- হোম
- খেলাধুলা
খেলাধুলা
ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের ক্লাবে যোগ দেওয়ার ৪০ বছর পূর্তি উদ্যাপনের রেশ কাটতে না কাটতেই মাঠে কঠিন পরীক্ষার মুখে পড়ে দলটি। অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে গোল করে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৪-৪ সমতায়। রোববারের ম্যাচে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের একেবারে শেষ দিকে ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে হেডে গোল করেন প্যাট্রিক ডরগু। তার এই গোলে পূর্ণ তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় অ্যাস্টন ভিলাকে। অন্যদিকে শেষ মুহূর্তে সমতা ফেরানোর স্বস্তি পায় স্বাগতিকরা। এই ড্রয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা নয় ম্যাচে জয়হীন থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয়ের পর দলটির সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই সেই প্রত্যাশায় ধাক্কা লাগে। খেলার প্রথম চার মিনিটের মধ্যেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে ইউনাইটেড। পরে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। প্রথমার্ধের ৪৪ মিনিটে ইউরি তিয়েলেমানসের গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পরও আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ধরে রাখে দুই দল। দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটের মাথায় জন ম্যাকগিনের গোলে আবারও এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। এরপর ইউনাইটেডের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে দলের চতুর্থ গোলটি করেন লিয়ন গোরেৎজকা। ফলে ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ইউনাইটেড। যোগ করা সময়ে জশুয়া জিরকজির গোলে ব্যবধান কমে ৪-৩ হয়। এরপর শেষ বাঁশি বাজার ঠিক আগে ডরগুর গোলে সমতায় ফেরে দলটি। এর আগে শুক্রবার স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার ৪০ বছর পূর্তি উপলক্ষে সাবেক ফুটবলারদের সঙ্গে তার একটি হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে ক্লাবটির বর্তমান কোচ মাইকেল ক্যারিকও ছিলেন। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে দলটির পারফরম্যান্স সেই উদ্যাপনের আনন্দকে কিছুটা ম্লান করে দেয়।
সাফ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও ভারতকে ফাইনালে দেখতে চায় আয়োজকরা—এমন অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার প্রধান কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। রোববার রাতে জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ ড্র করার পর রেফারিং, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এবং সাফের আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ম্যাচে শ্রীলঙ্কা ভালো খেলেও জয় না পাওয়ার জন্য রেফারির সিদ্ধান্তকে দায়ী করেন মুতাইরি। তার অভিযোগ, শ্রীলঙ্কা অন্তত একটি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে। দলের ফরোয়ার্ডকে একাধিকবার ফাউল করা হলেও রেফারি যথাযথ ব্যবস্থা নেননি। অন্যদিকে ভুটানের পক্ষে রেফারির সিদ্ধান্ত গেছে বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে মুতাইরি বলেন, সাফ চায় বাংলাদেশ ও ভারত ফাইনালে খেলুক। বাকি দেশগুলো যেন শুধু প্রীতি ম্যাচ খেলার জন্য অংশ নেয়। তার মতে, টুর্নামেন্টে স্বাগতিক দল সব সময় বাড়তি সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশ ওই দিন মাঠে না নামলেও কেন তাদের প্রসঙ্গ টেনেছেন, এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার এই কুয়েতি কোচ বলেন, আগের আসরগুলোর ফলাফল ও ম্যাচগুলো পর্যালোচনা করলেই বিষয়টি বোঝা যাবে। ২০২১ ও ২০২৩ সালের আসরের উদাহরণও তুলে ধরেন তিনি। তবে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট হলে অন্য দলগুলোর কোচও একই ধরনের অভিযোগ করতে পারতেন বলে মন্তব্য করেন মুতাইরি। এবারের প্রতিযোগিতায় রেফারিংয়ের মান বাড়াতে দক্ষিণ এশিয়ার বাইরের রেফারি আনা হয়েছে। তবে সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া অন্য ম্যাচগুলোতে ভিএআর প্রযুক্তি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীলঙ্কার কোচ। তার মতে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এবং সব খেলায় ভিএআর থাকা প্রয়োজন। আর্থিক সীমাবদ্ধতার কারণে সব ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার সম্ভব না হলে টুর্নামেন্ট আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ভিএআর নিয়ে অসন্তোষ জানিয়েছিলেন মালদ্বীপের কোচ স্টিভেনও। এদিকে শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ড্র হওয়ায় সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচের ফলাফল এবং গোল ব্যবধানের ওপর ভুটানের সেমিফাইনাল ভাগ্য নির্ভর করছে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে দুই গোলের ব্যবধানে হারায়, তাহলে গোল ব্যবধানের হিসাব অনুযায়ী ভুটানের সামনে সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচকে সাফের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে দেখছেন মুতাইরি। তার মতে, দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ম্যাচটির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেলে শ্রীলঙ্কার র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে। সামনে বিশ্বকাপ বাছাইয়ের ড্র থাকায় এই ম্যাচের ফলাফল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে হারলে বাছাইপর্বের ড্রয়ে তাদের অবস্থানেও প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন শ্রীলঙ্কার কোচ।
২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইন। তবে ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও কোচ জিনেদিন জিদানের মতে, এবারের পুরস্কারটি কিলিয়ান এমবাপেরই পাওয়া উচিত ছিল। ভোটাভুটিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। ফরাসি টেলিভিশন অনুষ্ঠান ‘টেলিফুট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপের পারফরম্যান্সের প্রশংসা করেন জিদান। একই সঙ্গে ব্যালন ডি’অরের ফলাফলকে সম্মান জানানোর কথাও বলেন তিনি। জিদানের ভাষায়, ব্যালন ডি’অরের ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ ও মতামত থাকে। এমবাপে দ্বিতীয় হয়েছেন, তাই ফলাফল মেনে নিতে হবে। তবে তার বিশ্বাস, এই পুরস্কার জয়ের মতো যথেষ্ট যোগ্যতা এমবাপের ছিল। দ্বিতীয় হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন ফরাসি এই তারকা। জাতীয় দলের জার্সিতে এমবাপেকে আবার নিয়মিত দেখতে চান জিদান। ফ্রান্সের হয়ে প্রত্যাবর্তনের ম্যাচে গোল করলেও চোটের কারণে পরবর্তী সময়ে দল থেকে ছিটকে যান এমবাপে। এ প্রসঙ্গে জিদান বলেন, এমবাপে আবার ফ্রান্সের জার্সি গায়ে জড়াতে পেরে আনন্দিত হবেন বলে তিনি নিশ্চিত। প্রথম ম্যাচে গোল করার পরও চোটের কারণে তাকে ফিরে যেতে হয়েছিল। দলের সঙ্গে থাকার ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এমবাপের খেলার ওপর তিনি নিয়মিত নজর রাখেন এবং তাকে নিয়ে বিশেষভাবে মনোযোগী থাকতে হবে বলেও উল্লেখ করেন। এদিকে ফ্রান্সের উদীয়মান ফুটবলার দেজিরে দুয়ের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছেন জিদান। তরুণ এই খেলোয়াড়ের সাহসী ও স্বতঃস্ফূর্ত খেলার ধরন তার ভালো লাগে বলে জানান তিনি। জিদানের মতে, দুয়ে মাঠে এমন আত্মবিশ্বাস নিয়ে খেলেন, যেন নিজের পরিচিত পাড়ার মাঠে খেলছেন। খেলোয়াড়দের মধ্যে এমন সাহসী ও নির্ভার মানসিকতাই থাকা প্রয়োজন বলে মনে করেন ফ্রান্সের এই কিংবদন্তি।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আক্রমণভাগে প্রকৃত ‘নম্বর নাইন’ বা স্বাভাবিক স্ট্রাইকারের অভাব নিয়ে কথা বলেছেন প্রধান কোচ থমাস ডুলি। তাঁর মতে, গোল করার সহজাত প্রবৃত্তি ও আক্রমণাত্মক মানসিকতাসম্পন্ন একজন স্ট্রাইকার না থাকলে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই কঠিন হয়ে পড়ে। সাফে নিজেদের প্রথম ম্যাচে মোহাম্মদ ইব্রাহীমের একমাত্র গোলে জয় পেয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে ‘নম্বর নাইন’ হিসেবে অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলান কোচ ডুলি। কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ। তবে ফরোয়ার্ড হিসেবে তাঁর সম্ভাবনা দেখছেন বাংলাদেশ কোচ। রবিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ডুলি বলেন, ‘নম্বর নাইন না থাকলে কঠিন হয়ে পড়ে। আপনি কী করতে চান? আপনি জানেন, আপনার এমন একজন মানুষ দরকার যার এ বিষয়ে একটা সহজাত প্রবৃত্তি বা গোল করার সুনিপুণ দক্ষতা আছে। আপনাকে আঘাত করার মানসিকতা থাকতে হবে, আক্রমণাত্মক হতে হবে, চাপ সৃষ্টি করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আপনাকে শারীরিকভাবে কড়া হতে হবে, খুব বেশি শারীরিক ফুটবল খেলতে হবে; কারণ ওদের মতো খেলোয়াড়দের বিপক্ষে আপনি যখন খেলবেন, তখন আপনাকে শক্ত হতেই হবে, নতুবা গোলকিপার বেরিয়ে আসবে। তাই আপনি যদি সেখানে যেতে ভয় পান, তবে আপনার কাউকে নেওয়ারই দরকার নেই।’ প্রথম ম্যাচে ৬৪ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন বিশ্বনাথ। এ সময়ে কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পাননি তিনি। তবে বিশ্বনাথের শারীরিক উপস্থিতি ও মাঠের শরীরী ভাষায় সন্তুষ্ট কোচ। সুযোগগুলোও তাঁর জন্য খুব একটা সহজ ছিল না বলে মনে করেন ডুলি। বিশ্বনাথের পারফরম্যান্স নিয়ে কোচ বলেন, ‘বুঝতেই পারছেন, তাঁর সামনে যতগুলো সুযোগ এসেছিল, সেগুলোর ক্ষেত্রে একটু দুর্ভাগ্য ছিল। একসময় তাঁকে পা অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দিতে হয়েছিল, সে ঠিকমতো পজিশন নিতে পারেনি কিন্তু সে সেখানে উপস্থিত ছিল।’ তিনি আরও বলেন, ‘আরেকবার সে (বিশ্বনাথ) হেড করার সুযোগ পায়, তাঁকে একটু পেছনে যেতে হয়েছিল, এটাও কিছুটা দুর্ভাগ্যজনক। আর সে যে শটটি নেয়, দেখবেন বলটি ঠিক শট নেওয়ার আগেই মাটিতে বাউন্স করে।’ এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের লড়াইয়ে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হওয়ার কথা শ্রীলঙ্কার। প্রতিপক্ষকে পরখ করতে আগেভাগেই জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন বাংলাদেশ কোচ। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কা-ভুটান ম্যাচে লঙ্কানরা হারলে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথ সহজ হবে। তবে গ্রুপসেরা নির্ধারণের লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শ্রীলঙ্কা দলে রয়েছেন ১৯ জন বংশোদ্ভূত খেলোয়াড়। তাঁদের অনেকেই অস্ট্রেলিয়া, জার্মানি ও সাইপ্রাসের বিভিন্ন লিগে খেলেন। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে ফিরবেন মিডফিল্ডার হামজা চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ।
সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ২-৩ গোলে ভারতের বিপক্ষে হেরেছিল। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানের পয়েন্ট পাওয়ার বিকল্প ছিল না। ঢাকা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। এতে এই গ্রুপ থেকে পাকিস্তানই সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপে তিন দল। প্রতি দল দু’টো করে ম্যাচ খেলবে। পাকিস্তান ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩ ও গোল ব্যবধান +২। ভারতের এক ম্যাচে তিন পয়েন্ট ও +১। মালদ্বীপের শূন্য পয়েন্ট ও -৩ গোল ব্যবধান। মালদ্বীপের পরের ম্যাচ ভারতের বিপক্ষে ১১ নভেম্বর। ঐ ম্যাচে মালদ্বীপ ৩ গোলের ব্যবধানে জিতলে তাদের গোল ব্যবধান দাড়াবে +০ আবার ভারতেরও -২। তখন তিন দলেরই সমান তিন পয়েন্ট হলেও পাকিস্তান +২ গোল ব্যবধান নিয়ে এগিয়ে থাকবে। মালদ্বীপ এক গোলের ব্যবধানে হারালে অবশ্য ভারত শূন্য গোল ব্যবধানে থেকে মালদ্বীপের চেয়ে এগিয়ে থাকবে। আর দুই গোলের ব্যবধানে হারলে তখন অবশ্য মালদ্বীপ ও ভারতের গোল ব্যবধান সমান হবে। সাফের বাইলজের ১১ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, দুই কিংবা ততোধিক দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড দেখা হবে। মালদ্বীপ ভারতকে হারালে পাকিস্তান, ভারত ও মালদ্বীপ তিন দলেরই সমান তিন পয়েন্ট হবে এবং তিন দলই পরস্পর পরস্পরের বিপক্ষে জয়-পরাজয় রয়েছে। এই ধারায় সমতা থাকায় পরের ধারায় রয়েছে দলগুলোর মধ্যে গোল পার্থক্য। এই অংশেই পাকিস্তানের বর্তমান অবস্থান গ্রুপে শীর্ষ দুই নম্বরে থাকা নিশ্চিত করে। মালদ্বীপের কিংবা ভারতের জয় অথবা ড্র কিছুই পাকিস্তানকে গ্রুপে শীর্ষ দ্বিতীয় থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। মালদ্বীপ ভারতকে দুই গোলের ব্যবধানে হারালে তখন মালদ্বীপ ও ভারতের সমান তিন পয়েন্ট ও -১ গোল ব্যবধান হবে। সেক্ষেত্রে ২০ অনুচ্ছেদের পরবর্তী ধাপ অনুসরণ হবে ভারত ও মালদ্বীপের মধ্যে কারা বেশি গোল করেছে। বাইলজ ও গাণিতিক হিসাব নিকাশে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এরপরও সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বলেন, 'গ্রুপ পর্বের সকল খেলা শেষ হওয়ার আগে আমরা আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত কোনো বিবৃতি বা অবস্থান ব্যক্ত করতে পারি না। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী আপনারা হিসাব-নিকাষ করতে পারেন।' আজ ম্যাচের দ্বিতীয় মিনিটে নিজেদের বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। পেনাল্টি থেকে গোল করে লিড এনে দেন পাকিস্তানকে আব্দুল্লাহ। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। বক্সের কোনা থেকে গোল করেন তিনি। ২৪ মিনিটে মালদ্বীপের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন নাজিব। প্রথমার্ধের তিন গোলের লিড শেষ পর্যন্ত ধরে রাখে পাকিস্তান। বিরতির পর খেলোয়াড় পরিবর্তন করলেও স্কোরলাইন পরিবর্তন করতে পারেনি মালদ্বীপ। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডে গোল বাতিল হয়।
একসময় বার্সেলোনার জার্সিতে খেলার স্বপ্ন দেখেছিলেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। সেই ইচ্ছার কথা প্রকাশ্যে আসার পর নিজের ক্লাব আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের বিরাগভাজন হন তিনি। দল ছাড়ার চেষ্টা করেও সফল হননি এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত মাদ্রিদেই থেকে যেতে হয়েছে তাকে। এবার সেই বার্সেলোনার বিপক্ষেই মাঠে নামার অপেক্ষায় আলভারেজ। মেত্রোপলিতানোতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলে লা লিগার শীর্ষস্থানও দখল করতে পারে আতলেতিকো। তাই সমর্থকদের হারানো আস্থা ফিরে পাওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন আর্জেন্টাইন তারকা। গত মৌসুমে কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনাকে বিদায় করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আলভারেজের। দুই প্রতিযোগিতাতেই কাতালান ক্লাবটির বিপক্ষে গোল করেছিলেন তিনি। কিন্তু মৌসুমের শেষ দিকে বার্সেলোনায় খেলার আগ্রহ প্রকাশ করায় পরিস্থিতি বদলে যায়। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা আলজেরিয়াকে হারানোর পর সংবাদমাধ্যমের সামনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন আলভারেজ। তিনি সরাসরি বার্সেলোনার নাম উল্লেখ না করলেও দলবদলের সম্ভাবনার কথা অস্বীকার করেননি। বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সবার জন্য ভালো হয় এমন সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তার এই মন্তব্য আতলেতিকো সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি করে। অন্যদিকে বার্সেলোনাও তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল। তবে আতলেতিকো কর্তৃপক্ষ আলভারেজকে ছাড়তে রাজি হয়নি। ফলে নতুন মৌসুমেও মাদ্রিদে থেকে যেতে হয় তাকে। এরপর থেকেই সমর্থকদের দুয়ো শুনতে শুরু করেন এই ফরোয়ার্ড। একপর্যায়ে সতীর্থরা যখন দর্শকদের অভিবাদন জানাচ্ছিলেন, তখন আলভারেজকে একা টানেলের দিকে চলে যেতে বলা হয়। গ্যালারি থেকে তাকে ক্লাব ছাড়ার দাবিও ওঠে। দলবদলের বাজার শেষ হওয়ার মাত্র ছয় দিন আগেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল। এর মধ্যে দুই দিন অনুশীলনেও অনুপস্থিত ছিলেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে পরে নিজের এজেন্ট ফার্নান্দো ইদালগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন আলভারেজ। আতলেতিকোর প্রধান নির্বাহী আগে অভিযোগ করেছিলেন, এজেন্ট তাকে ভুল পথে পরিচালিত করছেন। অন্যদিকে ইদালগো ক্লাবের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছিলেন। এজেন্টের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর ধীরে ধীরে দলে বেশি সময় পেতে শুরু করেন আলভারেজ। তবে শুরুতে মাঠের পারফরম্যান্সে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। অবশেষে ২০ অক্টোবর স্টুটগার্টের বিপক্ষে গোল করে দীর্ঘ খরা কাটান তিনি। এরপর চার দিন পর দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়েও গোল করেন এই আর্জেন্টাইন। সেই ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমা চান আলভারেজ। বিশ্বকাপের সময় নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, সমর্থকদের অসন্তোষের কারণ বুঝতে পারছেন। তার মতে, সমর্থকেরা যেভাবে তাকে সমর্থন দিয়েছেন, তাতে তাদের রাগ হওয়াটা স্বাভাবিক। তবে ক্লাব ছাড়ার ইচ্ছা পুরোপুরি বদলে গেছে, এমন কোনো ঘোষণা দেননি আলভারেজ। বরং নিজের বক্তব্য প্রকাশের সময় ও ধরন নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। আলভারেজের ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে দেখেছেন আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে। তার মতে, ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য সাহস প্রয়োজন। এই ঘটনার পর আলভারেজ মানসিকভাবে আগের চেয়ে স্বস্তিতে রয়েছেন বলেও মনে করেন তিনি। তবে সমর্থকদের সবাই এখনো তাকে পুরোপুরি গ্রহণ করেননি। অনেকের মতে, ঘটনার পরপরই ক্ষমা চাইতে পারতেন তিনি। প্রায় চার মাস পর এবং আতলেতিকোতেই থাকা নিশ্চিত হওয়ার কয়েক সপ্তাহ পর তার ক্ষমা চাওয়ায় কেউ কেউ ভিন্ন অর্থও খুঁজছেন। অন্যদিকে আলভারেজের সামর্থ্য নিয়ে সতীর্থদের যথেষ্ট আস্থা রয়েছে। গোলরক্ষক ইয়ান ওবলাক মনে করেন, দলের সাফল্যের জন্য আলভারেজের কাছ থেকে আরও বেশি গোল প্রয়োজন। আলেক্স গ্রিমালদোর বিশ্বাস, এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের মধ্যে অসংখ্য গোল করার সক্ষমতা রয়েছে। মৌসুমের শুরুতে প্রথম সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন আলভারেজ। তখন গোলের দেখাও পাননি। তবে পরবর্তী আট ম্যাচের পাঁচটিতে প্রথম একাদশে জায়গা পেয়ে দুটি গোল করেছেন তিনি। ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পাচ্ছেন এই আর্জেন্টাইন। এদিকে আলভারেজকে দলে পাওয়ার চেষ্টা করা বার্সেলোনা এখন অন্য আক্রমণভাগের খেলোয়াড়দের ওপর ভরসা করেই এগোচ্ছে। গ্রীষ্মকালীন দলবদলে রবার্ট লেভানডভস্কি, মার্কাস রাশফোর্ড ও ফেররান তোরেসকে হারানোর পর কোচ আক্রমণভাগে রাফিনিয়াকে নতুন ভূমিকায় ব্যবহার করছেন। স্ট্রাইকার হিসেবে খেলেই দারুণ সফল হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ইতোমধ্যে ১৯ গোল করে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার আসনেও রয়েছেন তিনি। বার্সেলোনার হয়ে লামিন ইয়ামালও দুর্দান্ত ফর্মে আছেন। তার গোলসংখ্যা ১৩, সঙ্গে রয়েছে ১১টি অ্যাসিস্ট। দলের মোট ১৩ জন আলাদা খেলোয়াড় গোল করেছেন। সব মিলিয়ে চলতি মৌসুমে আক্রমণভাগে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে কাতালানরা। অন্যদিকে লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে আতলেতিকোও। বায়ার্ন মিউনিখের কাছে হারলেও স্প্যানিশ লিগে টানা সাত ম্যাচে জয় পেয়েছে সিমিওনের দল। এই ধারায় নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকেও হারিয়েছে তারা। গত মৌসুমের একই সময়ের তুলনায় এবার দলের পয়েন্টসংখ্যাও বেশি। আতলেতিকোর হয়ে গোল করার দায়িত্বও ভাগাভাগি করে নিচ্ছেন একাধিক ফুটবলার। লিগে আলভারেজের গোল একটি হলেও আলেক্স বায়েনা করেছেন পাঁচটি, আলেক্স গ্রিমালদো চারটি এবং জোনাথন ডেভিড ও জুলিয়ানো সিমিওনে করেছেন তিনটি করে গোল। ১১ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো এবং ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে হারাতে পারলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করবে আতলেতিকো। আলভারেজের ওপর দলের গোলের নির্ভরতা কিছুটা কমলেও তার সেরা পারফরম্যান্স ফিরে পাওয়া আতলেতিকোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচ সিমিওনের বিশ্বাস, ক্লাবের বড় লক্ষ্য অর্জনে এই ফরোয়ার্ডের অবদান প্রয়োজন। সিমিওনের ভাষায়, ক্লাব যদি সমর্থকদের স্বপ্ন পূরণের অবস্থানে থাকতে চায়, তাহলে দলে হুলিয়ান আলভারেজের মতো খেলোয়াড়কে প্রয়োজন। তাই বার্সেলোনার বিপক্ষে আসন্ন ম্যাচটি শুধু পয়েন্টের লড়াই নয়, আলভারেজের জন্য নিজের সামর্থ্য প্রমাণ এবং সমর্থকদের বিশ্বাস পুনরুদ্ধারেরও বড় মঞ্চ।
ফরাসি লিগ ওয়ানে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শনিবার পার্ক দেস প্রিন্সেসে সদ্য প্রমোশন পাওয়া ত্রয়কে ১-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন ইউক্রেনের ডিফেন্ডার ইলিয়া জাবার্নি। এই জয়ের মধ্য দিয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির সঙ্গে শিরোপার লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে পিএসজি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি পিএসজির টানা ১১তম জয়। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর লুইস এনরিকের অধীনে এই প্রথম টানা ১১ ম্যাচে জয়ের স্বাদ পেল প্যারিসের ক্লাবটি। ম্যাচের ৩৯ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। দেজিরে দুয়ের দ্রুত নেওয়া কর্নার থেকে সেনি মায়ুলুর বাড়ানো নিখুঁত ক্রসে হেড করে বল জালে পাঠান জাবার্নি। তার এই গোলেই শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় ইউরোপীয় চ্যাম্পিয়নদের। তবে ম্যাচের আগে চোট ও খেলোয়াড়দের বিশ্রামের কারণে কিছুটা দুর্বল অবস্থায় ছিল পিএসজির স্কোয়াড। ইনজুরির কারণে খেলতে পারেননি খভিচা খাভারাস্খেলিয়া, উসমান দেম্বেলে, নুনো মেন্দেস, মাগনেস আকলিউশ ও অধিনায়ক মার্কিনিয়োস। অন্যদিকে আশরাফ হাকিমিকে বিশ্রাম দেওয়া হয় এবং জোয়াও নেভেসকে শুরুতে বেঞ্চে রাখা হয়েছিল। ম্যাচ শেষে টানা জয়ের ধারাবাহিকতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কোচ লুইস এনরিকে। তার মতে, ফুটবলে একের পর এক ম্যাচ জেতা মোটেও সহজ নয়। তবে আন্তর্জাতিক বিরতির আগে শেষ আটটি ম্যাচেই জয় পাওয়াকে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। বিরতি শেষে জাতীয় দল থেকে খেলোয়াড়েরা ফিরে এলে একই ধারায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা তার। এদিকে গোল করার পর পিএসজির ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু একাধিক ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফেরান তোরেস। মৌসুমের প্রথম ছয় ম্যাচে সাত গোল করা এই ফরোয়ার্ড পরবর্তী আট ম্যাচে গোলের দেখা পাননি। যদিও তোরেসের গোলখরা নিয়ে উদ্বিগ্ন নন এনরিকে। তার মতে, আক্রমণভাগের খেলোয়াড়েরা সুযোগ তৈরি করতে পারছেন, যা ইতিবাচক দিক। পাশাপাশি প্রতিপক্ষের গোলরক্ষকের পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ত্রয়। রেনোদ রিপার্তের একটি জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের শেষ দিকে লুকাস মারোনিয়ের করা গোল অফসাইডের কারণে বাতিল হলে সমতায় ফেরার সুযোগও হাতছাড়া করে সফরকারীরা। অন্যদিকে একই দিনে নিজেদের ম্যাচে ওসেরকে ১-০ গোলে হারিয়েছে প্যারিস এফসি। দলটির হয়ে জয়সূচক গোল করেন মালির ফরোয়ার্ড লাসিন সিনায়োকো। পাবলো পাজিসের সহায়তায় পাওয়া গোলটি চলতি মৌসুমে তার দুর্দান্ত ফর্মেরই আরেকটি উদাহরণ। ১০ ম্যাচে ৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড। ১০ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে প্যারিস এফসি। ফলে দুই নগর প্রতিদ্বন্দ্বীর মধ্যে শিরোপার লড়াই ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। আন্তর্জাতিক বিরতির পর নিসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এরপর নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমার মুখোমুখি হবে তারা। সামনের ম্যাচগুলোতে জয়ের ধারা ধরে রাখাই এখন এনরিকের দলের প্রধান লক্ষ্য।
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় কোচদের জয়ের শতকরা হারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন হোসে মরিনহো। পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি, জিনেদিন জিদান ও জাভি হার্নান্দেজের মতো তারকা কোচদের পেছনে ফেলেছেন পর্তুগিজ এই কোচ। স্প্যানিশ ফুটবল পরিসংখ্যানবিদ মিস্টার চিপের প্রকাশিত তথ্য অনুযায়ী, লা লিগায় অন্তত ১০০ ম্যাচ পরিচালনা করেছেন এমন কোচদের মধ্যে মরিনহোর জয়ের হার সবচেয়ে বেশি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ১২৬ ম্যাচে ৯৭টি জয় পেয়েছিলেন তিনি। অর্থাৎ তার জয়ের হার ৭৭ শতাংশ। গার্দিওলা ও আনচেলত্তি রয়েছেন পরের অবস্থানে মরিনহোর পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পেপ গার্দিওলা। বার্সেলোনার কোচ হিসেবে ১৫২ ম্যাচে ১১৬টি জয় নিয়ে তার জয়ের হার ৭৬ দশমিক ৩ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা কার্লো আনচেলত্তি ২২৮ ম্যাচে ১৬২টি জয় পেয়েছেন। তার জয়ের হার ৭১ দশমিক ১ শতাংশ। এ ছাড়া জাভি হার্নান্দেজের জয়ের হার ৬৯ দশমিক ৬ শতাংশ, জিনেদিন জিদানের ৬৭ দশমিক ৮ শতাংশ এবং লুইস এনরিকের ৬৬ দশমিক ৪ শতাংশ। ফ্লিকের জয়ের হার বেশি, তবে ম্যাচের সংখ্যা কম বর্তমান কোচ হান্সি ফ্লিকের জয়ের হার এই তালিকার সবার চেয়ে বেশি। ৮৭ ম্যাচে ৬৯টি জয় নিয়ে তার জয়ের হার ৭৯ দশমিক ৩ শতাংশ। তবে এখনো ১০০ ম্যাচ পরিচালনার মাইলফলক স্পর্শ না করায় মূল তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। ভ্যালেন্সিয়াকে হারিয়ে টানা অষ্টম জয় রিয়ালের এদিকে লা লিগার দ্বাদশ রাউন্ডের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৮ মিনিটে ফেদেরিকো ভালভের্দে গোল করে দলকে এগিয়ে নেন। ৩৬ মিনিটে আর্দা গুলার ব্যবধান দ্বিগুণ করেন। ৭৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পে তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রিয়াল মাদ্রিদের টানা অষ্টম জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই জয়ের খবরের পাশাপাশি মরিনহোর পুরোনো লা লিগা রেকর্ডও নতুন করে আলোচনায় এসেছে।
ম্যানচেস্টার সিটিকে চমকে দিয়ে শুরুতেই এগিয়ে গেল নটিংহ্যাম ফরেস্ট। পরে ক্যারিয়ারে নিজের প্রথম ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন লিয়াম দিলাপ। মাঝে একবার ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, ধারহীন পারফরম্যান্সে কোনো সম্ভাবনাই জাগাতে পারল না এন্টসো মারেস্কার দল। প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগে ৩-১ গোলে হেরে গেছে সিটি। প্রতিযোগিতাটিতে এটি তাদের টানা তৃতীয় হার। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর, একটি শোধ করেছিলেন রায়ান শের্কি। গত মার্চে প্রিমিয়ার লিগে সিটিকে তাদের মাঠেই ২-২ গোলে রুখে দেয় ফরেস্ট। আত্মবিশ্বাসী পারফরম্যান্সে এবার তারা পেল স্মরণীয় এক জয়। এদিনই হাল সিটিকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করে আর্সেনাল। ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করল সিটি। আর্সেনালের সমান ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। রক্ষণের ভুলে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে সিটি। নিজেদের সীমানায় সতীর্থের পাস পেয়ে বল পায়ে রাখতে পারেননি ইয়োশকো ভার্দিওল। তার থেকে বল কেড়ে নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে, আরেকজনের চ্যালেঞ্জ এড়িয়ে নিচু শটে দলকে এগিয়ে নেন জাইর কুইয়া। চলতি মৌসুমে ঘরের মাঠে এই প্রথম গোল পেল ফরেস্ট। সেই ধাক্কা সামলে ওঠার আগেই আরও পিছিয়ে পড়ে সফরকারীরা। মাঝমাঠে তাদের সামান্য ভুলের সুযোগে বল ধরেই আক্রমণ শাণায় ফরেস্ট। মাঝমাঠের আগে থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন দিলাপ, এবং জোরাল শটে ক্রসবার ঘেঁষে জালে জড়ান ইংলিশ স্ট্রাইকার। প্রথমার্ধে আক্রমণে সাদামাটা সিটি ৪১তম মিনিটে দারুণ একটি সুযোগ পায়। গোলরক্ষক আগেই নিজের পজিশন থেকে সরে যান, সেই সুযোগে শট নেন হলান্ড; কিন্তু গোললাইনে সেটা আটকে দেন কুইয়া। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় সিটি। জেরেমি ডোকুর বাঁ দিক থেকে বাড়ানো বল ফরেস্টের একজনের গায়ে ডি-বক্সের মুখে পান শের্কি, বুলেট গতির হাফ-ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার। খানিক পর গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন হলান্ড, কিন্তু তার একটু বাঁকানো শটটি ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। ৬৭তম রক্ষণে আবার গড়বড় করে সিটি এবং বিপদেও পড়তে যাচ্ছিল তারা। ডি-বক্সের মুখ থেকে জোরাল শট নেন রায়ান ইয়েটস, এবং বল এলিয়ট অ্যান্ডারসনের পায়ে লেগে ওপরের জালে গিয়ে পড়ে। ওই যাত্রায় বেঁচে গেলেও, সাত মিনিট পর ঠিকই আবার দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে সিটি। প্রতিপক্ষের একটি দুর্বল আক্রমণ রুখে, দ্রুত পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকেই জোরাল শটে দূরের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দিলাপ। এবারের লিগে ফরেস্টের এটা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে দলটি।
ভালেন্সিয়ার মাঠে ছন্দময় ফুটবল খেলল রেয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় ম্যাচে দর্শনীয় গোল করলেন ফেদে ভালভের্দে। জালের দেখা পেলেন আর্দা গুল্যার আর কিলিয়ান এমবাপেও। দারুণ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল জুজে মরিনিয়োর দল। প্রতিপক্ষের মেস্তায়া স্টেডিয়ামে শনিবার রাতে ৩-০ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ। শেষ দিকে কিছু সময় একজন কম নিয়ে খেলেছে স্বাগতিক দল। গোল করে ও করিয়ে ম্যাচ সেরা হন গুল্যার। ভালভের্দে দলকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান বাড়ান গুল্যার। তার পাস থেকে দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতল রেয়াল। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে এটিই ছিল তাদের শেষ ম্যাচ। ১২ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে রেয়াল। ১১ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাদের সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আতলেতিকো মাদ্রিদ। রোববার মুখোমুখি হবে এই দুই দল। পুরো ম্যাচে প্রায় ৬৯ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে রেয়াল। ভালেন্সিয়ার চার শটের দুটি লক্ষ্যে ছিল। শুরুর কিছু সময় উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি রেয়াল। অষ্টাদশ মিনিটে নিজেদের ভুলে উল্টো বিপদে পড়তে বসে তারা। বক্সের বাইরে অহেলিয়া চুয়ামেনির থেকে আলগা বল পেয়ে জোরাল শট নেন ভালেন্সিয়ার আরন মায়োয়। দুর্দান্ত সেভে দলকে বাঁচান তিবো কোর্তোয়া। দুই মিনিট পর রেয়ালের জালে বল পাঠালেও, অফসাইডের কারণে গোল পায়নি স্বাগতিকরা। ২৬তম মিনিটে ভালেন্সিয়ার বক্সের বাইরে এমবাপে ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় রেয়াল। ফরাসি তারকার শট রক্ষণ দেয়ালে লেগে ফেরার পর, বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে ঠিকানা খুঁজে নেন ভালভের্দে। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্সের বিপক্ষে রেয়ালের ৩-২ গোলে জয়ের ম্যাচেও, শেষ সময়ে এভাবে ডি-বক্সের বাইরে থেকে শটে চোখধাঁধানো গোলে ব্যবধান গড়ে দেন উরুগুয়ের তারকা। রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অন্তত দুই ম্যাচে বক্সের বাইরে থেকে গোল করলেন তিনি এই নিয়ে তৃতীয়বার। সবশেষ করেছিলেন ২০২২ সালের অক্টোবরে, টানা তিন ম্যাচে। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রেয়াল। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে জুড বেলিংহ্যামের কাটব্যাকে বল প্রতিপক্ষের পেয়ে লেগে একটু ওপরে উঠে যায়, ছয় গজ বক্সের বাইরে থেকে ভলিতে লক্ষ্যভেদ করেন গুল্যার। ছয় মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন তুরস্কের এই অ্যাটাকিং মিডফিল্ডার। বক্সে ঢুকে তার নেওয়া শট ঝাঁপিয়ে আটকান ভালেন্সিয়া গোলরক্ষক। পরক্ষণে বক্সে বল পেয়ে উড়িয়ে মারনে অরক্ষিত ইয়ান ডিওমান্ডে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পরপর দুই মিনিটে দুটি সুযোগ পান এমবাপে। প্রথম দফায় ডান দিক দিয়ে বক্সে ঢুকে ফরাসি তারকার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক। একই জায়গা দিয়ে বক্সে ঢুকে ফ্রান্স অধিনায়কের আরেকটি শট আটকে দেন তিনি। ৬৫তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে বেলিংহ্যামের নেওয়া শটও চমৎকার নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক। এরপর এমবাপের ওভারহেড কিকে বল সরাসরি তার হাতে যায়। দুই মিনিট পর রেয়ালের বক্সে হানা দেয় ভালেন্সিয়া। দুরূহ কোণ থেকে দানজুমার শট নিচু হয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। ৭৫তম মিনিটে তৃতীয় গোল করা থেকে রেয়ালকে আর আটকে রাখতে পারেননি ভালেন্সিয়া গোলরক্ষক। ডান দিক থেকে গুল্যারের পাস বক্সে পেয়ে গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান এমবাপে। এই মৌসুমে লা লিগায় ১২ ম্যাচে তার গোল হলো ১৩টি, দ্বিতীয় সর্বোচ্চ। ১০ ম্যাচে ১৫ গোল নিয়ে চূড়ায় বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়া। আর গুল্যার মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে চারটি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করলেন সাতটি। ওই গোলের তিন মিনিট পর এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ভালেন্সিয়ার ডিফেন্ডার হোসে গায়া। বাকি সময়ে রেয়াল চাপ ধরে রাখলেও আর জাল খুঁজে পায়নি। ১২ ম্যাচের সাতটিতে হারা ভালেন্সিয়া ৯ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৯ নম্বরে আছে।
সংবাদ সম্মেলনে হুলিয়ান আলভারেসকে নিয়ে প্রশ্নে খুব ছোট করে উত্তর দিলেন দিয়েগো সিমেওনে। একই সঙ্গে আতলেতিকো মাদ্রিদ কোচ বুঝিয়ে দিলেন, গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলেও, কাতালান দলটির বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত জুনে ইএসপিএন-কে আলভারেস জানান, আতলেতিকো মাদ্রিদ ছাড়তে চান তিনি। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছিল যে, তার প্রথম পছন্দ ছিল বার্সেলোনায় যোগ দেওয়া। তবে আতলেতিকো তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আলভারেসকে ছাড়তে রাজি হয়নি। তারা ১০ কোটি ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করে, যার ফলে শেষ পর্যন্ত মেত্রোপলিতানোতেই থেকে যান ২৬ বছর বয়সি ফুটবলার। সেই নাটকীয় অধ্যায় শেষ হওয়ার পর প্রথমবার বার্সেলোনার মুখোমুখি হচ্ছেন আলভারেস। মাদ্রিদে রোববার মুখোমুখি হবে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল, যাদের মধ্যে ব্যবধান কেবল ২ পয়েন্টের। বার্সেলোনার বিপক্ষে খেলার জন্য আলভারেস প্রস্তুত কি না- শনিবারের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সিমেওনে ছোট করে বলেন, “সে খুব ভালো করছে।” মৌসুমের শুরুতে ক্লাব ছাড়ার চেষ্টার কারণে আতলেতিকো সমর্থকদের দুয়োধ্বনির মুখে পড়েছিলেন আলভারেস। তবে পরবর্তীতে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। গ্রীষ্মের সেই ঘটনার জেরে মৌসুমের শুরুতে তিনি খুব কমই খেলার সুযোগ পান। তবে বর্তমানে সেই পরিস্থিতি বদলেছে, আতলেতিকোর সবশেষ চার ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন এবং দুটি গোলও করেছেন। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আতলেতিকো। গত মৌসুমে লিগে দুইবারের দেখাতেই জিতেছিল বার্সেলোনা। তবে কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ-দুটি প্রতিযোগিতা থেকেই ফ্লিকের দলকে বিদায় করে দিয়েছিল আতলেতিকো।
মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি যেন সব বাধাই ভেঙে চলেছেন। চলতি মৌসুমের শেষ ম্যাচটি তার নামের পাশে এমন দুটি অনন্য কীর্তি যোগ করতে পারে, যা লিগের দীর্ঘ ৩১ বছরের ইতিহাসে আর কোনো ফুটবলারই অর্জন করতে পারেননি। ৩৯ বছর বয়সী ইন্টার মায়ামি অধিনায়ক এই শেষ ম্যাচে মাঠে নামছেন ফুটবল ইতিহাসের পাতায় নতুন এক মহাকাব্য লেখার সুযোগ নিয়ে। ওয়ার্ল্ডসকারটকের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি বর্তমানে ২৬টি গোল নিয়ে এমএলএসে গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালাস ফরোয়ার্ড পিটার মুসা ২২ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছে। এর ফলে মেসির সামনে এমএলএস-এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার গোল্ডেন বুট জেতার সুযোগ। লিগের ৩১ বছরের ইতিহাসে আর কোনো ফুটবলারই অর্জন করতে পারেননি। সেই সাথে এই পুরস্কারটি নিজের করে নিলে তিনি এমএলএসের ইতিহাসে ২য় বার গোল্ডেন বুট জয়ী মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখাবেন। এর আগে প্রিকি, টেইলর টুয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ন্ডোলোভস্কি এবং ব্র্যাডলি রাইট-ফিলিপস রয়েছেন এই র্কীতি গড়েন। এই আর্জেন্টাইন তারকা চলতি মৌসুমে ইন্টার মায়ামির সাফল্যের মূল কাণ্ডারি হয়ে উঠেছেন। লিগে ৩০ ম্যাচে মাঠে নেমেই ২৬ গোল করার পাশাপাশি ১৪ গোলে সরাসরি সহায়তা (অ্যাসিস্ট) করেছেন তিনি। যা তাকে এ বছরের বর্ষসেরাসহ সব ধরনের ব্যক্তিগত পুরস্কারের প্রধান দাবিদারে পরিণত করেছে। আগামীকাল রোববার শার্লট এফসি-র বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি, যা মেসির সামনে মুসার ওপর গোল ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার শেষ সুযোগ। ডালাসের স্ট্রাইকার যদি এই ব্যবধান কমাতে না পারেন, তবে গোল্ডেন বুট আবারো এই আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠছে। সেই সাথে যুক্ত হবে এমন এক অনন্য রেকর্ড, যা লিগের ইতিহাসের সেরা সেরা গোলদাতাদের কাছেও আজীবন অধরা রয়ে গেছে।
বিশ্বকাপের শতবর্ষ পূর্তিতে টুর্নামেন্টকে আরো বড় করার পরিকল্পনা ছিল ফিফার। ২০৩০ বিশ্বকাপে ৪৮ দলের পরিবর্তে ৬৪টি দল নিয়ে আয়োজনের প্রস্তাবও উঠেছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্নির্বাচিত হলে বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেবেন না বলে ফিফার শীর্ষ কর্মকর্তাদের জানিয়েছেন ইনফান্তিনো। ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের সভাপতিদের নিয়ে গঠিত ফিফা ব্যুরোর সদস্যদের এ কথা জানিয়েছেন ইনফান্তিনো। আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার কথা তার। ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল রাখার প্রস্তাব দিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। বিশ্বকাপের ১০০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ইউরোপসহ কয়েকটি মহাদেশীয় ফুটবল সংস্থা এ প্রস্তাবের বিরোধিতা করেছিল। বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। সেই চাপ কমাতেই তিনি সম্প্রসারণের পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে ধারণা দ্য টাইমসের। এ বিষয়ে ফিফার কাছে জানতে চেয়েছিল দ্য টাইমস। তবে সংস্থাটির কেউ মন্তব্য করতে রাজি হননি। ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ফিফা কাউন্সিল ও কাউন্সিল ব্যুরোর অভ্যন্তরীণ আলোচনা আমাদের নীতিমালা অনুযায়ী গোপনীয়।’ ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষ উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ হওয়ার কথা রয়েছে।
বয়স যে কেবলই সংখ্যা, তা যেন বারবার প্রমাণ করে চলেছেন কাজুইয়োশি মিউরা। ৫৯ বছর বয়সে পেশাদার ফুটবলে মাঠে নেমে নতুন এক রেকর্ড গড়েছেন জাপানের এই গ্রেট ফুটবলার। জাপানের তৃতীয় বিভাগের লিগে শনিবার ফুকুশিমা ইউনাইটেডের হয়ে মাঠে নামেন ‘কিং কাজু’ নামে পরিচিত এই ফুটবলার। সবচেয়ে বেশি বয়সে জে-৩ লিগে খেলার কীর্তি এখন তার। এফসি রিউকিউয়ের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মিউরাকে নামান ফুকুশিমার কোচ। এদিন তার বয়স হয়েছে ৫৯ বছর ৮ মাস ১২ দিন। পেশাদার ফুটবলে মিউরা ৪২তম মৌসুমে খেলছেন। জাপানের লিগে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন তিনি। ২০২১ সালের পর কোনো লিগ ম্যাচে এটাই ছিল তার প্রথম উপস্থিতি। সেবার মূল ক্লাব ইয়োকোহামা এফসির হয়ে জাপানের শীর্ষ লিগে একবার খেলেছিলেন এই স্ট্রাইকার। গত মৌসুমে আয়োজিত বিশেষ টুর্নামেন্টে ছয়টি ম্যাচ খেলেন মিউরা। তবে সেগুলো আনুষ্ঠানিক লিগ ম্যাচ হিসেবে বিবেচিত হয়নি। টানা পাঁচটি দশকে পেশাদার ফুটবল খেলেছেন মিউরা। গত জুলাইয়ে এম্পেরর’স কাপে গোল করে প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের প্রায় চার বছরের অপেক্ষার ইতি টানেন তিনি।
ম্যাচের শুরুতে কিছুটা ভুগতে হলো আর্সেনালকে। তবে সময়ের সঙ্গে জ্বলে উঠল তারা, এবং দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দিলেন মার্টিন ওদেগোর। লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ম্যাচ শুরু হতেই আর্সেনালের রক্ষণে ভীতি ছড়ায় সফরকারীরা। দ্বিতীয় মিনিটে দারুণ পজিশনে বল পেয়ে যান জন ইগান, তবে হেড লক্ষ্যে রাখতে পারেননি এই ডিফেন্ডার। ১৯তম মিনিটে আবার সুযোগ তৈরি করে প্রিমিয়ার লিগে ফেরা দলটি, তবে আরেক ডিফেন্ডার এলিয়টের শট রুখে দেন দাভিদ রাইয়া। শুরুতে এলোমেলো আর্সেনাল নিজেদের গুছিয়ে নেওয়ার পর চাপ বাড়ায়। বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও, প্রথমার্ধে খুব ভালো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ডেক্লান রাইস একবার সম্ভাবনা জাগালেও, তার নিচু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে ওঠে ৪৩তম মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষের বাধায় কাই হাভার্টজ পড়ে গেলে। পেনাল্টির জোরাল আবেদন করে আর্সেনাল। তবে ভিএআর রিপ্লেতে দেখা যায় এই ফরোয়ার্ড অফসাইডে ছিলেন। ৫৭তম মিনিটে এগিয়ে যেতে পারতো আর্সেনাল। বিপজ্জনক জায়গায় ফাঁকায় বল পান ননি মাদুয়েকে, জোরাল শটও নেন তিনি। দারুণ দৃঢ়তায় পা দিয়ে আটকে দেন গোলরক্ষক। ৭২তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় আর্সেনাল। মাদুয়েকের পোস্ট ঘেঁষে নেওয়া জোরাল শট গোলরক্ষক ঝাঁপিয়ে আটকালেও, দলকে বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বল গোলমুখে ছুটে গিয়ে শটে জালে পাঠান ওদেগোর। ছয় মিনিট পর মিকেল মেরিনোর জোরাল শট দারুণ নৈপুণ্যে রুখে ব্যবধান বাড়তে দেননি হাল সিটির গোলরক্ষক। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ওয়ান-অন-ওয়ানে মাদুয়েকের প্রচেষ্টাও ঠেকিয়ে দেন তিনি। আর গোল না হলেও, বাকি সময়ে প্রতিপক্ষকে তেমন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি হাল সিটি। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আপাতত ১৩ নম্বরে আছে হাল সিটি।
লিভারপুল নারী দলের অধিনায়ক গ্রেস ফিস্কের সঙ্গে নতুন করে চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি। তবে নতুন চুক্তির মেয়াদ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি লিভারপুল। ২০২৩ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে লিভারপুলে যোগ দেন ইংল্যান্ডের এই ডিফেন্ডার। এরপর থেকে অ্যানফিল্ডের ক্লাবটির হয়ে খেলছেন তিনি। চুক্তি নবায়নের পর ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ফিস্ক জানিয়েছেন, লিভারপুলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে তার কোনো সংশয় ছিল না। ক্লাব ও শহরের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথাও তুলে ধরেছেন তিনি। ফিস্ক বলেন, প্রতিদিন এই ক্লাবে থাকতে পারা তার কাছে সৌভাগ্যের বিষয়। মেলউডকে অসাধারণ জায়গা উল্লেখ করে তিনি বলেন, সেখানে অনেক ভালো মানুষের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। শহরটিও তার কাছে নিজের বাড়ির মতো। তাই চুক্তি নিয়ে আলোচনা শুরুর সময় থেকেই লিভারপুলে থাকার সিদ্ধান্ত তার কাছে পরিষ্কার ছিল। ২০২৩ সালে ওয়েস্ট হ্যাম থেকে যোগ দেওয়ার পর লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৩টি ম্যাচ খেলেছেন ফিস্ক। এ সময়ে তার গোলসংখ্যা পাঁচ। ২০২৫ সালে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর নিজের দায়িত্ব ও প্রত্যাশা বেড়েছে বলে জানিয়েছেন ফিস্ক। তবে সতীর্থদের সহযোগিতায় সেই দায়িত্ব পালন সহজ হচ্ছে বলে মনে করেন তিনি। দলের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক এবং একসঙ্গে কাজ করার ইতিবাচক পরিবেশও লিভারপুলে থেকে যাওয়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানান এই ডিফেন্ডার।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে আর মাঠে দেখা যাবে না এই মহাতারকাকে। পর্তুগালের জার্সিতে অসংখ্য কীর্তি গড়েছেন তিনি। এর মধ্যে এমন নয়টি রেকর্ড রয়েছে, যেগুলো অদূর ভবিষ্যতে ভাঙা কঠিন বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। পর্তুগালের হয়ে তার গোলসংখ্যা ১৪৬। তালিকায় তার পরেই রয়েছেন লিওনেল মেসি, যিনি ২০ গোল পিছিয়ে। আর সাবেক ইরানি ফুটবলার আলী দাইয়ি রয়েছেন রোনালদোর চেয়ে ৩৮ গোল পেছনে। বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে রোনালদোর সবচেয়ে কাছাকাছি বেলজিয়ামের রোমেলু লুকাকু। তার গোল ৯৪টি। ৩৩ বছর বয়সে এসে রোনালদোর রেকর্ড ছোঁয়া তার জন্য বড় চ্যালেঞ্জ। পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কির গোলসংখ্যা ৯২। অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেইনকেও রোনালদোকে ছাড়িয়ে যেতে আরও ৫০টির বেশি গোল করতে হবে। আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ উপস্থিতি আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর দখলে। ২৩ বছরের ক্যারিয়ারে পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেসি খেলেছেন ২০৮ ম্যাচ। রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদরিচও তার চেয়ে ২৮ ম্যাচ পিছিয়ে। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে কাতারের হাসান আল হায়দোস ১৯৩ ম্যাচ নিয়ে রোনালদোর কাছাকাছি রয়েছেন। তবে শীর্ষস্থান পেতে তাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। ৩০ বছর বয়সের পর সর্বোচ্চ গোল বয়স বাড়ার সঙ্গে রোনালদোর গোল করার ধার কমেনি, বরং ক্যারিয়ারের পরের অংশে আরও বেশি গোল করেছেন তিনি। ৩০ বছর পূর্ণ হওয়ার পর পর্তুগালের হয়ে তার গোলসংখ্যা ৯৪। অথচ এর আগে করেছিলেন ৫২ গোল। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মেসি ৩০ বছর বয়সের পর করেছেন ৬৮ গোল। ফলে রোনালদোর এই কীর্তি অতিক্রম করা সহজ হবে না। কারণ আন্তর্জাতিক ফুটবলে পুরো ক্যারিয়ার মিলিয়েও মাত্র চারজন ফুটবলার ৯৪ বা তার বেশি গোল করেছেন। যেসব ম্যাচে গোল করেছেন, সেই ম্যাচের সংখ্যায় শীর্ষে পর্তুগালের হয়ে ৯৬টি ভিন্ন ম্যাচে গোল করেছেন রোনালদো। দীর্ঘ সময় ধরে গোল করার ধারাবাহিকতারই প্রমাণ এই পরিসংখ্যান। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে রোনালদো ছাড়াও লিওনেল মেসি ও আলী দাইয়ি এই কীর্তি গড়েছেন। সর্বাধিক ভিন্ন জাতীয় দলের বিপক্ষে গোল পর্তুগালের হয়ে ৪৯টি ভিন্ন জাতীয় দলের বিপক্ষে গোল করেছেন রোনালদো। এ ক্ষেত্রে মেসির চেয়ে তিনটি বেশি দলের বিপক্ষে জালের দেখা পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে নতুন নতুন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হলেও রোনালদোর এই রেকর্ডে ভাগ বসানো সহজ হবে না। টানা বিভিন্ন বছরে গোল করার কীর্তি রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য রেকর্ড হলো, ২৩ বছরের প্রতিটি বছরেই তিনি গোল করেছেন। অর্থাৎ দুই দশকের বেশি সময় ধরে গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন পর্তুগিজ তারকা। এই রেকর্ড ভাঙতে হলে কোনো ফুটবলারকে খুব অল্প বয়সে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে শুরু করতে হবে এবং দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে গোল করে যেতে হবে। মাঝখানে কোনো বছর গোলশূন্য থাকা চলবে না। ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ইউরোর বিভিন্ন আসরে তার গোলসংখ্যা ১৪। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের মিশেল প্লাতিনি করেছেন ৯ গোল। স্পেনের আলভারো মোরাতা ও ইংল্যান্ডের হ্যারি কেইন সাতটি করে গোল নিয়ে পরের অবস্থানে রয়েছেন। রোনালদোর রেকর্ড ছাড়াতে তাদের আরও আটটি গোল করতে হবে। ইউরোতে সর্বোচ্চ ম্যাচ খেলা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর। এই প্রতিযোগিতায় তিনি মোট ৩০টি ম্যাচ খেলেছেন। একটি আসরে ফাইনাল পর্যন্ত পৌঁছালে কোনো দল সর্বোচ্চ সাতটি ম্যাচ খেলার সুযোগ পায়। ফলে রোনালদোর রেকর্ড ভাঙতে হলে কোনো খেলোয়াড়কে একাধিক আসরে অংশ নেওয়ার পাশাপাশি ধারাবাহিকভাবে দলকে শেষ পর্যায়ে নিয়ে যেতে হবে। এ কারণে রেকর্ডটি অতিক্রম করা বেশ কঠিন। বিশ্বকাপের ছয় আসরেই গোল বিশ্বকাপের ছয়টি আসরে অংশ নেওয়ার কীর্তি রয়েছে রোনালদো ও মেসির। তবে প্রতিটি আসরেই গোল করার দিক থেকে রোনালদো এগিয়ে। এই রেকর্ড ছুঁতে হলে একজন ফুটবলারকে দীর্ঘ সময় আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলতে হবে। পাশাপাশি তার দলকে ছয়টি বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করতে হবে এবং প্রতিটি আসরেই তাকে গোল করতে হবে। চার বছর পরপর অনুষ্ঠিত বিশ্বকাপের ছয়টি আসরে অংশ নেওয়াই বড় চ্যালেঞ্জ। এর প্রতিটিতে গোল করার কীর্তি গড়া যে আরও কঠিন, তা বলার অপেক্ষা রাখে না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে বাংলাদেশের একাদশে আরও একজন পেসার রাখার পক্ষে মত দিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তবে তার এই মতের সঙ্গে একমত নন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। বরং দুই পেসারের সঙ্গে তিন স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্তকেই সঠিক মনে করছেন তিনি। তৃতীয় দিন শেষে ম্যাচে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম দিন খেলা শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানিয়েছিলেন, একাদশে আরেকজন পেসার থাকলে দলের জন্য ভালো হতো। তবে কোচ সিমন্স মনে করেন, বর্তমান বোলিং সমন্বয়ই দলের জন্য উপযুক্ত। এ প্রসঙ্গে সিমন্স বলেন, দুই পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের প্রয়োজন বিবেচনা করেই। তার বিশ্বাস, দলের স্পিনারদের আরও ভালো পারফরম্যান্স দেখানোর সামর্থ্য রয়েছে। ঢাকায় এবং চলতি ম্যাচের প্রথম ইনিংসেও তারা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। আগেরবার পাকিস্তানের বিপক্ষে এই মাঠে স্পিনারদের ভালো পারফরম্যান্সের কথাও উল্লেখ করেন তিনি। দ্বিতীয় ইনিংসেও তিন স্পিনারের সামর্থ্য কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ কোচ। এদিকে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাওহিদ হৃদয়। তার ডাবল সেঞ্চুরি নিয়েও কথা বলেন সিমন্স। ব্যাটারদের নির্দিষ্ট কোনো নির্দেশনা না দিয়ে নিজেদের সামর্থ্য ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়ার কথা জানান তিনি। সিমন্স বলেন, মাঠে ব্যাটারদেরই নিজেদের দায়িত্ব নিতে হয় এবং পরিস্থিতি বুঝে বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হয়। কোচিং স্টাফের কাজ হলো খেলোয়াড়দের সেই আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ তৈরি করতে সহায়তা করা। তিনি আরও বলেন, এই ম্যাচের পরিস্থিতিতে ব্যাটারদের নিজেদের সামর্থ্য প্রমাণ করা প্রয়োজন ছিল। আগেরবার এই মাঠে লিটন দাসও সেঞ্চুরি করে একইভাবে দায়িত্ব পালন করেছিলেন। দলের বিশ্বাস ছিল, পরবর্তী ব্যাটাররাও সুযোগ পেলে দায়িত্ব নিয়ে ভালো করতে পারবেন।
জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড লাইনে অন্যতম ভরসা শেখ মোরসালিন। ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরু সাফে জাতীয় দলে তার পথচলা শুরু। গত পরশু ঢাকায় শুরু হওয়া সাফে মোরসালিন খেলতে পারেননি। আজ জাতীয় দলের অনুশীলনে সাংবাদিকদের মোরসালিন বলেন, ‘আগের সাফ থেকে আমার জাতীয় দলে ক্যারিয়ার শুরু হয়েছিল। তারপর থেকে আমরা ট্রফি নিতে পারিনি। সুতরাং আমি মনেপ্রাণে চেয়েছি যে পরবর্তী সাফে যেভাবে হোক ট্রফি নিতে চাই। বিশেষভাবে এটা আমার ইচ্ছা ছিল, এখনও আছে। সুযোগ পেলে আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের এবার ট্রফি নিতেই হবে। আমাদের ঘরের মাঠে খেলা, তাই এখন এটাই আমাদের সবার লক্ষ্য।’ মোরসালিন ভুটান ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি বলে জানা গিয়েছিল। এনিয়ে তিনি বলেন, ‘ইনজুরি না, আমার একটু জ্বর ছিল। আলহামদুলিল্লাহ আরও চার-পাঁচ দিন আগে আমি সেরে উঠেছি। তাই আমি এখন একদম শতভাগ ফিট, আশা করছি আমি সুযোগ পেলে ভালো করব ইনশাআল্লাহ।’ আন্তর্জাতিক ম্যাচে গোল করা বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্ট্রাইকারের অভাবে ভুটানের বিপক্ষে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলিয়েছেন কোচ থমাস ডুলি। মোরসালিন সুযোগ পেলে গোলখরা কাটাতে বদ্ধপরিকর, ‘অবশ্যই, আমি যখন যেখানেই যতটুকু সুযোগ পাই, সবসময় চেষ্টা করি শতভাগ দেওয়ার জন্য। তাই আমি সুযোগ পেলে আমার জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করবো।’ পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছে। বিশেষ করে প্রবাসী অনেক ভালো মানের ফুটবলার রয়েছে। এ নিয়ে বিচলিত নন বাংলাদেশের ফরোয়ার্ড, ‘আমরাও একমত যে শ্রীলঙ্কার দল আসলেই খুবই ভালো। তো আমরা কোনোভাবেই তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি, যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি। আমাদের আত্মবিশ্বাস এখন ভালো। সবাই ভালো একটা অবস্থানে আছে। আমরা আশা করছি জিতব এবং জেতার জন্যই আমরা পরের ম্যাচ খেলব ইনশাআল্লাহ।’ সাফে স্কোয়াড ২৮ জনের। কিন্তু হামজা চৌধুরী ও ফারহান আলী এখনও দলে যোগ দেননি। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এই দুজনের সম্পর্কে বলেন, ‘ফিফা উইন্ডো শুরু না হওয়ায় তারা আসতে পারেনি। হামজা চৌধুরী ও ফারহান আলী আগামী পরশুদিন ৯ তারিখ ঢাকায় আসবে ইনশাআল্লাহ। এবং আপনারা আগামী ৯ তারিখে প্র্যাকটিসে আসলেই তাদেরকে দেখতে পারবেন।’ তপু বর্মণের ইনজুরি সম্পর্কে ম্যানেজার জানান, বিদেশি ফিটনেস কোচ তার তত্ত্বাবধান করছেন।
ম্যানচেস্টার সিটিতে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। গত মৌসুমে সিটির হয়ে অধিকাংশ সময় বেঞ্চে কাটানোকে নিজের ক্যারিয়ারের অন্যতম কঠিন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন তিনি। নিয়মিত মাঠে থাকার সুযোগ পেতে গ্রীষ্মকালীন দলবদলে লিডস ইউনাইটেডে যোগ দেন এই গোলরক্ষক। ২০২৫ সালের জুলাইয়ে বার্নলি থেকে ট্রাফোর্ডকে আবার দলে ফেরায় ম্যানচেস্টার সিটি। এর আগে ২০২৩ সালে সিটির একাডেমি ছেড়ে চ্যাম্পিয়নশিপের দল বার্নলিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে সিটিতে ফেরার ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিএসজি থেকে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে ভেড়ায় ক্লাবটি। দোন্নারুম্মা দ্রুতই সিটির প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন। মৌসুমের শুরুতে তিনটি ম্যাচ খেললেও পরবর্তী ৩৫টি প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে শুরুর একাদশে সুযোগ পান ট্রাফোর্ড। ‘দ্য ফুটবল ইন্টারভিউ’ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ট্রাফোর্ড বলেন, মাঠে নামার সুযোগ না পাওয়ার অনুভূতি ছিল অত্যন্ত ভয়াবহ। কঠিন সময়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে মানসিকভাবে নিজেকে সামলে রাখতেন বলেও জানান তিনি। নিজের হতাশার কথা জানাতে নিয়মিত বাবা-মা, স্ত্রী ও বন্ধুদের ফোন করতেন এই গোলরক্ষক। ট্রাফোর্ডের মতে, একজন ফুটবলারের মানসিক সুস্থতা ও ক্যারিয়ারের উন্নতির জন্য নিয়মিত খেলার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে মাঠে নামতে না পারলে নিজের পরিচয় হারিয়ে ফেলার মতো অনুভূতি তৈরি হতো বলেও জানান তিনি। নিয়মিত একাদশে জায়গা পাওয়ার লক্ষ্যেই ম্যানচেস্টার সিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন তিনি। এর মধ্য দিয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এত দিন টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। দীর্ঘ আট বছর ধরে অক্ষত ছিল সেই রেকর্ড। তবে সিলেটের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে সেই রেকর্ড নিজের করে নেন হৃদয়। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের সামাল দেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজের ইনিংসকে আরও সমৃদ্ধ করেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত মুশফিকের ২১৯ রানের মাইলফলক ছাড়িয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছে যান। মুশফিকের রেকর্ড ভেঙে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন হৃদয়। হৃদয়ের রান এখন ২২৩। এর আগে মুশফিকের ছিল ২১৯। বাংলাদেশের রানও এখন ৩৬২। প্রথম ইনিংসে ৬ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অবৈধভাবে বসবাসকারী ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো যারা তা মানেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, কোন কোন সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে বা সাবলেট বাসিন্দা রয়েছেন, তা শনাক্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। ভাড়াটেরা কেন এখনো বাসা ছাড়েননি, সে বিষয়ে তাদের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটেরা চলে গেছেন কি না, তা যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে আবাসন পরিদপ্তর। এ জন্য ঢাকার বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় পাঁচটি তদন্ত দল কাজ করছে। দলগুলো সরেজমিনে তথ্য সংগ্রহ করে কারা বাসা ছেড়েছেন এবং কারা এখনো অবস্থান করছেন, তার তালিকা তৈরি করছে। ইতিমধ্যে কয়েকটি এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি। পরিদপ্তর সূত্র জানায়, তদন্ত শেষে পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হবে। যেসব সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে কিংবা সাবলেট বাসিন্দা রয়েছেন, মূলত তাদের বাসাগুলোতেই অভিযান পরিচালনা করা হবে। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের পরিবর্তে অন্যদের ভাড়া বা সাবলেট দিয়ে রাখার অভিযোগ রয়েছে। এ অনিয়ম বন্ধে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি আবাসন পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরকারি বাসা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যার নামে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, তাকেই সেখানে বসবাস করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দা পাওয়া গেলে সংশ্লিষ্ট চাকরিজীবীর বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়। সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ বিস্ফোরণ ঘটে। রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, দুর্বৃত্তরা স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই এলাকার ওমর আলীর ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, ১০ থেকে ১২ জন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার বাম পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির বড় ভাই সেকেন্দার শেখ জানান, একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ভাইয়ের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম পা ভেঙে যায়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, এ হামলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকায় অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ওসি। এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন। তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে থাকা কয়েকজনকে স্লোগান দিয়ে পরপর তিনটি বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুষ্টিয়া শহরে বাড়িতে একা থাকা এক বৃদ্ধাকে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অচেতন করার পর নগদ ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪৫ দশমিক ৭৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অলংকারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা। রোববার (৮ নভেম্বর) কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত ১৬ আগস্ট দুপুর ৩টা ১৩ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে একা ছিলেন এক বৃদ্ধা। দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পদার্থ প্রয়োগ করে তাকে অচেতন করে। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ওয়াসিফ বিল্লাহ কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বাদশাহ মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করেন। পরে শনিবার (৭ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী থানার নওদা হোগলবাড়িয়া (শুকুরকান্দি) এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নাঈম হোসেন, পারভীনা খাতুন ও ইন্তাদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারিকুল ইসলাম ও মিজানুর রহমানকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য অনুযায়ী বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় নিজ বাড়ি থেকে রেহা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা, এক জোড়া বালা, এক জোড়া কানটানা, দুটি আংটি এবং একটি গলার চেইন উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বর্ণের দোকানে পরীক্ষা করে উদ্ধার করা অলংকারগুলো প্রাথমিকভাবে স্বর্ণের বলে নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে এগুলোর ওজন ৪৫ দশমিক ৭৮ গ্রাম। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। চেতনানাশক পদার্থ প্রয়োগ করে বৃদ্ধাকে অচেতন করার পর স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।