমিটি প্রস্তাব তৈরির কাজ করছে। জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে সেটি উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

মারিয়া রহমান নভেম্বর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়েছে। স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।     রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।       বৈঠকে আরো উপস্থিত আছেন- বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী ও কমিটির সদস্য মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম।

মারিয়া রহমান নভেম্বর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) একটি গণমুখী, সম্পূর্ণ স্বাধীন, নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার। প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন এবং অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির পূর্ণ স্বাধীনতা ও কার্যকর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।   তিনি বলেন, বিবিএস যেন কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়াই দায়িত্ব পালন করতে পারে, সরকার তা নিশ্চিত করতে চায়। এ বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ চলছে।   রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিবিএস মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান: টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। এতে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।   বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সংস্থাটির পরিচালক কবির উদ্দিন আহমেদ জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ড. সৈয়দ শাহাদাত হোসেন এবং বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক আলোচনায় অংশ নেন।   অর্থমন্ত্রী বলেন, নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন, কার্যকর পরিকল্পনা এবং জনকল্যাণমুখী নীতি প্রণয়নের অন্যতম ভিত্তি। সরকারের আয়-ব্যয়ের হিসাব থেকে শুরু করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সঠিক তথ্যের গুরুত্ব অপরিসীম। নির্ভুল তথ্য ছাড়া কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব নয়।   তিনি আরও বলেন, রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠাও জরুরি। অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত না হলে রাজনৈতিক গণতন্ত্রও কার্যকরভাবে এগিয়ে নেওয়া কঠিন। এ কারণে বিবিএসকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলা প্রয়োজন।   সরকারি পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, তথ্য হতে হবে পরিমাপযোগ্য, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য। রাজনৈতিক কিংবা প্রশাসনিক স্বার্থে তথ্য বিকৃতির কোনো সুযোগ থাকা উচিত নয়।   তিনি সতর্ক করে বলেন, কোনো সরকার তথ্য-উপাত্তে কারসাজি করলে শেষ পর্যন্ত নিজেদেরই বিভ্রান্ত করে। বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত সরকারের কর্মসূচি ও নীতির যথাযথ বাস্তবায়নেও বাধা সৃষ্টি করে।   অতীতের পরিসংখ্যান পর্যালোচনার বিষয়ে অর্থমন্ত্রী জানান, তথ্যের অসংগতি ও অন্তর্নিহিত সমস্যা চিহ্নিত করতে সরকার পুরোনো তথ্যের ফরেনসিক পর্যালোচনা শুরু করেছে। তবে এ উদ্যোগকে কেবল আগের সরকারের ভুল খোঁজার প্রক্রিয়া হিসেবে দেখার সুযোগ নেই। বরং ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সমস্যার প্রকৃত কারণ খুঁজে বের করাই এর উদ্দেশ্য।   তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্য সহজলভ্য হলে সরকার কার্যকর নীতি প্রণয়ন করতে পারবে। একই সঙ্গে গবেষকেরা মানসম্মত গবেষণার সুযোগ পাবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।   নতুন নীতি গ্রহণের চেয়ে বিদ্যমান নীতির বাস্তবায়নের ওপর বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশে অনেক নীতি প্রণয়ন করা হয়েছে। কিন্তু সেগুলোর কার্যকর বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার এখন সেই বাস্তবায়ন প্রক্রিয়াকে অগ্রাধিকার দিচ্ছে।   আধুনিক পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, একটি কার্যকর ও আধুনিক তথ্যব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শক্তিশালী ডিজিটাল ভিত্তি প্রয়োজন। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, সরকার ও জনগণের অগ্রযাত্রায় ডিজিটাল অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।   সরকারের ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মসূচিতে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে সমন্বিত এবং নির্ভরযোগ্য তথ্যভান্ডার প্রয়োজন।   অর্থমন্ত্রী আরও বলেন, পরিসংখ্যান ও গবেষণাসংক্রান্ত তথ্য সবার জন্য উন্মুক্ত করতে চায় সরকার। এতে স্বাধীন গবেষণা, জনমত ও গঠনমূলক পর্যালোচনার সুযোগ বাড়বে। তথ্য যত বেশি সহজলভ্য হবে, ভুলত্রুটি চিহ্নিত করে সংশোধনের সুযোগও তত বাড়বে।   গবেষণার সুযোগ-সুবিধা ও সংশ্লিষ্ট তথ্য অনলাইনে উন্মুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর মতে, পরিসংখ্যানকে শুধু সরকারের সম্পদ হিসেবে বিবেচনা করা ঠিক নয়। সরকারি উদ্যোগে তথ্য সংগ্রহ করা হলেও এর প্রকৃত মালিক জনগণ। তাই এসব তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার, গবেষক ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।   বিবিএসের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত কর্মীরা নানা সীমাবদ্ধতার মধ্যেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সরকারের উন্নয়ন কর্মসূচির সঙ্গে কার্যক্রমের সমন্বয়ে তাঁদের অবদান রয়েছে।   বিবিএসের জনবল সংকট ও অন্যান্য পরিচালনাগত সমস্যার বিষয়েও সরকার অবগত রয়েছে বলে জানান তিনি। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও উদ্যোগ গ্রহণ করা হবে।   অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তা, পরিসংখ্যানবিদ, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাধীন, স্বচ্ছ ও জনমুখী পরিসংখ্যান ব্যবস্থা গড়ে উঠবে। এর মাধ্যমে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন, অর্থনৈতিক সুশাসন এবং দেশের টেকসই উন্নয়ন আরও গতিশীল হবে।

মোঃ নাহিদ হোসেন নভেম্বর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে কাজে ফিরেছেন সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানার শ্রমিকরা। তাঁদের উপস্থিতিতে শিল্পাঞ্চলগুলোর অধিকাংশ কারখানায় আবারও উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এতে তৈরি পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরে আসার আশা তৈরি হয়েছে।   রোববার (৮ নভেম্বর) সকাল থেকে এসব এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা যায়। এর ফলে শিল্পাঞ্চলগুলোতে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।   অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক   শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে আশুলিয়ার দু-একটি কারখানায় সমস্যা দেখা দেওয়ায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন।   শিল্প পুলিশের মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজিপি মো. ইসরাইল হাওলাদার বলেন, শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন।   তিনি আরও জানান, রোববার শিল্পাঞ্চলগুলোতে কোনো বিক্ষোভ, সংঘর্ষ কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।   অক্টোবরের বেতন পরিশোধ শুরু   এদিকে, গত ৫ নভেম্বর থেকে পোশাক শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধ শুরু হয়েছে। রোববার অধিকাংশ কারখানায় বেতন দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।   শ্রমিকদের বেতন পরিশোধ এবং কারখানায় তাঁদের উপস্থিতি বাড়ায় শিল্পাঞ্চলগুলোতে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।   স্বাভাবিক উৎপাদন ধরে রাখার প্রত্যাশা   শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন ধরে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছিল। তবে অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।   শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মোঃ নাহিদ হোসেন নভেম্বর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: নির্বাচন কমিশন

সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হচ্ছে।   রবিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আখতার আহমেদ।     ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে। কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না। তবে ইভিএম ডিসপোজালের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি।

মারিয়া রহমান নভেম্বর ০৮, ২০২৬
এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।   রোববার (৮ নভেম্বর) সকালে তিনি বাহিনীর মহাপরিচালক হিসেবে যোগদান করেন।   এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ এসআরবি সদস্যদের সঙ্গে স্বাগত দরবারে অংশ নেন। সেখানে তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।   দেশের জননিরাপত্তা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগী হওয়ার নির্দেশও দেন মহাপরিচালক ফারুক।   ১৯৯৮ সালে ১৭ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ফারুক আহমেদ। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নেন তিনি।   বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধানের দায়িত্বেও ছিলেন তিনি।   জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে (ইইই) স্নাতক ডিগ্রি অর্জন করেন।  

মো: দেলোয়ার হোসাইন নভেম্বর ০৮, ২০২৬
সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধি, পণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   তিনি বলেছেন, ‘সমবায় সমিতিগুলোর মধ্যে দুর্নীতির কারণে বেশিরভাগ সমিতি নষ্ট হয়ে গেছে এবং তাদের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। হাতে গোনা কয়েকটি সমিতি মাত্র সফলভাবে কাজ করছে। অথচ সমবায় আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। সমবায় আন্দোলনকে সফল করতে হলে সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে।’   আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   রাষ্ট্রপতি বলেন, সমবায় আন্দোলন শুরু হয়েছিল ১৯০৪ সালে। দীর্ঘ সময় ধরে এই আন্দোলন চলেছে। মাঝখানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমবায়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তিনি নিজে যে স্বনির্ভর আন্দোলন, অর্থাৎ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, সেই উদ্যোগের সঙ্গে সমবায়কে সম্পৃক্ত করে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন ।   তিনি বলেন, জিয়াউর রহমান ষাটের দশকে বাংলাদেশের সমবায় আন্দোলনের পথিকৃৎ হিসেবে পরিচিত ড. আখতার হামিদ খানকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে এনেছিলেন এবং তাকে বার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিয়ে সমবায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। ফলে সমবায় আন্দোলন অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল।   একইসাথে রাষ্ট্রপতি সমবায় উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান ও কার্যক্রম তুলে ধরেন এবং বর্তমান সরকারের নেতৃত্বে সমবায় খাত আরও দ্রুত গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।   রাষ্ট্রপতি অতীতের সফল সমবায়ের কথা উল্লেখ করে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সমবায়ের সেই অবস্থান এখন আর নেই। ধীরে ধীরে সমবায় আন্দোলন একেবারে নিচের দিকে চলে গেছে। এখন আর আগের মতো এই আন্দোলনের প্রতি গুরুত্ব বা মনোযোগ দেখা যায় না।’   এজন্য তিনি সমবায় খাতের উন্নয়ন ও সম্প্রসারণের উপযোগী করে বিদ্যমান সমবায় সংশ্লিষ্ট আইন সংশোধন ও যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানান।   একইসাথে তিনি সমবায় সমিতিগুলো যেন দেশের এনজিওগুলোর সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে, সেই ব্যাবস্থা গ্রহণের আহ্বান জানান।   রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে এনজিওর ধারণা অত্যন্ত সফলভাবে এগিয়ে গেছে। এই এনজিও কার্যক্রমের কারণেও সমবায় আন্দোলন পিছিয়ে পড়েছে। ফলে সমবায় প্রতিষ্ঠানগুলোকে এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে সমবায় সমিতিগুলো প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করে এনজিওগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে পারে।    সমবায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসমূহের যথাযথ বাজারজাতকরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলো যেসব পণ্য উৎপাদন করে সেগুলোর বাজারজাতকরণে বড় ধরনের সমস্যা রয়েছে। এ ক্ষেত্রে সমবায় অধিদপ্তর ও মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করতে পারে। সমবায়ভিত্তিক কোম্পানি তৈরি করা যেতে পারে, যারা এসব পণ্য বাজারজাতকরণে সমবায় সমিতিগুলোকে সহযোগিতা করবে।    তিনি আরো বলেন, বাংলাদেশে এ ধরনের উদ্যোগে যথেষ্ট ঘাটতি রয়েছে। পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে এই ঘাটতি দূর করা অত্যন্ত জরুরি।   মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমবায়ের মূল ধারণা হচ্ছে একতাবদ্ধ হয়ে কাজ করা। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার জন্য যেসব চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে, সেগুলো মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে।   এ সময় তিনি সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের প্রশংসা করে বলেন, সম্প্রতি বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে তারা অত্যন্ত চমৎকার কাজ করছে। আজকের অনুষ্ঠানে কয়েকটি সফল সমবায়ের কার্যক্রম ও অগ্রগতি দেখে আমি খুব আনন্দিত হয়েছি। তারা সত্যিকার অর্থেই অনেক ভালো কাজ করছে।    রাষ্ট্রপতি সমবায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা এখনো সমবায় আন্দোলনকে ধরে রেখেছেন। তবে শুধু ধরে রাখলেই হবে না, এটিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য সমবায় আন্দোলনকে আরও ব্যাপকভাবে দেশের জনগণের সামনে তুলে ধরতে হবে।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে বক্তব্য দেন এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম।   অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক সেলিম ফকির।   সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ বছর সমবায় দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’।   অনুষ্ঠানে সফল সমবায়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জান্নাতুল ফেরদৌস জেমি নভেম্বর ০৮, ২০২৬
জনপ্রিয় পোস্ট
সরকারি বাসায় অবৈধ সাবলেট উচ্ছেদে আবাসন পরিদপ্তরের কঠোর অভিযান

সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অবৈধভাবে বসবাসকারী ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।      ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো যারা তা মানেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।     আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, কোন কোন সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে বা সাবলেট বাসিন্দা রয়েছেন, তা শনাক্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।      ভাড়াটেরা কেন এখনো বাসা ছাড়েননি, সে বিষয়ে তাদের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে।     নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটেরা চলে গেছেন কি না, তা যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে আবাসন পরিদপ্তর। এ জন্য ঢাকার বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় পাঁচটি তদন্ত দল কাজ করছে।      দলগুলো সরেজমিনে তথ্য সংগ্রহ করে কারা বাসা ছেড়েছেন এবং কারা এখনো অবস্থান করছেন, তার তালিকা তৈরি করছে। ইতিমধ্যে কয়েকটি এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি।   পরিদপ্তর সূত্র জানায়, তদন্ত শেষে পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হবে। যেসব সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে কিংবা সাবলেট বাসিন্দা রয়েছেন, মূলত তাদের বাসাগুলোতেই অভিযান পরিচালনা করা হবে।   দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের পরিবর্তে অন্যদের ভাড়া বা সাবলেট দিয়ে রাখার অভিযোগ রয়েছে। এ অনিয়ম বন্ধে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি আবাসন পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরকারি বাসা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।     একই সঙ্গে যার নামে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, তাকেই সেখানে বসবাস করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দা পাওয়া গেলে সংশ্লিষ্ট চাকরিজীবীর বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়।   সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।

ক্যান্টনমেন্ট রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ বিস্ফোরণ ঘটে। রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।   তিনি জানান, দুর্বৃত্তরা স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, গুরুতর আহত

পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি।   রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।   আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই এলাকার ওমর আলীর ছেলে।   পরিবারের সদস্যদের অভিযোগ, ১০ থেকে ১২ জন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার বাম পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   আহত ব্যক্তির বড় ভাই সেকেন্দার শেখ জানান, একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ভাইয়ের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম পা ভেঙে যায়।   জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, এ হামলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।   এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।   রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।   তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকায় অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ওসি।   এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন।   তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে থাকা কয়েকজনকে স্লোগান দিয়ে পরপর তিনটি বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।   অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।   তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

কুষ্টিয়া শহরে বাড়িতে একা থাকা এক বৃদ্ধাকে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অচেতন করার পর নগদ ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪৫ দশমিক ৭৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অলংকারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা।   রোববার (৮ নভেম্বর) কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।   পুলিশ জানায়, গত ১৬ আগস্ট দুপুর ৩টা ১৩ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে একা ছিলেন এক বৃদ্ধা। দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পদার্থ প্রয়োগ করে তাকে অচেতন করে। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।   এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ওয়াসিফ বিল্লাহ কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।   মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বাদশাহ মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করেন। পরে শনিবার (৭ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী থানার নওদা হোগলবাড়িয়া (শুকুরকান্দি) এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নাঈম হোসেন, পারভীনা খাতুন ও ইন্তাদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারিকুল ইসলাম ও মিজানুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।   পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য অনুযায়ী বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় নিজ বাড়ি থেকে রেহা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।   পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা, এক জোড়া বালা, এক জোড়া কানটানা, দুটি আংটি এবং একটি গলার চেইন উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বর্ণের দোকানে পরীক্ষা করে উদ্ধার করা অলংকারগুলো প্রাথমিকভাবে স্বর্ণের বলে নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে এগুলোর ওজন ৪৫ দশমিক ৭৮ গ্রাম।   কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। চেতনানাশক পদার্থ প্রয়োগ করে বৃদ্ধাকে অচেতন করার পর স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সপ্তাহের সেরা

ছবি: সংগৃহীত
জাতীয়

‘ফ্যাসিস্ট আমলের চেয়েও খারাপ অবস্থায় আছি’, কৃষকদল নেতার অভিযোগ

আক্তারুজ্জামান নভেম্বর ০৬, ২০২৬